a
ফাইল ছবি । সৈয়দ বোরহান কবীর
লকডাউনের ঢাকায় তীব্র যানজট। মন্ত্রী আয়েশে কথা বলছেন মোবাইলে। সারা দিন সুনসান কক্ষে নিয়মনীতির জীবন থেকে একটু নস্টালজিক হতে চাইলেন মন্ত্রী। গাড়ির জানালাটা খুলে দিলেন। আচমকা ফোন নিয়ে দৌড় দিল এক দুষ্ট। মন্ত্রীর গাড়িতে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকেন। তিনি কী করলেন জাতি জানে না। ঘটনা ৩০ মের। এক সপ্তাহ পর মন্ত্রী নিজেই একনেকের বৈঠক শেষে জানালেন, এখনো তিনি তাঁর মোবাইল ফোন ফেরত পাননি। মন্ত্রীর মোবাইল অতীব গুরুত্বপূর্ণ একটি বস্তু। মন্ত্রীর হাত থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়া তার চেয়েও গুরুত্বপূর্ণ ঘটনা। এভাবে প্রকাশ্যে যদি মন্ত্রীর ফোন ছিনতাই হয় তাহলে তো মন্ত্রীও অরক্ষিত। ভাগ্যিস স্বয়ং মন্ত্রীকেই ছিনতাই করা হয়নি। এই মন্ত্রী অবশ্যই ভাগ্যবান। ১৯৭৩ সালে বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন।
১৯৭৫-এর ১৫ আগস্টের পর তিনি নানা পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যে সময় জাতির পিতার হত্যার বদলা নিতে বঙ্গবীর কাদের সিদ্দিকী অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। যখন জাতির পিতার ঘনিষ্ঠ রাজনৈতিক শিষ্য তোফায়েল আহমেদ সামরিক স্বৈরাচারের নির্মম নির্যাতনে ক্ষতবিক্ষত হয়ে কারাপ্রকোষ্ঠে। আওয়ামী লীগের তরুণ নেতা জাহাঙ্গীর কবির নানক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় তাঁকে গ্রেফতার করা হয়। ফ্যানের সঙ্গে ঝুলিয়ে তাঁকে পিটিয়ে মুমূর্ষু করার সেই সময় এই মন্ত্রী অসাংবিধানিক সরকারের একান্ত অনুগত চাকুরে। তাঁর দীর্ঘ পেশাগত জীবনে তিনি জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ এবং বেগম জিয়ার সঙ্গে কাজ করেছেন নিপুণ দক্ষতায়। কিশোরগঞ্জ জেলা প্রশাসক, এনজিও ব্যুরোর মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার যুগ্মসচিবসহ নানা আকর্ষণীয় পদে তিনি তরতর করে উন্নতি করেছেন। ২০০৫ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ওই সময় একজন পাগলও জানত বিএনপি-জামায়াত জোট সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। ২০০১ সাল থেকে বিএনপি-জামায়াত যে দুঃশাসন চালিয়েছে, তা প্রতিরোধ করতে মানুষ মুখিয়ে। বাংলাদেশের আমলারা দেশের ভবিষ্যৎ নিয়ে দূরদর্শী চিন্তা করতে না পারলেও নিজেদের আয়-উন্নতির ভবিষ্যৎ পরিকল্পনায় সিদ্ধহস্ত। বারবার এটি প্রমাণিত।
এরশাদের আস্থাভাজন এবং বিশ্বস্ত আমলা প্রয়াত এম কে আনোয়ার ও কেরামত আলী যেমন বিএনপিতে যোগ দিয়ে নিজেদের অবসর-উত্তর জীবনের জন্য অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বৈরাচারের দোসর হয়েও তারা বিএনপির ‘গণতান্ত্রিক’ জমানায় গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছিলেন। তেমনি আমাদের পরিকল্পনামন্ত্রী হিসাবে পাকা। ২০০৫ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে তিনি ২০০৮ সালের নির্বাচনে এমপি হন। ২০১৪ সালে প্রতিমন্ত্রী। ২০১৯ সালে পূর্ণমন্ত্রী। আমলাতন্ত্রে পদোন্নতি প্রক্রিয়া তাঁর অবসর জীবনেও অব্যাহত থাকে। তাই তিনি সদা হাস্যময়, সর্বতো বিরাজমান। বাজেটের দিন বাজেট দিলেন অর্থমন্ত্রী। কিন্তু সব টেলিভিশন চ্যানেলে দেখা গেল পরিকল্পনামন্ত্রীর সরব উপস্থিতি। ভাগ্যিস মন্ত্রীর সেদিন মোবাইলটাই ছিনতাই হয়েছিল। উনি নিজে যদি অপহৃত হতেন তাহলে বাজেট-পরবর্তী এত কথা কে বলতেন?
