মোহাঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক, মুক্তসংবাদ প্রতিদিন ২৩ নভেম্বার ২০২৬ ০৮:৪৫ এ.এম
সম্পাদকীয়: সহিংসতা, অগ্নিসংযোগ আর সীমান্তের ওপার থেকে ছোড়া উস্কানির আগুনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নিজেই নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ চিরতরে রুদ্ধ করে দিচ্ছে। ধ্বংসাত্মক এই কৌশল দলটির পুনর্বাসনের সম্ভাবনা তো জাগাচ্ছেই না, বরং জনমনে তীব্র ঘৃণা সৃষ্টি করে স্থায়ী সাংবিধানিক নিষেধাজ্ঞার দাবিকেই অপ্রতিরোধ্য করে তুলছে-আর সেই সাথে টানাপোড়েনের এক অশনিসংকেত তৈরি করছে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে।
দীর্ঘ ষোলোটি বছর একনায়কতান্ত্রিক লৌহশাসনে বাংলাদেশকে পিষ্ট করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুম, বিচারবহির্ভূত হত্যা, প্রহসনের নির্বাচন আর রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক স্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া দণ্ডিত এই নেত্রীর দল এখনো অতীতের দায় স্বীকার কিংবা আত্মশুদ্ধির পথে হাঁটেনি।
বরং গত সপ্তাহে গোপালগঞ্জে থানা, হাসপাতাল, নিরীহ মানুষের ঘরবাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের যে তাণ্ডব চালানো হয়েছে, তা স্পষ্টতই এক ভয়াবহ নাশকতার বার্তা দেয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একদিকে যেমন দলটির রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সামনেও এক সূক্ষ্ম পরীক্ষা ছুড়ে দিয়েছে-অতীতের দমন-পীড়নের পুনরাবৃত্তি না ঘটিয়ে দৃঢ়তার সাথে আইনশৃঙ্খলা সমুন্নত রাখার বিষয়টি।
এই সংকটের ভূ-রাজনৈতিক মাত্রা আরও উদ্বেগজনক। ভারতের মাটিতে বসে শেখ হাসিনা ও তার সহযোগীরা নিয়মিত সংবাদ সম্মেলন ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই সংবাদ ব্রিফিংয়ে এসব বিষয়ে ‘কিছুই জানে না’ বলে দায় এড়িয়ে যাচ্ছে। একজন সাজাপ্রাপ্ত পলাতক ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে প্রতিবেশী একটি সার্বভৌম রাষ্ট্রের অস্থিরতাকে পরোক্ষভাবে উস্কে দেওয়ার এই নীতি দিল্লির প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের অনাস্থাকেই কেবল বাড়িয়ে তুলছে।
দিল্লির এই অদূরদর্শী অবস্থান ভারতের নিজস্ব নিরাপত্তার জন্যও দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে। ভারতের বৈরী আচরণে বাংলাদেশের মূলধারার জনমত যদি প্রবলভাবে ‘ভারত ঠেকাও’ রাজনীতির দিকে ঝুঁকে পড়ে, তবে ভবিষ্যতে চীন কিংবা অপরাপর বৈশ্বিক পরাশক্তির পৃষ্ঠপোষকতায় এদেশের কোনো উগ্রবাদী গোষ্ঠী যদি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করতে উদ্যত হয়- তখন তা দমনের নৈতিক ও রাজনৈতিক শক্তি বাংলাদেশ সরকারের হাতে কতটুকু অবশিষ্ট থাকবে?
তদুপরি, লাগামহীন এই বৈরিতা দুই দেশের সামাজিক বুননকেই বিষিয়ে তুলছে। ভারতে যেমন সংখ্যাগরিষ্ঠের হিন্দুত্ব ধর্মীয় উগ্রবাদ রাষ্ট্রক্ষমতাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে, তেমনি বাইরের অব্যাহত উস্কানি ও রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশকেও উগ্র ধর্মান্ধতার কবলে ঠেলে দিয়ে আফগানিস্তানের মতো এক অন্ধকার গহ্বরের দিকে ধাবিত করতে পারে-যা গোটা দক্ষিণ এশিয়ার জন্যই এক অপূরণীয় বিপর্যয় ডেকে আনবে।
ইতিহাস সাক্ষ্য দেয়, সীমান্তের ওপার থেকে অস্থিরতায় মদদ দিয়ে কিংবা দেশের ভেতরে আগুন জ্বালিয়ে কখনোই স্থায়ী প্রভাব বা রাজনৈতিক বৈধতা অর্জন করা যায় না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আইনি জবাবদিহি এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে গঠনমূলক কূটনীতিই কেবল ঢাকা ও দিল্লির জন্য শান্তিপূর্ণ সহাবস্থানের একমাত্র পথ।
মোহা: খোরশেদ আলম মিঞা
আন্তর্জাতিক কলাম লেখক, সাংবাদিক, আয়কর আইনজীবী
নির্বাহী পরিচালক, হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (HEDS)
সহিংসতার আগুন আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ চিরতরে রুদ্ধ করবে এবং গভীরতর হবে ঢাকা-দিল্লি টানাপোড়েন!
রাজনীতির দাবার বোর্ডে তারেক রহমানের ‘সঠিক চাল’
"চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমলাতান্ত্রিক বাজেটে চরমভাবে উপেক্ষিত, দেশ গভীর খাদের কিনারায়"— তিন সংগঠনের বাজেট সংশোধনী ও অর্থনৈতিক সংস্কার প্রস্তাবনা উত্থাপন
স্থানীয় নেতাকর্মীরা আসন্ন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তুহিরুল ইসলাম তুহিনকে চান
রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট নিরসনে শহীদ জিয়া অমর হয়ে থাকবে- দুদু
সহনশীল রাজনীতি, না মব সংস্কৃতি! বাংলাদেশ হাঁটবে কোন পথে?
রাষ্ট্র, সমাজ ও নাগরিকদের সমন্বিত উদ্যোগে স্থিতিশীল বাংলাদেশ গঠনে এখনই সময়
রমজানের এই আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে- জয়রুল আবেদীন ফারুক
স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পুনর্বহালের দাবি
বাংলাদেশ লেবার পার্টির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গণভোটের রায়ের ব্যাপারে গড়িমসি করার ফলে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট হওয়ার ঝুঁকি তৈরী হয়েছে
নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা