a বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না: তারেক রহমান
ঢাকা রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩, ১৯ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না: তারেক রহমান


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৮
 বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না: তারেক রহমান

ছবি সংগৃহীত

 

বিশেষ প্রতিনিধিঃ অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, ‘একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।’

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ–পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে আলোচনা–সমালোচনার মধ্যে সোমবার (২৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দুটি টার্মিনাল নিয়ে চুক্তির পাশাপাশি অন্তর্বর্তী সরকার ২০২৬ সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে।

তারেক রহমান বলছেন, দেশের জনগণের ওপর এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে। অথচ এমন একটি সরকার এসব কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, যাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে লেখা দীর্ঘ পোস্টে তিনি এই দুটি বিষয়ে প্রতিক্রিয়া জানান। পাঠকদের জন্য সম্পূর্ণ পোস্টটি ভাষান্তর করে তুলে ধরা হলো-

গাজীপুরের ছোট একটি পোশাক কারখানার মালিকের গল্প এটা। তিনি এক দশকেরও বেশি সময় ধরে তার ব্যবসা দাঁড় করিয়েছেন। কয়েক শ শ্রমিক রয়েছে। সীমিত আয়ে চলছে কারখানাটি। কিন্তু তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে নির্মম বিশ্ববাজারের সঙ্গে। একদিন, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই, পণ্যের দাম প্রতিযোগিতামূলক রাখার জন্য যেসব শুল্কসুবিধা একসময় তিনি পেতেন, তা নীরবে উঠে যায়। এর ফলে তার ক্রয়াদেশ ক্রমেই কমে যায়। বিপরীতে কারখানা খোলা রাখা, কর্মীদের বেতন দেওয়া এবং পরিবারকে নিরাপদে রাখার জন্য চাপ বেড়ে যায়।

এখন নারায়ণগঞ্জের একজন তরুণ স্নাতকের দিকে দেখি। তিনি তার পরিবারকে চরম অনিশ্চয়তায় ডুবতে দেখেছেন। তার বাবা একটি কারখানায় কাজ করেন। পরিবার চালাতে ওভারটাইমের ওপর নির্ভর করতে হয়। যখন রপ্তানির চাপ কমতে থাকে, শুরুতে ওভারটাইম উঠে যায়। এরপর শিফটে কাটছাঁট করা হয়। শেষে ছাঁটাই। এসব গল্প সংবাদের শিরোনাম হয় না। এগুলো সাধারণ ঘরের ভেতরকার নীরব সংকট।

যে সিদ্ধান্তের কারণে তাদের এমন দশা, সেই সিদ্ধান্ত নিতে তারা ভোট দেননি। এমনকি তাদের কখনো জিজ্ঞেসও করা হয়নি। তাদের কখনো আসল সংখ্যাটাও দেখানো হয়নি।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের বিষয়ে সরকারি বিবৃতি নিয়ে বিতর্ক যতটা হচ্ছে; প্রকৃতপক্ষে এটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

বিএনপি আগেও বলেছে, সময় নেওয়ার বিকল্পের পথে না গিয়ে ২০২৬ সালে উত্তরণের সময়সূচি এগিয়ে নেওয়া পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, অথচ তা নিচ্ছে এমন একটি অন্তর্বর্তী সরকার, যাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। তারপরও তারা এমন দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দিচ্ছে, যা দেশের অর্থনীতিকে বহু দশক ধরে প্রভাবিত করবে।

আমাদের বলা হয়েছে, দেরি করাটা ‘অসম্ভব’। এমনকি এটা পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করাটাও ‘অপমানজনক’ হবে। জাতিসংঘ বিবেচনা করবে না। কিন্তু আমরা সবাই যদি নিবিড়ভাবে দেখি—দেখব, ইতিহাস আরও জটিল গল্প বলছে।

অ্যাঙ্গোলা ও সামোয়ার মতো দেশগুলোর জন্য উত্তরণের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। জাতিসংঘের নিয়মও বলছে—কোনো দেশ অর্থনৈতিকভাবে ধাক্কা খেলে সময়সীমা নিয়ে নমনীয়তা দেখানো যায়। অর্থাৎ দেশের ভবিষ্যৎ গঠনে বাড়তি সময় চাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত।

তাহলে আমরা কেন বিকল্প না থাকার ভান করছি? কেন আমরা নিজেদের ভবিষ্যৎ সংকুচিত করছি?