বাংলাদেশের আমলারা বিভিন্নকালে কিম্ভূত সব আবিষ্কার করেন। জিয়ার আমলে এক আমলা জিয়াকে খুশি করতে ‘জাতীয় পোশাক’ আবিষ্কার করেছিলেন। সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের স্যুট-টাইয়ের বদলে জিয়ার পোশাকের আদলে সাফারি পরার নির্দেশ দিয়েছিলেন। এরশাদের আমলে আমলাদের বাড়বাড়ন্ত ছিল চোখে পড়ার মতো। বেগম জিয়ার আমলে একদা চৈনিক বাম আমলা বিভিন্ন সেক্টর করপোরেশনে বিশেষায়িত পদে আমলার অনুপ্রবেশ তত্ত্ব আবিষ্কার করেন। ২১ পর বছর আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব পায় ১৯৯৬ সালে। গণঅভ্যুত্থানে পতন হয় বেগম জিয়ার। এক ভুতুড়ে নির্বাচনের মাধ্যমে কয়েক দিনের এক নৈশ সংসদে বেগম জিয়া নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাস করে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। জনতার আন্দোলনের ফসল ঘরে তোলেন গুটিকয় আমলা। জনতার মঞ্চে এসেই তারা বাজিমাত করেন। এই দলের শিরোমণি আমলাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। দ্রুত তিনি আমলার পোশাক ছেড়ে রাজনৈতিক নেতা হিসেবে আবিভর্‚ত হন। প্রতিমন্ত্রী হন। এই আমলা এখনো প্রবহমান নদীর মধ্যেই বহতা। তিনিও এক আবিষ্কারের জন্য অমর হয়ে থাকবেন। রানা প্লাজা দুর্ঘটনার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন বিরোধী দলের নেতা-কর্মীরা রানা প্লাজার পিলার ধরে টানাহেঁচড়া করেছিল। এজন্যই রানা প্লাজা নাকি ধসে পড়েছিল। আমলারা পারেনও বটে।
২০০১ বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে আমলাদের ব্যাপক ক্ষমতায়ন হয়। এ সময় রাজনৈতিক কর্মীদের ভূমিকায় দেখা যায় আমলাদের। এ ধারা এখনো অব্যাহত। শুধু পার্থক্য হলো বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের সঙ্গে চুল পরিমাণ সম্পর্ক থাকে, চৌদ্দগুষ্টিতে কেউ আওয়ামী লীগ করে এমন সবাইকে হয় চাকরি থেকে বিদায় অথবা নীলডাউন করার মতো ওএসডি করা হয়েছে। আওয়ামী লীগ এসব ব্যাপারে উদার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বিএনপি-জামায়াতপন্থি আমলারাও ঝটপট দ্রুত পদোন্নতি পান। আওয়ামীপন্থি আমলার আত্মীয়ও (বেয়াই) সচিব হন। আওয়ামীপন্থি আমলার বিশ্ববিদ্যালয়ের দোস্ত, তাই ছাত্রদল করেও কেউ সচিব হন।
আওয়ামী লীগ আমলে বরং ছাত্রলীগ করে সরকারি চাকরিতে এসেছেন এমন অনেকেই অবিচার এবং অবমূল্যায়নের শিকার হন। সে অন্য প্রসঙ্গ। আমি বলতে চাইছিলাম আমলাদের কর্তৃত্ববাদী হয়ে ওঠার ধারাবাহিকতা। সব সরকারের আমলেই আমলারা নিজেদের বলয়, প্রভাব এবং কর্তৃত্ব অব্যাহত রেখেছে। এখন তা এমন পর্যায়ে চলে গেছে যে আমলারা যেন গোটা সরকারকে গিলে ফেলেছে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাকি আমলা লীগ ক্ষমতায় সে প্রশ্ন উঠেছে। এ নিয়ে যখন চারদিকে কথাবার্তা ঠিক তখন মন্ত্রিসভায় আমলাদের অন্যতম প্রতিনিধি বললেন, ‘আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে এবং থাকবে। ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি।’ ৮ জুন একনেকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমিও ছোটখাটো আমলা ছিলাম, এখন বড় আমলা।’
