a নিরাপত্তা বাহিনীর রাজনৈতিক বিক্ষোভে বেশি বল প্রয়োগ নয়
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

নিরাপত্তা বাহিনীর রাজনৈতিক বিক্ষোভে বেশি বল প্রয়োগ নয়


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৮
নিরাপত্তা বাহিনীর রাজনৈতিক বিক্ষোভে বেশি বল প্রয়োগ নয়

ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ঠেকানো সরকারের জন্য গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনের শুরুতে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের সুযোগের ওপর গুরুত্বারোপ করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, ‘আগামী নির্বাচনের আগে মেরুকরণের পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করা এবং বিক্ষোভের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকা সরকারের জন্য গুরুত্বপূর্ণ।

মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক ও ভুক্তভোগীদের পরিবারকে তাদের কাজের জন্য প্রতিশোধ বা নিষেধাজ্ঞায় ফেলা উচিত হবে না। ’

ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ বলেন, সদ্যোবিদায়ি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত গত মাসে বাংলাদেশ সফরকালে সব ধরনের উদ্বেগের বিষয়ে আলোচনা করেছেন। অনলাইনে নিয়ন্ত্রণমূলক আইন বদলাতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর বাংলাদেশকে পরামর্শ দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, মিশেল বাশেলেত গত মাসের শেষ দিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দায়িত্ব শেষ করেন। নতুন হাইকমিশনার নিয়োগপ্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মানবাধিকারবিষয়ক দপ্তরের উপহাইকমিশনার নাদা আল-নাশিফ।

ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ গতকাল অধিবেশনের শুরুতে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে মানবাধিকার পরিষদকে অবহিত করেন। সেখানে অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ আসে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার গত মাসে প্রথমবারের মতো বাংলাদেশ এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তিনি বলেন, ‘সাবেক হাইকমিশনার (মিশেল বাশেলেত) সব ধরনের উদ্বেগের বিষয়ে কর্তৃপক্ষের (বাংলাদেশ) সঙ্গে আলোচনা করেছেন। অনলাইনে মত প্রকাশ ঘিরে নিয়ন্ত্রণমূলক আইনগুলো পর্যালোচনা করতে তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সহযোগিতা নেওয়ার প্রস্তাব দেন।’

ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ বলেন, সাবেক হাইকমিশনার আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা, বিশেষ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে গুমসহ মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ তদন্তে একটি স্বাধীন ও বিশেষায়িত কাঠামো প্রতিষ্ঠা করতে বাংলাদেশকে উৎসাহিত করেছেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত গত মাসে বাংলাদেশে চার দিনের সফর করেন। সফর শেষে গত ১৭ আগস্ট ঢাকায় সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার মতো গুরুতর অপরাধের অভিযোগগুলো নিয়ে গভীর উদ্বেগ জানান। একই সঙ্গে তিনি বলেন, ওই অভিযোগগুলোর স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং নিরাপত্তা খাতের সংস্কার হওয়া দরকার।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইন, প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইনসহ ‘ওভার দ্য টপ প্ল্যাটফরম (ওটিটি)’ সংক্রান্ত বিধি-বিধান আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ করার বিষয়েও আলোচনা করেছেন। বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় উপাত্ত সুরক্ষা আইনের খসড়াবিষয়ক ১০টি সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও সুপারিশ সরকারকে দিয়েছে। বর্তমান খসড়া আইনে পরিণত হলে মানবাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও দেখছে জাতিসংঘ।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস গতকাল গণমাধ্যমকে বলেন, ‘উপাত্ত সুরক্ষা আইন নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়ায় জাতিসংঘ বাংলাদেশ সরকারের প্রচেষ্টার অত্যন্ত প্রশংসা করেছে। উপাত্ত সুরক্ষা আইন নিয়ে জাতিসংঘ তার মন্তব্য জানিয়েছে।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, ‘আমরা ওই আইনটির সংশোধিত সংস্করণ এবং এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আরো সম্পৃক্ত হওয়ার অপেক্ষায় আছি।’ সূত্র: কালের কন্ঠ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আগামীকাল আসছেন ইইউর বিশেষ প্রতিনিধি: বিষয়বস্তু মানবাধিকার


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ০৯:০১
আগামীকাল আসছেন ইইউর বিশেষ প্রতিনিধি বিষয়বস্তু মানবাধিকার