আসলে বিকল্পটি প্রকাশ্যে বাতিল করে আমরা আমাদের নিজস্ব আলোচনার সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছি। আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার টেবিলে বসার আগেই আমরা আমাদের অবস্থান প্রকাশ করে দিচ্ছি। এতে দর–কষাকষির শক্তি দুর্বল হয়ে যাচ্ছে।

সরকারি নথিপত্রে বলা হয়েছে, দেশের ব্যবসায়ীরা এরই মধ্যে ব্যাংকিং খাতে চাপ, বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা, ঋণের ঝুঁকি বৃদ্ধি, রপ্তানি শ্লথ হয়ে আসার চাপ মোকাবিলা করছেন। এটা উত্তরণবিরোধী কোনো যুক্তি নয়। বাংলাদেশ এগিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু উত্তরণে ‘যোগ্য’ হওয়া আর ‘প্রস্তুত’ হওয়া এক জিনিস নয়।

আমি মনে করি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রকৃত জাতীয় শক্তিমত্তা নিয়ে সংশয়ে ভোগা উচিত নয়। আসল জাতীয় শক্তি হলো মূল্য অপরিবর্তনীয় হয়ে ওঠার আগেই কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করার শৃঙ্খলা থাকা।

এবার আসি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের বিষয়ে। সেখানে যা ঘটে, সেটা লাখ লাখ মানুষের জীবনে রাজনৈতিক বোলচালের চেয়েও বেশি প্রভাব ফেলে।

বন্দরের বিষয়ে সাম্প্রতিক দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলো নিয়মিত কাজের (রুটিন ওয়ার্ক) অংশ নয়। এগুলো একটি জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত প্রতিশ্রুতি। ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে ফেলার এসব সিদ্ধান্ত এমন একটি অন্তর্বর্তী সরকার নিয়েছে, যাদের কোনো ধরনের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই।

এলডিসি থেকে উত্তরণের বিষয়ে আমরা যেমনটা দেখেছি, চট্টগ্রাম বন্দরের বিষয়েও তা–ই দেখছি। সব কৌশলগত বিকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণের সমালোচনাকে ভালোভাবে নেওয়া হচ্ছে না। দ্রুততা ও অনিবার্যতার অজুহাত দেখিয়ে যৌক্তিক উদ্বেগগুলোকে উপেক্ষা করা হচ্ছে।

একটা কথা স্পষ্ট করা দরকার—এটা কারও প্রতি ব্যক্তিগত সমালোচনা নয়, কিংবা কাউকে আক্রমণ করার বিষয়ও নয়। বিষয়টা হলো—প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়া। সেসব নীতি রক্ষা করা, যা দেশের ভবিষ্যৎ কয়েক দশকের জন্য নির্ধারণ করে দেয়। এসব সিদ্ধান্ত সেই সরকারের নেওয়া উচিত, জনগণের কাছে যাদের জবাবদিহি রয়েছে।

কেউ বলছে না যে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ঘটবে না, কিংবা বন্দর সংস্কার করা উচিত না। যুক্তিটা আরও সহজ আরও মৌলিক—একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।

কৌশলগত ধৈর্য কখনোই দুর্বলতা নয়। জনগণের মতামত কোনো বাধা নয়। গণতান্ত্রিক বৈধতা মানে বিলম্ব নয়। আমার মতে—হয়তো এটাই এ পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য।

বাংলাদেশের মানুষ কখনো তাদের ভবিষ্যৎ নিয়ে নীরব থাকেনি। তারা সব সময় নিজেদের মর্যাদা রক্ষা, মতপ্রকাশ আর পছন্দ বেছে নেওয়ার বিষয়ে কষ্ট ও ত্যাগ স্বীকার করেছে। দেশের মানুষের চাওয়াটা সহজ—তাদের কথা শোনা হোক, তারা অংশ নিতে পারুক এবং তাদের সম্মান জানানো হোক।

এ কারণেই আমাদের অনেকেই ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছি। দেশের মানুষের কথা বলার, বেছে নেওয়ার এবং একটি সহজ সত্য নতুন করে প্রমাণ করার সুযোগ এটা। আর সত্যটি হলো—এ দেশের ভবিষ্যৎ তাদের দ্বারাই গঠিত হবে; যারা এখানে বসবাস করেন এবং বিশ্বাস করেন ‘সবার আগে বাংলাদেশ’। সূত্র: দৈনিক ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

অগ্রণী ব্যাংকের দীর্ঘ দিনের বকেয়া বিল প্রদান ও এজেন্ট সার্ভার চালুর দাবি


সাইফুল আলম, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০
অগ্রণী ব্যাংকের দীর্ঘ দিনের বকেয়া বিল প্রদান ও এজেন্ট সার্ভার চালুর দাবি