ফেরাউন নিকৃষ্ট স্বৈরাচার, জঘন্য, পাপিষ্ঠ একনায়ক। আল কোরআনে বিভিন্ন স্থানে ৬৭ বার ফেরাউন প্রসঙ্গ এসেছে। সুরা ইউনুসের ৮৩ নম্বর আয়াতে ফেরাউনকে ‘ন্যায় লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফেরাউনের উদাহরণ মন্ত্রী কেন দিলেন? এটি অজ্ঞতা নাকি সুপ্ত ষড়যন্ত্রের অসতর্ক প্রকাশ? পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার কেন ‘আমলাতন্ত্র’ উৎখাত করবে? বাংলাদেশের ইতিহাস বিশ্লেষণ করলেই দেখা যায়, যখনই অনির্বাচিত একনায়করা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করেছে, তখন তারা আমলানির্ভর হয়েছে। আমলা বা সরকারি কর্মচারী, রাষ্ট্রের অনিবার্য অনুষঙ্গ। কেউ আমলাদের বিলোপ চায়নি। কিন্তু আমলাদের সর্বগ্রাসী রূপ গণতন্ত্র এবং জনঅধিকারের জন্য ক্ষতিকর, হুমকি। একটি দেশে গণতন্ত্র যত বেশি বিকশিত, আমলাতন্ত্র ততটাই নিয়ন্ত্রিত। গণতান্ত্রিক ব্যবস্থা হলো একটি ভারসাম্যমূলক শাসনব্যবস্থা। এখানে ক্রিয়াশীল প্রত্যেকের নিজস্ব বৃত্ত থাকে। একে অন্যকে জবাবদিহির ব্যবস্থা থাকে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এর মাধ্যমেই গণতন্ত্রে জনগণের ক্ষমতায়ন ঘটে। আমলারা যখন জবাবদিহির ঊর্ধ্বে চলে যান, সবকিছুর নিয়ন্ত্রক হন তখন তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ান। বাংলাদেশে আমার মতো অনেকেই বিশ্বাস করেন, আমলারা ক্রমে তাদের গন্ডি অতিক্রম করেছেন। একটি রাজনৈতিক সরকার যখন আমলাদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যায় তখন গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ দুর্বল হয়ে যায়। এটিই আমাদের আশঙ্কার জায়গা।
ফেরাউনের মতো অত্যাচারী, ঘৃণিত, সীমা লঙ্ঘনকারীরা তো চাটুকার, স্তাবক আমলাদের ওপর নির্ভরশীল হবেই। একটি জনগণের সরকার কখনো তা হবে না। যেমন হননি জাতির পিতা বঙ্গবন্ধু। স্বাধীনতার পর বঙ্গবন্ধু আমলাদের জনগণের সেবক করতে চেয়েছিলেন। জনগণের ক্ষমতায় বিশ্বাসী জাতির পিতা ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনসে প্রদত্ত এক ভাষণে বলেছিলেন, ‘আজ আমরা যারা এখানে আছি, তারা সরকারি বা বেসরকারি কর্মচারী। পুলিশ, সামরিক বাহিনী, বর্ডার গার্ড, রক্ষীবাহিনী বা আনসার যা-ই আমরা হই না কেন, সবাই এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়েই চলি এবং সবাইকে রাখা হয়েছে জনগণের সেবা করার জন্য।’ বঙ্গবন্ধু এটাই বিশ্বাস করতেন। বঙ্গবন্ধু যা বিশ্বাস করবেন তা তিনি যে কোনো ত্যাগ স্বীকার করে হলেও আদায় করতেন। আজকের এই বাংলাদেশ তার প্রমাণ। আমলাদের ‘জনগণের সেবক’ বানাতে চেয়েছিলেন জাতির পিতা। ফেরাউনের মতো ঘৃণিতরা আমলাতন্ত্রকে ক্ষমতাবান করে আর বঙ্গবন্ধুর মতো মহামানবরা আমলাতন্ত্রের ‘চেতনা’ পাল্টে দেওয়ার কাজ শুরু করেছিলেন।
বাকশাল যদি বাস্তবায়ন হতো তাহলে আমলারা আজকের মতো ফুলে ফেঁপে উঠতেন না। চতুর্থ সংশোধনী পাসের দিন জাতীয় সংসদে প্রদত্ত ভাষণে জাতির পিতা সে রূপরেখাও দিয়েছিলেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সরকারি কর্মচারী, মন্ত্রী, প্রেসিডেন্ট- আমরা জনগণের সেবক, আমরা জনগণের মাস্টার নই।’ এজন্যই জেলা গভর্নরের দায়িত্ব বঙ্গবন্ধু রাজনীতিবিদদের দিয়েছিলেন, আমলাদের দেননি। জাতির পিতা যদি আর কিছুদিন দেশটা গোছাতে পারতেন, যদি তিনি তাঁর দ্বিতীয় বিপ্লব সফল করতে পারতেন তাহলে হয়তো মন্ত্রী এ রকম দম্ভভরে আমলাদের জয়গান করতে পারতেন না। তাহলে হয়তো আমলারা মাস্টার থাকতেন না, সেবকই হতেন। ’৭৫-এর পর আমলারা পরগাছার মতো রাষ্ট্রব্যবস্থায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। আমলাতন্ত্রকে কেউ অস্বীকার করে না। মৌর্য সাম্রাজ্যেও আমলাতন্ত্র ছিল। কিন্তু এ রকম একচ্ছত্র আমলানির্ভর ছিল?