ফাইল ছবি: (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। ৬ দিনের এই সফরে তিনি মানবাধিকারসহ নানা বিষয়ে আলোচনা করবেন। কথা বলবেন জ্যেষ্ঠ মন্ত্রী, কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও শ্রমিকনেতাদের সঙ্গে।

ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি এমন এক সময় ঢাকায় আসছেন, যখন বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে ঘিরে পশ্চিমা দেশগুলোর বিশেষ মনোযোগ এখন এই দিকে। তাঁর বাংলাদেশ সফরের ঠিক আগে ইইউর প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক মিশন ১৬ দিনের ঢাকা সফর শেষ করেছে। ফলে তাঁর এই সফরে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে।


কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আয়ারল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী ইমোন গিলমোর বাংলাদেশ সফরের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক করবেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইমোন গিলমোর। প্রাসঙ্গিকভাবে এসব আলোচনায় রাজনীতি ও নির্বাচনের প্রসঙ্গ আসতে পারে।

কূটনৈতিক একটি সূত্রে জানা যায়, ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফরের সময় সুশাসন পরিস্থিতি, নির্বাচন, নাগরিক অধিকারের চর্চা, সংখ্যালঘুদের অধিকার এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন।

খসড়া সূচি অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ইমোন গিলমোর। 

এ ছাড়া তিনি নাগরিক সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ২৭ জুলাই রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাবেন তিনি।

ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে চার বছরের মধ্যে এটি  ইমোন গিলমোরের দ্বিতীয় বাংলাদেশ সফর। তিনি ২০১৯ সালের জুনে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন। ওই সফর শেষে দেওয়া বিবৃতিতে ইমোন গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের তাগিদ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শ্রম অধিকারসহ মানবাধিকার হচ্ছে বাংলাদেশ–ইইউ সম্পর্ক এবং অস্ত্র ছাড়া সবকিছু বাণিজ্য কর্মসূচির গুরুত্বপূর্ণ উপাদান।

ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইইউ বাংলাদেশে সবার স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর ইইউর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি প্লাস পেতে হলে বাংলাদেশকে যেসব শর্ত পূরণ করতে হবে, তার অন্যতম হচ্ছে নাগরিক ও রাজনৈতিক অধিকার। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তা বাংলাদেশের জিএসপি প্লাস পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চীন ৩টি উপায়ে রাশিয়ার অর্থনীতির চাকা সচল রেখেছে


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩, ০৯:৪১
চীন ৩টি উপায়ে রাশিয়ার অর্থনীতির চাকা সচল রেখেছে

ফাইল ছবি

ইউক্রেনে যুদ্ধ শুরুর পরপরই পশ্চিমা দেশগুলোর নজীরবিহীন অবরোধের মুখে পড়ে রাশিয়া। ফলে বন্ধ হয়ে যায় দেশটির বেশির ভাগ আন্তর্জাতিক অর্থনৈতিক কর্মকাণ্ড।

তবে রাশিয়ার এই দুঃসময়ে এগিয়ে আসে চীন। রাশিয়ার দক্ষিণের এই প্রতিবশী আগেই ঘোষণা করেছিল যে দুই দেশের বন্ধুত্বের মধ্যে ‘কোনো সীমা নেই’। ফলে পশ্চিমা আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়ার যে মারাত্মক প্রভাব রাশিয়ার ওপর পড়ার আশঙ্কা ছিল, তা অনেকটাই ফিকে হয়ে আসে।

সিএনএন মতে, দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তা আরও একবার সবাইকে চোখে আঙুল দিয়ে দেখাতেই গত সপ্তাহে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করেন।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী এপ্রিল কিংবা মে মাসের শুরুর দিকে মস্কোতে একটি শীর্ষ বৈঠকে বসতে পারেন।

চীন হলো পৃথিবীর সবচেয়ে বড় পণ্যক্রেতা। অর্থ এবং প্রযুক্তির একটি শক্তিকেন্দ্রও এই দেশ। ফলে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাশিয়ার দিকে চীনের হাত বাড়িয়ে দেওয়ার মানেই হলো দেশটির অর্থনীতি ডুবে যাওয়া থেকে রক্ষা পাওয়া। তিনটি উপায়ে চীন এই কাজ করছে।