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  রাষ্ট্রীয় অগ্রণী ব্যাংক পিএলসি এর হঠকারী সিদ্ধান্তে গত ১৯ শে জুন ২০২৫ ইং হতে ৬ মাস ধরে এজেন্ট ব্যাংকিং সার্ভার বন্ধের প্রতিবাদে এবং অনতিবিলম্বে সকল দেনা পাওনা ক্ষতিপূরণসহ পরিশোধ করে রাষ্ট্রীয় অগ্রণী এর এজেন্ট সার্ভার চালুর দাবিতে আজ ০৩-১২-২০২৫ ইং বুধবার সকাল ১১:০০ ঘটিকায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হল, জাতীয় প্রেস ক্লাবে দীর্ঘ দিনের বকেয়া বিল প্রদান ও এজেন্ট সার্ভার চালুর দাবিতে এক “সংবাদ সম্মেলন” আয়োজন করে অগ্রণী ব্যাংকের সকল এজেন্ট উদ্যোক্তা।

লিখিত বক্তব্য দেন আহ্বায়ক মোঃ আবু সাইদ। তিনি বলেন, আমি নিম্নস্বাক্ষরকারী অগ্রণী ব্যাংকের এজেন্ট মালিক প্রতিনিধি। ২০১৬ সাল থেকে আমরা অগ্রণী ব্যাংক কর্তৃক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে ৫৬৭ জন এজেন্ট পয়েন্টের মাধ্যমে গ্রাম বাংলার বিভিন্ন ভাতা ভোগি, প্রবাসী, নারী, কৃষক, শ্রমিক, রেমিটেন্স গ্রহণকারী ও মেহনতি মানুষের ব্যাংকিং সেবা দিয়ে আসছি।

কিন্তু গত ২০ জুন ২০২৫ ইংরেজি তারিখে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক কোন প্রকার পূর্ব নোটিশ ব্যাতিরেখেই আমাদের এজেন্ট ব্যাংকিং সেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখে। ফলশ্রুতিতে দেশের প্রায় ১০.৫০ লক্ষ গ্রাহক, ৫ লক্ষ অনলাইন ব্যাংকিং গ্রাহক সেবা ও রেমিটেন্স প্রদানে এক চরম দুর্ভোগ পরিস্থিতিতে পড়ে এবং ৫৬৭ জন এজেন্ট ও ৩০০০ জন কর্মকর্তা কর্মচারীদের ভাগ্যে নেমে আসে অমাবস্যার ঘোর অন্ধকার।

পাশাপাশি প্রান্তিক এজেন্ট উদ্যোক্তাদের বিনিয়েগের কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়। এমতাবস্থায় এজেন্ট, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দেশের প্রচলিত আইন শৃঙ্খলা ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে আমরা গত ২৪/১১/২০২৫ইং অগ্রণী ব্যাংকের সারাদেশের সকল এজেন্ট উদ্যোক্তা চরম হতাশা ও ক্ষোভ নিয়ে ৫ম বারের মত টানা ১০ দিন ধরে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আমরণ অবস্থান কর্মসূচি পালন করছি।

উপস্থিত সকল সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং অনতিবিলম্বে সকল দেনা পাওনা ক্ষতিপূরণসহ পরিশোধ করে রাষ্ট্রীয় অগ্রণী এর এজেন্ট সার্ভার চালু করুন। তাহলে আমরা যারা সাধারন কর্মকর্তা আছি এবং উদ্যোক্তা আছি এবং এজেন্ট ব্যাংকার আছি আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারব।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

লকডাউনের কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত ঘোষণা


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০৯:২৪
লকডাউনের কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত ঘোষণা

সংগৃহীত ছবি

করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত চলমান বিধিনিষেধ বা লকডাউনের কারণে সারাদেশে মাধ্যমিকের (এসএসসি) ফরম পূরণ স্থগিত করা হয়েছে। এক্ষেত্রে বিলম্ব ফি ছাড়া পুনরায় ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

সোমবার (৫ এপ্রিল) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত করা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

সময় বাড়ানো নিয়ে তিনি জানান, অধিকাংশের ফরম পূরণ হয়ে গেছে। তবে যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে মাধ্যমিকের ফরম পূরণ শুরু হয়, যা ৭ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারাদেশে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা জারি করেছে সরকার। জরুরি ও সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিকের ফরম পূরণও স্থগিত ঘোষণা করা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অর্থনীতি