ড. আকবর আলি খান ‘অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি’ শিরোনামে গ্রন্থে বাংলাদেশের আমলাতন্ত্র সম্পর্কে চমকপ্রদ কিছু কথা লিখেছেন। ‘বর্তমানে আইনত বিসিএস অ্যাডমিন ক্যাডারের সদস্যরা পাকিস্তানের সিএসপিদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন।’ (পৃষ্ঠা : ২৪৬)। সরকারি আমলারা ক্ষমতাবান হচ্ছেন প্রতিদিন। এ নিয়ে কথাবার্তাও কম হচ্ছে না। তার পরও আমলারাই সবকিছু দখল করে নিচ্ছেন। সরকারি চাকরি থেকে অবসরের পর নানাভাবে রাষ্ট্র ও সরকারের সঙ্গে তাদের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে না। এখন সরকারের শীর্ষ আমলাদের প্রায় সবাই চুক্তিতে। এখন চুক্তিভিত্তিক আমলাতন্ত্র চলছে দেশে। আর যারা চুক্তিতে থাকতে পারছেন না তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই।
বর্তমানে দেশের সব সাংবিধানিক এবং গুরুত্বপূর্ণ পদ আমলাদের দখলে চলে গেছে। নির্বাচন কমিশন থেকে পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন থেকে তথ্য অধিকার কমিশন- সর্বত্র আমলারা চেয়ার দখল করে রেখেছেন। উপজেলা চেয়ারম্যানরা ঠুঁটো জগন্নাথ, ক্ষমতা সব উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে। জেলার রাজা ডিসি। এখন আবার পৌরসভাও আমলাদের কর্তৃত্বে চলে যাচ্ছে। পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা পদ সৃষ্টি করা হচ্ছে বলে পত্রিকায় খবর বেরিয়েছে।
মাননীয় মন্ত্রী বলবেন কি এমন সর্বগ্রাসী আমলাতন্ত্র বিশ্বে কোন দেশে আছে? আচ্ছা ধরে নিলাম আমাদের রাজনীতিবিদরা মূর্খ, লেখাপড়া জানেন না। এজন্যই চালকের আসনে আমলাদের বসানো হয়েছে, ভালো কথা। কিন্তু আমলারা জবাবদিহির ঊর্ধ্বে চলে যান কীভাবে? আমলারা দুর্নীতি করলে তার বিচার করা যাবে না। আইন করে বিচার বন্ধ করা হয়েছে। আমলারা যৌন কেলেঙ্কারি করবেন, তাদের বিভাগীয় তদন্ত হবে। ফৌজদারি মামলা করা যাবে না। জামালপুরের এক ডিসির নারী কেলেঙ্কারি নিয়ে সারা দেশে তোলপাড় হলো। কিন্তু শাস্তি হলো পদাবনতি। কি আশ্চর্য! বাগেরহাটের আরেক জেলা প্রশাসকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগের পর তাকে শুধু বদলি করা হলো। দুর্নীতি দমন কমিশনে যেতে হয় না দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আমলাকে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, আমলারা কি সবকিছুর ঊর্ধ্বে? ধরাছোঁয়ার বাইরে। আর এ রকম আমলাতন্ত্রের পক্ষে সাফাই গেয়ে পরিকল্পনামন্ত্রী ফেরাউনের উদাহরণ দেন, তখন বিস্ময়ে হতবাক হয়ে যাই। অবশ্য ফোন হারিয়ে এত দিনে তা উদ্ধার করতে না পেরে মন্ত্রীর মানসিক ভারসাম্য ঠিক আছে কি না ভাবতেই হয়।
আমরা বরং মন্ত্রীর ফেরাউন-তত্ত্বকে আমলাদের যা খুশি তাই বক্তব্য হিসেবে উপেক্ষা করি। কিন্তু মন্ত্রীর ফোন উদ্ধারে আমরা একটি আমলাতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতেই পারি। বাংলাদেশে সব সংকট সমাধানে আমলাতান্ত্রিক ফরমুলা অনুসরণ করা হয়। আসুন আমরা একটু কল্পনার জগতে যাই। মন্ত্রীর ফোন উদ্ধারে আমলারা কী করতে পারেন অনুমানের চেষ্টা করি।
মন্ত্রীর ফোন হারানোর ঘটনা তদন্তের জন্য একজন সচিবের নেতৃত্বে একটি উচ্চপদস্থ কমিটি গঠিত হলো। তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হলো। তদন্তকাজের সুবিধার জন্য তদন্ত কমিটির সদস্যদের পৃথক পরিবহন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হলো। তদন্ত কমিটি বাংলাদেশ মোবাইল ফোনের সংখ্যা কত তা জানার জন্য বিটিআরসিকে চিঠি দিল। বিটিআরসি এটি সব মোবাইল ফোন অপারেটরকে জানাল। এটি করতে করতে এক সপ্তাহ শেষ হলো। তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হলো আরও সাত দিন। এবার তদন্ত কর্মকর্তারা আইফোন (যেহেতু মন্ত্রীর ফোনটি আইফোন) কার কার আছে সে তালিকা চাইলেন। এভাবে সপ্তাহ যায়, সময় বাড়ানো হয়, তদন্ত দ্রুত এগিয়ে যায়। তদন্ত দল বলল, তারা তদন্ত করছে, তদন্ত দ্রুত এগিয়ে যাচ্ছে।