রাশিয়ার জ্বালানি কিনে নেওয়া:
মস্কোর বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের অবরোধের একটি বড় অস্ত্র ছিল রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা এবং এরপর তেলের দাম বেঁধে দেওয়া। এর বাইরে ছিল বৈশ্বিক লেনদেনব্যবস্থা সুইফট থেকে রাশিয়াকে বহিষ্কার এবং দেশের বাইরে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করা।

এসব পদক্ষেপের লক্ষ্য ছিল যুদ্ধের অর্থায়নে রাশিয়ার সক্ষমতা দুর্বল করে ফেলা।
এর প্রভাব কিন্তু ঠিকই পড়েছে। রাশিয়ার অর্থনীতি ২০২২ সালে মন্দার কবলে পড়ে। বিশ্বব্যাংকের সবশেষ হিসাব বলছে, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ওই বছরে ৪ দশমিক ৫ শতাংশ কমে যায়।

কিন্তু এই সময়ে উল্টো মস্কোর রাজস্ব বেড়ে গেছে বলে জানিয়েছে রাশিয়ার সরকার। আর এর কারণ হলো, জ্বালানির উচ্চ মূল্য এবং চীন ও ভারতের মতো ক্রেতা, যারা রাশিয়ার তেল কিনতে আগ্রহী, তাদের কাছে তেল বিক্রির ফলে পাওয়া পয়সা।

ইউরাশিয়া গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক নিল টমাস বলেন, ‘আমরা বলতে পারি, রাশিয়ার যুদ্ধকে আর্থিকভাবে সমর্থন করেছে চীন। তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য জোরদার করার ফলে মস্কোর সামরিক শক্তি কমানোর পশ্চিমা চেষ্টা শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়ে।’
নিল টমাস আরও বলেন, ‘সি চিন পিং আরও বেশি একঘরে হয়ে পড়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করতে চান।’ তাঁর মতে, মস্কোর এই অবস্থার কারণে চীনের পক্ষে সস্তায় রাশিয়ান তেল কেনা, আধুনিক সামরিক প্রযুক্তি সংগ্রহ করা এবং নিজেদের আন্তর্জাতিক স্বার্থের পক্ষে কূটনৈতিক সমর্থন জোগাড় করা সহজ হয়েছে।

চীন ও রাশিয়ার মধ্যে ২০২২ সালে বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছে। এই বছরে দুই দেশের মধ্যে ১৯ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।

সবচেয়ে বেশি বেড়েছে জ্বালানি তেলের ব্যবসা। গত বছরের মার্চ থেকে ডিসেম্বর সময়ের মধ্যে চীন রাশিয়ার কাছ থেকে ৫ হাজার ৬০ কোটি ডলারের অপরিশোধিত তেল কেনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এই সময়ে চীন এক হাজার কোটি ডলারের রুশ কয়লা আমদানি করে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ছিল ৫৪ শতাংশ।

তবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটেছে পাইপলাইনের মাধ্যমে পাওয়া গ্যাস এবং তরলীকৃত গ্যাসের বাণিজ্যের ক্ষেত্রে। এই সময়ে চীন রাশিয়ার কাছ থেকে ৯৬০ কোটি ডলার দিয়ে এই দুটো পণ্য কেনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫৫ শতাংশ বেশি।

দুই দেশই এসব কেনাকাটা থেকে লাভবান হয়েছে। রাশিয়ার প্রয়োজন ছিল জীবাশ্ম জ্বালানির জন্য নতুন গ্রাহক। আর চীনের দরকার ছিল সস্তায় জ্বালানি, বিশেষ করে যখন তার অর্থনীতি শ্লথ হয়ে পড়ছিল।

চীন ও রাশিয়া এখন তাদের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ করতে পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার গ্রাজপ্রম এবং চীনের ন্যাশনাল প্রেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে একটি চুক্তি, যার আওতায় রাশিয়া আগামী ২৫ বছর চীনের কাছে আরও বেশি গ্যাস সরবরাহ করবে।

পশ্চিমা আমদানির বিকল্প:
চীনের কাছে তেল বিক্রি যেমন চলছে, তেমনই রাশিয়াও চীনের কাছ থেকে বিপুল পরিমাণ যন্ত্রপাতি, ইলেকট্রনিকস, বিভিন্ন ধরনের ধাতু, যানবাহন, জাহাজ এবং উড়োজাহাজ কিনছে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের করা এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইউরাশিয়া গ্রুপের নিল টমাস বলেন, চীন যদিও যুদ্ধে রাশিয়াকে সরাসরি সমর্থন জানায়নি, তারপরও দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েই চলবে। কারণ, বেইজিং আসলে সুযোগসন্ধানী।

