a দ্বিতীয় ক্যাম্পাসের ২০০ একর জমি পুরোপুরি বুঝে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় 
ঢাকা বুধবার, ১১ চৈত্র ১৪৩২, ২৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দ্বিতীয় ক্যাম্পাসের ২০০ একর জমি পুরোপুরি বুঝে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় 


মুন্না শেখ, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৩ জুন, ২০২৫, ১১:৩৮
দ্বিতীয় ক্যাম্পাসের ২০০ একর জমি পুরোপুরি বুঝে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

ছবি সংগৃহীত

 

মুন্না শেখ, জবি প্রতিনিধিঃ কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য নির্ধারিত ২০০ একর জমির পুরোপুরি বুঝে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ ০৩ জুন, মঙ্গলবার অবশিষ্ট ১১ দশমিক ৪০ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে জমি অধিগ্রহণের এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়ায় পশ্চিমদী মৌজায় আয়োজিত জমি হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জমি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। জমি হস্তান্তর কার্যক্রম পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা। উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আব্দুল হালিমসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিকরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, "এই জমিটুকু আনুষ্ঠানিক হস্তান্তর বাকি ছিল। অবশেষে আমরা সেটাও বুঝে পেলাম। আরডিপিপিও অনুমোদন হয়েছে। আশা করি দ্রুতগতিতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হবে।"

উল্লেখ্য ২০১৭ সালের একনেক সভায় কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য ২০০ একর জমি বরাদ্দ হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৮৮ দশমিক ৬০ একর জমি বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসন। তবে অবশিষ্ট জমির হস্তান্তর বিলম্বিত হওয়ায় নির্মাণকাজে বাধা সৃষ্টি হচ্ছিল।

অবশেষে মঙ্গলবার জমি হস্তান্তরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রস্তাবিত ২০০ একর জমির পূর্ণ দখল বুঝে পেলো।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ ও মিছিল


সিয়াম, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৩ মে, ২০২২, ০৯:০২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ ও মিছিল

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটূক্তি ও অবান্তর মন্তব্যের প্রতিবাদে ও তাদের দৃষ্টানত মূলক শাস্তির দাবিতে ২৩ মে (সোমবার) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সোমবার (২৩ মে) সকালে  বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় ঘুরে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিজ্ঞান অনুষদ, ভিসি চত্বর, সমাজবিজ্ঞান অনুষদ হয়ে ভাষা শহীদ রফিক ভবনে এসে শেষ হয়। এ সময় জমায়েত হয়ে ছাত্রদলকে প্রতিহত করতে স্লোগানে স্লোগানে  মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস।

উক্ত সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন। এসময় তিনি বলেন, ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কটূক্তি করায় ছাত্রদলকে মাফ না চাওয়া পর্যন্ত জগন্নাথে অবাঞ্চিত ঘোষণা করা হল।

শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী সকলের উদ্দেশ্যে বলেন, আজ থেকে ছাত্রদল অবাঞ্চিত। আপনারা ছাত্রদলের অছাত্রদের দেখা মাত্রই প্রতিহত করবেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

কুরবানি আত্মত্যাগের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ০৯ জুলাই, ২০২২, ১১:১৫
কুরবানি আত্মত্যাগের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে এক বাণীতে তিনি এসব কথা বলেন।
 
রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ‘আজহা’ অর্থ কুরবানি বা উৎসর্গ করা। ঈদুল আজহা উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগ ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কুরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আমার ক্যাম্পাস

সর্বোচ্চ পঠিত - আমার ক্যাম্পাস

আমার ক্যাম্পাস এর সব খবর