একপর্যায়ে তদন্ত দল গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ‘অ্যাপেল’-এ সরেজমিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। আইফোন হারানোর তদন্ত হবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেলের অফিসে যাওয়া হবে না তা কী করে হয়! তদন্ত দল ছুটল মার্কিন যুক্তরাষ্ট্রে। এভাবে এক বছর পেরিয়ে যাওয়ার পর তদন্ত কমিটি ঘোষণা করল তারা তদন্ত শেষ করেছে। পাঁচ তারকা হোটেলে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ অনুষ্ঠান। ২ হাজার পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। তদন্ত দলের প্রধান যিনি তদন্তের সময় সচিব ছিলেন, এখন সিনিয়র সচিব। অনেক কথা বললেন। শেষ কথা হলো এটাকে ছিনতাই বলা যায় না। কারণ মোবাইল ফোনটি ভয়ভীতি কিংবা অস্ত্র দেখিয়ে কেড়ে নেওয়া হয়নি।
যেহেতু এটি ‘ছিনতাই’ নয় চুরি তাই এটি এ কমিটির এখতিয়ারাধীন বিষয় নয়। কীভাবে চুরি হলো তা নিয়ে আরেকটি কমিটি হতে পারে। এ ছাড়া তদন্ত কমিটি ১০১টি সুপারিশ করল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মন্ত্রীরা গাড়িতে থাকা অবস্থায় জানালার কাচ নামাবেন না। মুঠোফোন মুঠোয় শক্ত করে ধরবেন। সিটবেল্ট পরবেন, ইত্যাদি।
তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর সাংবাদিকরা মন্ত্রীর কাছে ছুটলেন তাঁর প্রতিক্রিয়ার জন্য। মন্ত্রী বললেন ‘খুব ভালো রিপোর্ট, ইনডেপথ। তারা প্রচুর পরিশ্রম করেছেন।’ ভাগ্যিস ফেরাউনের আমলে মোবাইল ফোন ছিল না। ফেরাউনের যদি মোবাইল থাকত তাহলে মন্ত্রী অবধারিতভাবে বলতেন, ‘ফেরাউনেরও মোবাইল ছিনতাই হয়েছিল। ছিনতাই ছিল, আছে, থাকবে।’
লেখক: সৈয়দ বোরহান কবীর, নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত।
ইমেইল: poriprekkhit@yahoo.com /সংগৃহীত: বিডিপ্রতিদিন
ফাইল ফটো:
আজ ১৭ মার্চ, শুভ জন্মদিন বঙ্গবন্ধু! প্রতি বছর এ দিনটি আমার একান্ত ভাবনার দিন, আনন্দ ও বেদনায় আপ্লুত স্মরণীয় দিন। কেন আনন্দ-বেদনা? নিজের মনে গুঞ্জরিত এ প্রশ্নের উত্তর মনের মধ্যেই আছে। আনন্দ এ জন্য যে, ১৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার জন্ম হয়। বেদনা এ জন্য যে, আপনার কথা ভাবলে গ্রিক ট্র্যাজেডির নায়কের চরিত্রের করুণ পরিণতির কথা মনে পড়ে যায়। আপনার মৃত্যুর কয়েক দিন আগে তোলা একটি ছবির দিকে তাকিয়ে আমার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। কী অনবদ্য ভঙ্গিতে বসে আছেন আপনি! মুখে পরম তৃপ্তির কোনো রহস্যময় ঈষৎ হাসি ছড়িয়ে আছে। ছবিটির দিকে তাকিয়ে আমার খুব জানতে ইচ্ছে করে, কী ভাবছেন আপনি? দেশের কথা? দেশের মানুষের কথা? নাকি অন্য কিছু? আপনার বসার টেবিলের পাশেই আমি তখন দাঁড়িয়ে ছিলাম। ভাবতে পারিনি, পরিচিত বা অপরিচিত কারও তোলা ছবিটি প্রতিটি ১৭ মার্চে আমাকে এভাবে আনন্দ-বেদনায় মগ্ন করে রাখবে।