অন্যদিকে, রাশিয়ারও গাড়ি কিংবা ইলেকট্রনিকসের মতো পণ্যের জন্য বিকল্প উৎস দরকার হয়ে পড়েছিল। তারা আর পশ্চিমা বিশ্ব থেকে এগুলো কিনতে পারছিল না।
আর এ ক্ষেত্রে চীনকে টেক্কা দেওয়ার সামর্থ্য খুব কম দেশেরই রয়েছে, কারণ চীনের রয়েছে বিশাল উৎপাদনব্যবস্থা’, বলেন মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের সহযোগী অধ্যাপক আনা কিরিভা।

রাশিয়ার গবেষণা প্রতিষ্ঠান অটোস্ট্যাটের সাম্প্রতিক তথ্য বলছে, পশ্চিমা বিভিন্ন গাড়ির বিক্রি বন্ধ হওয়ার পর দেশটিতে চীনের ব্যান্ড হ্যাভেল, চেরি এবং গিলির বিক্রি এক বছরে ১০ থেকে ৩০ শতাংশ বেড়ে যায়। এই হার আগামী সময়ে আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২১ সালে রাশিয়ার স্মার্টফোনের বাজারের ৪০ শতাংশ ছিল চীনা ব্র্যান্ডের হাতে। এক বছর পর রাশিয়ার স্মার্টফোনের বাজার এখন বলা যায় পুরোটাই চীনের দখলে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট বলছে, রাশিয়ার বাজারের ৯৫ শতাংশ স্মার্টফোনই চীনের তৈরি।

মার্কিন ডলারের বিকল্প:
সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বের করে দেওয়ার পর ডলার বাদ দিয়ে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করা শুরু করে মস্কো।

চীনের সঙ্গে বাণিজ্য বেড়ে যাওয়ায় রাশিয়ার কোম্পানিগুলো আরও বেশি করে ইউয়ান ব্যবহার করছে। আনা কিরিভা বলছেন, অবরোধ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে রাশিয়ার ব্যাংকগুলো আরও বেশি লেনদেন এখন ইউয়ানে করছে।

মস্কো এক্সচেঞ্জকে উদ্ধৃত করে রাশিয়ার গণমাধ্যম জানাচ্ছে যে ২০২২ সালের জানুয়ারি মাসে যেখানে বৈদেশিক মুদ্রার বাজারে ইউয়ানের লেনদেন ছিল এক শতাংশের কম, সেখানে নভেম্বরে এটি বেড়ে দাঁড়ায় ৪৮ শতাংশে।

সুইফটের তথ্য বলছে, গত জুলাই মাসে যে তিনটি দেশে ইউয়ানের কেনাবেচা সবচেয়ে বেশি হয়েছিল, রাশিয়া ছিল তাদের একটি। বাকি দুটো ছিল হংকং এবং যুক্তরাজ্য। সেই থেকে এখনো রাশিয়া প্রথম ছয়টি দেশের মধ্যে রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া শীর্ষ ১৫ দেশের মধ্যেও ছিল না।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় ইউয়ানের রিজার্ভ বাড়িয়ে দ্বিগুণ করেছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২০২৩ সালে রাশিয়া শুধু ইউয়ান কিনবে। আনা কিরিভা বলছেন, আগামীতে রাশিয়ার বৈদেশিক বাণিজ্য আরও বেশি ডলারবিহীন হবে।

তবে চীন–রাশিয়ার এই অর্থনৈতিক সম্পর্কে যে একেবারে কোনো ঠোকাঠুকি নেই, তা বলা যাবে না।

খবর পাওয়া গেছে যে চীনের লেনদেনব্যবস্থা ইউনিয়নপে রাশিয়ার ব্যাংকগুলো থেকে ইস্যু করা কার্ড গ্রহণ বন্ধ করে দিয়েছে। রাশিয়ার সংবাদপত্র কোমারসান্ত বলছে, এটা করা হয়েছে আন্তর্জাতিক অবরোধে পড়ার ভয় থেকে। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়