সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি ২৫ মে ২০২৬ ১০:৫২ এ.এম
সাইফুল আলম, ঢাকা: বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের সম্মুখীন, যা দেশের পরিবেশ, অর্থনীতি, জীবিকা ও মানবিক নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালীর মতো উপকূলীয় জেলাগুলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, পানি সংকট ও ভূমি অবক্ষয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল ২৪ মে, ২০২৬ইং জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উপকূলের পরিবেশগত সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাইমেট এ্যাকশন ফোরাম। এর সাথে সহযোগিতা করে লিডার্স (লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এ্যান্ড এগ্রিকালচারাল রিসার্স সোসাইটি)।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা উপকূল সুরক্ষায় ভুক্তভোগী মানুষ ও সুশীল সমাজের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বাস্তবায়নের জন্য বিভিন্ন দাবী তুলে ধরেন। তারা বলেন, জাতীয় বাজেটে জলবায়ু ও পরিবেশ খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং উপকূলীয় অঞ্চলের জন্য আলাদা ও লক্ষ্যভিত্তিক পরিকল্পনার ঘাটতি স্পষ্ট। এই প্রেক্ষাপটে উপকূলীয় পরিবেশগত সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা, টেকসই বাঁধ ও সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি ও অবকাঠামো উন্নয়ন, সুন্দরবন সংরক্ষণ এবং দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি। সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সংগঠনটি যে দাবীসমূহ তুলে ধরেন তা হল -
১. আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের জন্য অবিলম্বে একটি “উপকূল উন্নয়ন বোর্ড” গঠন করতে হবে, যেখানে দক্ষিণ- পশ্চিম, মধ্য উপকূল ও দক্ষিণ-পূর্ব উপকূলের জন্য পৃথক দপ্তর সৃষ্টি করতে হবে, যাতে উপকূলীয় এলাকার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত হয়।
২. উপকূলের দীর্ঘ তটরেখা বরাবর পরিবেশবান্ধব ইকোনমিক জোন গড়ে তুলতে হবে এবং ব্লু-কার্বন সংরক্ষণ জোরদার করে কার্বন-ক্রেডিট বিপণনের উদ্যোগ নিতে হবে। পরিবেশ ও প্রতিবেশ ধ্বংসকারী কোনো প্রকল্প উপকূলে গ্রহণ করা যাবে না; সকল প্রকল্প অবশ্যই পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ নিশ্চিত করে বাস্তবায়ন করতে হবে।
৩. সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালীসহ সমগ্র উপকূলীয় অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে।
৪. উপকূলীয় অঞ্চল রক্ষায় বিশেষ মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং জাতীয় বাজেটে এর জন্য আলাদা ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।
৫. জলবায়ু ঝুঁকি, দারিদ্র্য ও বিপদাপন্নতার মাত্রা বিবেচনায় নিয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাসহ অন্যান্য উপকূল-সংলগ্ন উপজেলা গুলোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির (Social Safety Net)-এর আওতা ও পরিধি বাড়াতে হবে, বিশেষ করে নগদ সহায়তা ও খাদ্য সহায়তা কর্মসূচি জোরদার করতে হবে।
৬. উপকূলীয় এলাকায় ক্লাস্টারভিত্তিক বসবাস পরিকল্পনা প্রণয়ন করতে হবে, এবং বসতি এলাকা বাদ দিয়ে অন্যান্য স্থানে ভুমি উঁচু করন এবং পলি অবক্ষেপণর জন্য Tidal River Management (TRM) পদ্ধতি চালু করতে হবে ।
৭. উপকুলের প্রতিটি বাড়ি দুর্যোগ সহনশীল করার জন্য “একটি বাড়ি, একটি খামার” প্রকল্পের আদলে “একটি বাড়ি, একটি সেল্টার” কর্মসূচি গ্রহণ করতে হবে, যাতে প্রতিটি পরিবার দুর্যোগকালে নিরাপদ আশ্রয় পায়।