আপনাকে আমি চিনতাম ও জানতাম স্কুলে ছাত্রাবস্থা থেকে। প্রথম চাক্ষুষ দেখা পাই ১৯৬২ সালে প্রেস ক্লাবে অনুষ্ঠিত কচি-কাঁচার মেলার এক অনুষ্ঠানে। আপনি মেলার সদস্যদের উদ্দেশে একটি বক্তব্য রেখেছিলেন। ৬০ বছর পরে সে বক্তৃতার কথাগুলো খুব একটা মনে থাকার কথা নয়। ভালোভাবে লেখাপড়া করার জন্য ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য আপনি শিশু-কিশোরকে অনুপ্রাণিত করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরও প্রধানমন্ত্রী হিসেবে কচি-কাঁচার মেলার সদস্যরা আপনাকে গার্ড অব অনার দিয়ে নিজেরা গৌরবান্বিত হয়েছে। কচি-কাঁচার মেলার চারজন সদস্য- সদ্যপ্রয়াত খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, শিল্পী হাশেম খান ও আমি ছিলাম আপনার একান্ত ভক্ত ও অনুরক্ত। দাদাভাই রোকনুজ্জামান খান গর্বভরে বলতেন, ‘কচি-কাঁচার মেলার সদস্যদের কেউ রাজাকার হয়নি। মুক্তিযোদ্ধা হিসেবে অনেকে আত্মদান করেছে’। মুক্তিযুদ্ধকালে দৈনিক ইত্তেফাক ও কচি-কাঁচার আসরের অফিসটিকেও জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
আপনার সঙ্গে প্রথম পরিচয় হলো ষাটের দশকের মাঝামাঝি পুরানা পল্টনের আওয়ামী লীগ অফিসে। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু শেখ ফজলুল হক মনি তার হোন্ডার পেছনে আমাকে তুলে আপনার সঙ্গে পরিচয় করাতে নিয়ে যান। খুব কম সময়ই ছিলাম আপনার সামনে। কিন্তু আমার ক্ষুদ্র জীবনে সেটা ছিল এক মাহেন্দ্রক্ষণ। ওই দিনটির স্মৃতি মনের মণিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে আছে। আরও অনেক স্মৃতি আছে আমার। মুক্তিযুদ্ধকালে আমি মুজিবনগর সরকারের তথ্য বিভাগে চাকরিরত ছিলাম। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী আমাকে বঙ্গভবনে ডেকে নেন। ওই সময়ের একটি ছোট্ট স্মৃতি আমার খুবই মনে পড়ে। ১৯৭২ সালের প্রথম দিকের ঘটনা। রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী বঙ্গবন্ধুকে দেখতে ৩২ নম্বরের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে আমিও ছিলাম। দুদিন পরে বঙ্গবন্ধু বঙ্গভবনে এলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। বঙ্গবন্ধুকে গাড়িতে তুলে দিতে সামরিক সচিব ও আমি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মাহবুব! কাল তোমারে দেখেছি!
আমি সবিস্ময়ে বললাম, কোথায় স্যার? তুমি কালকে টেলিভিশনে আসছিলা। বঙ্গবন্ধু বললেন।
কী আশ্চর্য! এটা কি একটা বলার কথা হলো আমার মতো নগণ্য একজন সরকারি কর্মকর্তাকে? সেদিন বুঝতে পারিনি। পরে বুঝতে পেরেছি, এমন ছোটখাটো ঘটনাও দৃষ্টি এড়ায় না তাঁর। এজন্যই তো তিনি বঙ্গবন্ধু!
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রিত্বের পদ ত্যাগ করে রাষ্ট্রপতি হন। সেদিনই তিনি আমাকে ডেকে বলেছিলেন, ‘তুমি আমার সঙ্গে থাকবা।’ এরপর তাঁর মৃত্যুদিন পর্যন্ত আমি বঙ্গবন্ধুর অধীনে তাঁর সহকারী প্রেস সচিব নিয়োজিত হই। প্রেস সচিব ছিলেন আবদুল তোয়াব খান। ২৫ জানুয়ারি থেকে ওই বছর ১৫ আগস্ট পর্যন্ত সময় খুব বেশি নয়। কিন্তু ওই সময়টুকু বঙ্গবন্ধুর সান্নিধ্যে আমার জীবনের গৌরবগাথা। তাঁর সঙ্গে অনেক স্মৃতি আছে এ সময়ের, যার কিছু ঘটনা আমার ‘বঙ্গভবনে পাঁচ বছর’ বইয়ে উল্লেখ করেছি। এর মধ্যে আছে বঙ্গবন্ধুর পিতার চল্লিশায় টুুঙ্গিপাড়া যেতে ‘গাজী’ জাহাজে মধ্যরাতে নিজের মাথার বালিশ আমার মাথার তলে দিয়ে দেওয়া, টাঙ্গাইলে ভাসানী সাহেবের বাড়ি থেকে খুলনায় তাঁর ভাই শেখ নাসেরের বাড়িতে যাওয়ার পথে অভুক্ত আমাকে খাবার প্রদানের জন্য হেলিকপ্টারের কর্মকর্তাদের নির্দেশ, বঙ্গবন্ধুর আত্মজীবনীর অনুলেখক হিসেবে কাজ করার সময় একান্ত স্মৃতিচারণা, ১৪ আগস্টে ৩২ নম্বরের বাসায় যাওয়ার আগে বঙ্গবন্ধুর সঙ্গে আমার শেষ কথোপকথন, আরও কত কী!
