a
ফাইল ছবি
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে— উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উপকূলীয় অন্ধপ্রদেশ ও এর কাছাকাছি উড়িষ্যা এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। খবর বাসস
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
পরবর্তী দুদিনে আবহাওয়া পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার সম্ভাবনা নেই। পরের পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
নিউজ ডেস্ক, ঢাকা: পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার শ্রেণীতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে “জাতীয় পরিবেশ পদক-২০২৪” অর্জন করেছে পরিবেশবাদী সংগঠন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষায় গবেষণা, এডভোকেসি, নেটওয়ার্কিং, দক্ষতাবৃদ্ধিমূলক কর্মসূচির পাশাপাশি ও জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশ বিষয়ক শিক্ষা সম্প্রসারণ ও প্রচারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডাব্লিউবিবি ট্রাস্ট- এ রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছে।
আজ সকাল ১০.০০ টায় শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাতীয় পরিবেশ পদক ২০২৪ এর বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেন। ডাব্লিউবিবি ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা পদকটি গ্রহণ করেন সংস্থার পরিচালক গাউস পিয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। আরো উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া , পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং অন্যান্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ । “জাতীয় পরিবেশ পদক ২০২৪” প্রদানের পাশাপাশি সৈয়দা রিজওয়ানা হাসান “বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরষ্কার, ২০২৫” ও “বৃক্ষরোপণ জাতীয় পুরষ্কার, ২০২৪” প্রদান এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন।
ডাব্লিউবিবি ট্রাস্ট ছাড়াও পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ব্যক্তি পর্যায়ে চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার মোহাম্মদ মুনীর চৌধুরী, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে ব্যক্তি পর্যায়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা মো. মাহমুদুল ইসলাম এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে ব্যক্তি পর্যায়ে প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ এবং প্রতিষ্ঠান পর্যায়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পদক পেয়েছেন। জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত প্রত্যেক বিজয়ীকে ২২ ক্যারেট মানের দুই ভরি ওজনের স্বর্ণালংকারের সমমূল্যের আর্থিক পুরস্কার, ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট বর্তমানে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গবেষণা, এডভোকেসি, নেটওয়ার্কিং, দক্ষতাবৃদ্ধি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশকে প্রাধান্য দিয়ে ডাব্লিউবিবি ট্রাস্ট- এর উল্লেখযোগ্য কার্যক্রমসমুহের মধ্যে রয়েছে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শব্দের মান মাত্রা পরিমাপ, শব্দদূষণের উৎসসমূহ চিহ্নিতকরণ এবং নিয়ন্ত্রণ; কার্বন নিঃসরণ ও শব্দদূষণ হ্রাসে ব্যক্তিগত যান্ত্রিক যান নিয়ন্ত্রণ এবং হাঁটা ও সাইকেলবান্ধব পরিবেশ গড়ে তোলা; কৃষকের বাজার গড়ে তোলার মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণ ও উত্তম কৃষি চর্চাকে উৎসাহ প্রদান; জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ; আরবান গার্ডেনিংয়ের মাধ্যমে নগর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছাদ বাগানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করা; পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে জলাশয় সংরক্ষণ; নগর উন্নয়ন পরিকল্পনায় মাঠ,পার্ক, উন্মুক্ত স্থান এবং গণপরিসরকে প্রাধান্য দেওয়ার বিষয়ে সংবেদনশীল করে তোলা; প্লাষ্টিক ও পলিথিন নিয়ন্ত্রণ; পানির অধিকার রক্ষা এবং এলাকাভিত্তিক খেলাধূলার সুযোগ তৈরিসহ বিভিন্ন বিষয়ে সংস্থাটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
ফাইল ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাতেও বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এর নাম হবে ‘গুলাব (গোলাপ)’। এটি পাকিস্তানের দেওয়া নাম।
ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মোটামুটি নিশ্চিত যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। এটি আজ সন্ধ্যার দিকে অথবা রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তিনি বলেন, এটা হবে একটি স্বল্প শক্তির ঘূর্ণিঝড়, যার গতিবেগ হবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। এটি মূলত ভারতের উড়িষ্যায় আঘাত হানবে।
বাংলাদেশে ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ এরই মধ্যে তাদের ওয়েবসাইটে একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের আগমন সম্পর্কে সতর্ক করে দিয়েছে। এ সংক্রান্ত তাদের একটি আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, শনিবারের মধ্যেই নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে, রবিবার রাত নাগাদ এটি অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চল এবং উড়িষ্যা দক্ষিণাঞ্চল অতিক্রম করবে। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানান, তারা মোটামুটি নিশ্চিত যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, এটি আজ সন্ধেবেলা অথবা রাত নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এটি মূলত ভারতের উড়িষ্যায় আঘাত হানবে বলে জানান তিনি। বাংলাদেশে ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তবে এটা হবে একটি স্বল্প শক্তির ঘূর্ণিঝড়, যার গতিবেগ হবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত।
বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ। দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানেলকে বলা হয় WMO/ESCAP।
এর আগে ঝড়গুলোকে নানা নম্বর দিয়ে শনাক্ত করা হতো। কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হতো। ফলে সেগুলোর পূর্বাভাস দেয়া, মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো। এ কারণে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঝড়ের নামকরণ শুরু হয়। এবারকার 'গুলাব' নামটি পাকিস্তানের প্রস্তাব করা।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এ পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং সকাল ৬ টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল রোববার (২৬ সেপ্টেম্বর) সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।