a রিসোর্টকাণ্ডে অবশেষে রফিকুল চাকরিই হারালেন
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

রিসোর্টকাণ্ডে অবশেষে রফিকুল চাকরিই হারালেন


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ১০:৪৩
রিসোর্টকাণ্ডে অবশেষে রফিকুল চাকরিই হারালেন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ঘটনার পরদিন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে নেয়া হয়। এবার চাকরিই হারালেন। তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে। 

১৯ এপ্রিল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে কারণ হিসেবে বলা হয়, রফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাকে অবসর দেওয়া হল। তবে অবসরজনিত সুযোগ-সুবিধা তিনি পাবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রী নিয়ে যাওয়ার পর স্থানীয় একদল লোক তাকে আটকিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) সেখানে গিয়েছিলেন।
 
এরপর হেফাজতের নেতাকর্মী ও মাদ্রাসার কয়েকশ ছাত্র রয়েল রিসোর্টে হামলা করে এবং মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। সেদিন মামুনুলের পক্ষে হেফাজতের নেতারা থানায় অভিযোগ করলে সে অভিযোগ ওসি রফিক গ্রহণ করেছিলেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

র‍্যাবের দশম ডিজি হিসেবে ব্যারিস্টার হারুন অর রশিদের দায়িত্ব গ্রহণ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০৫ জুন, ২০২৪, ০২:৫৮
র‍্যাবের দশম ডিজি হিসেবে ব্যারিস্টার হারুন অর রশিদের দায়িত্ব গ্রহণ

ছবি: ব্যারিস্টার হারুন অর রশিদ


পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দশম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। আজ বুধবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হারুন অর রশিদকে র‍্যাবের ডিজি হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।

হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত ছিলেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন হারুন অর রশিদ। তিনি পুলিশের বিভিন্ন পদে চাকরি করেছেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৯ সালের ডিসেম্বর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

হারুন অর রশিদ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি থাকাকালে ২০১৯-২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পান । তিনি বাংলাদেশ পুলিশ পদকেও (বিপিএম) ভূষিত হয়েছিলেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নানান বর্ণিল আয়োজন, পটকা ও আতশবাজিতে নতুন বছর উদযাপন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫, ০৯:১১
নানান বর্ণিল আয়োজন, পটকা ও আতশবাজিতে নতুন বছর উদযাপন

ছবি সংগৃহীত: নতুন বর্ষবরণ ২০২৫

 

নিউজ ডেস্ক: বিদায় আরও একটি বছর। সঙ্গে নতুন সব আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলো নতুন বছর ২০২৫। পুরানো বছরকে বিদায় দিয়ে দু:খ-বেদনা দূরে রেখে নতুন উদ্যোমে, নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছি দেশবাসী।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাজধানীর সুউচ্চ ভবনের ছাদগুলো। পাশাপাশি ফুটতে থাকে পটকা। শব্দে প্রকম্পিত হয়ে যায় সারা ঢাকা শহর। অনেকে ভয়ে ঘরের দরজা-জানালা আটকিয়ে বসে থাকেন দূর্ঘটনা এড়াতে।

যদিও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দিয়েছিল। এর মধ্যে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয় কিন্তু তা মানেনি ঢাকাবাসী।

বিধিনিষেধ থাকলেও রাজধানীবাসী মহাধুমধামে আবার কোথাও স্বল্প পরিসরে আয়োজন করছে পার্টি। অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি আর কেক কাটাসহ বিভিন্ন ধরণের আয়োজনে মেতেছে।

তবে, রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নজরদারি রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টহলের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চালিয়েছে। আবার কোথাও কোথাও যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছিল।

নতুন বছর-২০২৫ উপলক্ষ্যে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক বাণীতে ড. ইউনুস বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা জোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করে তিনি বলেন, খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়