স্বাধীন বাংলাদেশে আপনার প্রথম জন্মদিন উদযাপনের স্মৃতি চিরকাল মনে থাকবে। ১৯৭২ সালের ১৭ মার্চ সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দরে নামল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ বিমান ‘রাজহংস’। ভারতরত্ন ইন্দিরা সর্বপ্রথম অবতরণ করলেন। তারপর নামলেন পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং এবং পরে অন্য অতিথিবৃন্দ। বিমানবন্দরে ইন্দিরাকে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান শেখ ফজিলাতুন নেছা মুজিব। বিকাল ৩টায় শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিলেন ইন্দিরা গান্ধী। ময়দানের একপাশে নৌকার আকারে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে ‘ইন্দিরা মঞ্চ’ নামে। বিশাল জনসমুদ্রকে সামনে রেখে ইন্দিরা গান্ধী প্রথম দুই মিনিট বাংলায় বক্তৃতা দেন, পরে বাংলায় দীর্ঘ বক্তৃতাদানে অক্ষমতার জন্য ক্ষমা প্রার্থনা করে হিন্দিতে বক্তৃতা করলেও কবিগুরুর কবিতার দুটি চরণ আবৃত্তি করেন। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে।’
ইন্দিরা গান্ধীকে আমি প্রথম দেখি ১৯৭১ সালের ২ ডিসেম্বর কলকাতার প্যারেড গ্রাউন্ডে। বক্তৃতায় মাঝখানে ছেদ পড়ল, দিল্লি থেকে খবর এসেছে পাকিস্তান ভারত আক্রমণ করেছে। তার পরের ঘটনা তো সবারই জানা। স্বাধীনতার পর এবার বঙ্গবন্ধুর জন্মদিনে ইন্দিরা গান্ধী বঙ্গভবনে ছিলেন। তাঁর আরাম-আয়েশের জন্য আমাদের যথাসাধ্য প্রচেষ্টা ছিল। বঙ্গভবনের একজন অফিসার হিসেবে তখন তাঁকে কাছে থেকে ঘনিষ্ঠভাবে দেখতে পাই। আরও কাছে থেকে দেখতে পাই ওই বছর নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে ভারতে রাষ্ট্রীয় সফরকালে রাষ্ট্রপতি ভবনে এবং পরবর্তীতে শান্তিনিকেতনে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকায় এসে তিন দিন বঙ্গভবনে ছিলেন তিনি। দেশে ফেরার আগে বঙ্গভবনের অফিসারদের কিছু উপহার দিয়েছিলেন। আমি পেয়েছিলাম ভারতীয় র-সিল্কের একপ্রস্থ কাপড়। পরে তা দিয়ে একটা পাঞ্জাবি তৈরি করাই। সব মিলিয়ে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রথম জন্মদিনটি চিরকালই আমার স্মৃতিতে সমুজ্জ্বল হয়ে আছে।
আবার ব্যক্তিগত প্রসঙ্গ। ব্যক্তিগত একটি ঘটনার কথা মনে হলে আমার মন সঙ্কুচিত হয়ে যায়। কথাটা সঙ্গতকারণে আগে কাউকে বলিনি। সেটাও ১৯৭৫ সালের ঘটনা। আমরা হেলিকপ্টারে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধনের জন্য পার্বত্য চট্টগ্রামে যাই। ফেরার পথে আমি চট্টগ্রামে ব্যক্তিগতভাবে দুই দিনের যাত্রাবিরতি করি। চট্টগ্রাম নিউমার্কেট থেকে আমি চাকচিক্যময় একটা স্যুটপিস কিনি। স্যুট বানিয়ে ওটা পরে অফিসে যেতে বঙ্গবন্ধুর সামনে পড়ে যাই। তিনি আমাকে পোশাক সম্পর্কে কিছু না বললেও আমার এক সহকর্মীকে বলেন, অত জমকালো পোশাক যদি কাউকে সাধারণ মানুষ থেকে দূরে সরিয়ে দেয়, সেটা কি ঠিক? কথাটা জানার পর পোশাকের বিষয়ে আমি সাবধান হয়ে গিয়েছিলাম। এই একটি ঘটনা ছাড়া বঙ্গবন্ধু আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কখনো ভর্ৎসনা করেননি।
আজ সবচেয়ে মনে পড়ছে বঙ্গবন্ধুর শেষ জন্মদিনটির কথা। ১৯৭৫ সালের ১৬ মার্চ আমাকে ডেকে বললেন, ‘তুমি তো কচি-কাঁচা! তুমি কাল আমার বাসায় আসবা। আমি যে এক সময়ে শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রথম আহ্বায়ক ছিলাম, কথাটা তিনি জানতেন। এজন্য আমাকে কচি-কাঁচা বলে সম্বোধন করেছেন এবং তাঁর জন্মদিনে বিশেষভাবে উপস্থিত থাকতে বলেছেন। দিনটি বঙ্গবন্ধু শিশু-কিশোরের সঙ্গে কাটাবেন। ছোটদের সান্নিধ্য তিনি যে কতটা ভালোবাসেন, তা সবাই জানে। ১৭ মার্চ সকালবেলা ৩২ নম্বরের বাড়িতে পৌঁছে গেলাম। বঙ্গবন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি শুধু মাথা ঝাঁকিয়ে হাসলেন। এত প্রাণোচ্ছল বোধহয় তাকে খুব কমই দেখেছি। নিজের জন্মদিন বলেই হয়তো তিনি খুশিতে উচ্ছল হয়েছিলেন। আমার বারবার মনে হচ্ছিল, জন্মদিন বলেই কী তিনি ছেলেবেলার কথা মনে করে একেবারে শিশু হয়ে গেছেন?