৮. নিয়মিত জরিপ ও গবেষণার মাধ্যমে উপকূলরেখা ও উপকূলীয় এলাকার প্রকৃত আয়তন, স্বাদুপানি, কৃষিজমি, মৎস্যসম্পদ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সমন্বিত তথ্যভান্ডার তৈরি উপযোগী (টাউনশিপ) জলাবদ্ধতা নিরসনে টেকসই ও সমন্বিত ড্রেনেজ পরিকল্পনা গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৯. উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা দূর করতে ভরাট হয়ে যাওয়া নদী ও খালগুলো অবিলম্বে ড্রেজিং করতে হবে, যাতে নদী ও উপকূলের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষিত থাকে।
১০. বর্তমান সাইক্লোন শেল্টারগুলো সংস্কার করে নারী, শিশু, প্রতিবন্ধী ও প্রবীণবান্ধব করে গড়ে তুলতে হবে।
১১. জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি বিবেচনায় স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করতে হবে এবং ভঙ্গুরব্লুইসগেটগুলো দ্রুত মেরামত ও আধুনিকায়ন করতে হবে। বেড়িবাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকার ও জনগণকে যুক্ত করতে হবে।
১২. উপকূলীয় সকল মানুষের জন্য নিরাপদ খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
১৩. উপকূলে সুপেয় পানি সরবরাহের জন্য বৃহৎ জলাধার নির্মাণ করতে হবে, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বড় দিঘি, খাল ও জলাধারের ইজারা বন্ধ করে সেগুলো সংরক্ষণ করতে হবে এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে হবে।
১৪. ঝড়-ঝঞ্ঝা, নদীভাঙন ও ভূমিক্ষয় রোধে উপকূল, দ্বীপ ও চরাঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে, প্যারাবন বা সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে এবং উপকূলের প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবন সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
১৫. উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্যসেবার তিনটি স্তর—কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কার্যকরভাবে সচল করতে হবে এবং এসব প্রতিষ্ঠানের সেবার মান ও জনবল বাড়াতে হবে।
১৬. উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকি বাড়ায় এমন কার্যক্রম (যেমন: লবণাক্ততা সৃষ্টিকারী চিংড়ি চাষ) সীমিত ও পরিকল্পিত করতে হবে।
১৭. সমুদ্রগামী জেলেদের জন্য জীবনবীমা, সামাজিক সুরক্ষা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধুনিক নৌযান ট্র্যাকিং ব্যবস্থা (VTS), নির্ভরযোগ্য আবহাওয়া তথ্য ও রেডিও যোগাযোগ ব্যবস্থা সরবরাহকরতে হবে।
১৮. উপকূলীয় অঞ্চলে গৃহীত সকল উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) ও সামাজিক/কৌশলগত প্রভাব মূল্যায়ন (SIA) বাধ্যতামূলকভাবে প্রণয়ন ও অনুমোদন করতে হবে।
১৯. উপকূলের মানুষের দূর্যোগে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। জলবায়ু তহবিল ও ক্ষয়-ক্ষতি তহবিল (Fundfor Rresponding to Loss and Damage) দেশে আনার উদ্যোগ নিতে হবে। স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা জলবায়ু ও দূর্যোগ সহনশীল করতে হবে ও তাদেরকে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
২০. উপকূলীয় এলাকায় কৃষি ব্যবস্থাকে জলবায়ু সহনশীল করে গড়ে তুলতে হবে।
২১. ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দূর্যোগে দ্রুত সাড়াদানের জন্য স্থানীয় তহবিল এবং WASH অবকাঠামো রক্ষণাবেক্ষনের জন্য স্থানীয় সরকার পর্যায়ে তহবিল গঠন করতে হবে।
উপকূলের পরিবেশগত সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন
বগুড়া ১৩তম সিটি করপোরেশন, গেজেট প্রকাশ
ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশমালা
সারাদেশে ক্রস-কান্ট্রি হাইকিং অভিযান ২০২৬ এর সফল সমাপ্তি উপলক্ষে সংবাদ সম্মেলন
সারাদেশে ক্রস-কান্ট্রি হাইকিং অভিযান ২০২৬ এর সফল সমাপ্তি উপলক্ষে সংবাদ সম্মেলন
দেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান: এনএসইএফ