৩২ নম্বরের বাসায় তখনো তেমন জনসমাগম হয়নি। শেখ কামাল এসে মিষ্টির প্লেট তুলে দিলেন হাতে। জিজ্ঞাসা করলেন, মাহবুব ভাই, নাশতা করেছেন তো? না করে থাকলে আমার সঙ্গে একটু আসেন। আমি জানালাম, নাশতা করেই এসেছি। একটু পরে মন্ত্রী এম কোরবান আলী এলেন। তিনি বঙ্গবন্ধুকে অভিনন্দন জানালেন। বিগলিত হাসি দিয়েই অভিনন্দনের উত্তর দিলেন বঙ্গবন্ধু। সেদিন সকাল বেলায়ই ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার’ ছোটমণিদের নিয়ে এসেছেন দৈনিক বাংলার ‘শাপলা কুঁড়ির আসর’-এর পরিচালক বিমান ভট্টাচার্য। বঙ্গবন্ধু আগত শিশুদের গাল ছুঁয়ে আদর করলেন। তাদের সঙ্গে গল্পে মেতে উঠলেন। পরে অন্যান্য সংগঠনের শিশু-কিশোররাও এলো। ৩২ নম্বরের বাড়ির গেটের বাইরে তখন অগণিত নেতা-কর্মী ও ভক্তদের ভিড়। তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সমবেত হয়েছেন। ভিতরে আসতে পারছেন না। বঙ্গবন্ধু বলে দিয়েছেন, তিনি আগে ছোটদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ দুটি গৌরবময় সময়ের মোহনায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ছবিটির দিকে আবার তাকিয়ে দেখছি। বঙ্গবন্ধু স্বাধীনতার সঙ্গে সঙ্গে একটি সংবিধানও দিয়েছিলেন। বাংলাদেশের সংবিধানে ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’র আদর্শ মূলনীতি হিসেবে ঘোষিত হয়েছিল। সে চারটি মূলনীতির অনেক পরিবর্তন হয়েছে আজ। বঙ্গবন্ধুর ছবিটির দিকে তাকিয়ে আমার বারবার মনে হচ্ছে, কী ভাবছেন বঙ্গবন্ধু? দেশের কথা না, দেশের মানুষের কথা? এর বাইরে তাঁর তো কোনো ভাবনা ছিল না। আমার মতে, বঙ্গবন্ধুকে স্মরণ করার পাশাপাশি অনুসরণ করা প্রয়োজন ছিল। আমরা কি তা পেরেছি? আজ এক ঐতিহাসিক মুহূর্তে বঙ্গবন্ধুর ছবির দিকে তাকিয়ে তাঁকে জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছে- ‘আপনি কি এই বাংলাদেশ চেয়েছিলেন?’
লেখক: নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। উৎস: বাংলাদেশ প্রতিদিন
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
জবিতে আগামী ১০ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর ২০ই জুন থেকে ২৯ জুন পর্যন্ত পরীক্ষার ফি দেওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের কিছু সমস্যার জন্য এবং লকডাউন এর জন্য অনেক বিভাগের শিক্ষার্থীদের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দেওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে।
এ ব্যাপারে মুঠোফোনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি অফিসের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য- কে জানানো হলে তিনি বলেন, পরীক্ষার ফি জমা দেওয়ার সময় বাড়ানো হবে। তবে কত তারিখ পর্যন্ত বাড়ানো হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কিন্তু সময় বাড়ানো হবে এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইটি অফিসের পরিচালক।