a দেশজুড়ে সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণার পর বাস-ট্রেন-লঞ্চে ঢাকা ছাড়ছে মানুষ
ঢাকা রবিবার, ১ চৈত্র ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দেশজুড়ে সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণার পর বাস-ট্রেন-লঞ্চে ঢাকা ছাড়ছে মানুষ



রবিবার, ০৪ এপ্রিল, ২০২১, ০৮:২০
বাস-ট্রেন-লঞ্চে ঢাকা ছাড়ছে মানুষ

লঞ্চে ঢাকা ছাড়ছে মানুষ

করোনায় চাকরি গিয়েছিল পোশাককর্মী হামিদা খাতুনের। তবু তিনি ঢাকা ছাড়েননি। সেলাইয়ের কাজ করেই সংসার চালিয়েছেন। হামিদার স্বামী নয়ন হোসেনের পোশাক কারখানার চাকরি অবশ্য এখনো আছে। কিন্তু স্বামীর সামান্য আয়ে তো ঢাকায় সংসার চালানো কঠিন। এবারের লকডাউনের ঘোষণায় স্বামীকে রেখেই সন্তান নিয়ে গ্রামে চলে যাচ্ছেন হামিদা।

দেশজুড়ে সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণার পর হামিদার মতো অনেকেই ঢাকা ছাড়ছেন। সকাল থেকে রাজধানীর দুটি আন্তজেলা বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড় দেখা গেছে। টার্মিনাল কর্তৃপক্ষ বলছে, প্রতিবছর ঈদের ছুটিতে যাত্রীদের যেমন চাপ থাকে, আজও তেমনই। সবাইকে টিকিট দেওয়া যাচ্ছে না। অনেকে টার্মিনালে এসে ফিরে যাচ্ছেন।

এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ঘরমুখী প্রচুর মানুষ যানবাহনের জন্য করছিলেন। গাটরি-বোঁচকা, ব্যাগ, লাগেজ প্রভৃতি নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। সড়কে দূরপাল্লার বাহন, নগরীর গণপরিবহন, মাঝারি ও ছোট আকারের বাহনের চাপ ছিল। এ সময় যানজটে বসে অপেক্ষা করতে হয় যাত্রীদের।

হামিদার সঙ্গে আজ রোববার দুপুরে কথা হয় গাবতলী বাস টার্মিনালে। তিনি প্রথম আলোকে বলেন, ‘লকডাউন যে কত দিন থাকবে, জানি না। ঢাকায় সংসার চালাতে অনেক খরচ। তাই মাদারীপুরে গ্রামের বাড়ি চলে যাচ্ছি।’

গাবতলী বাস টার্মিনালে সকালে গিয়ে দেখা যায়, যাত্রীর চাপে টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসের টিকিটে টান পড়েছে। একাধিক বাসের কাউন্টার ঘুরেও কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট পাচ্ছিলেন না অনেকে। তাৎক্ষণিক মুঠোফোনে টিকিটের সংকটের বিষয়টি জানিয়ে দিচ্ছিলেন ফোনের অন্য প্রান্তে থাকা স্বজন কিংবা সঙ্গীকে। কী করবেন, কীভাবে বাড়ি ফিরবেন, সেই উপায় কিংবা পরামর্শও জানতে চাচ্ছিলেন কেউ কেউ।

গত শুক্রবার মেডিকেলে ভর্তির পরীক্ষা দেন শিক্ষার্থী মাহমুদ হাসান। ভেবেছিলেন ঢাকায় থেকেই অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। কিন্তু লকডাউনের ঘোষণায় তিনি গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায় চলে যাচ্ছেন এখন। তিনি প্রথম আলোকে বলেন, ‘লকডাউনের কারণে সময়তো আর পরীক্ষা হবে না। এ জন্য বাড়ি চলে যাচ্ছি। সবকিছু স্বাভাবিক হলে আবার ঢাকায় আসব। কিন্তু এখন তো সময়মতো টিকিট পাওয়া মুশকিল হয়ে পড়েছে।’

গাবতলী বাস টার্মিনালের ইজারাদার রাফি ট্রেডার্সের প্রতিনিধি আবদুল আহাদ বলেন, শনিবার বিকেল থেকেই যাত্রীর চাপ বাড়তে থাকে। টিকিট না পেয়ে রাতে প্রায় দেড় হাজার যাত্রী টার্মিনালেই রাতযাপন করেন। রোববার সকাল থেকে যাত্রীর চাপ আরও বেড়েছে বলে জানান তিনি।

লকডাউনের ঘোষণায় গাবতলী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের ভিড়। আজ বিকেলে

ছবি: হাসান রাজা

এদিকে সায়েদাবাদ বাস টার্মিনালেও সকাল থেকেই দূরপাল্লার বাসগুলোতে যাত্রীর চাপ ছিল। কাউন্টারে এসে অনেকেই টিকিট না পেয়ে বিভিন্ন পিকআপ ও ট্রাকে করে বাড়ি ফিরেছেন। যাত্রাবাড়ীতে এমনই একটি পিকআপে প্রায় ১৫ জন কুমিল্লার উদ্দেশে যাচ্ছিলেন। প্রত্যেকের কাছ থেকে ১৫০ টাকা করে নেওয়া হচ্ছিল। পিকআপের চালক মো. রাসেল প্রথম আলোকে বলেন, ‘মালামাল পৌঁছে দিতে ঢাকায় আসছি। এখন খালি গাড়ি নিয়ে কুমিল্লা ফিরতে হবে। এর জন্য যাত্রী নিয়ে যাচ্ছি।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, দূরপাল্লার বাসগুলোতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বেশি। তবে ঢাকা মহানগরের অভ্যন্তরের চলাচল করা বাসগুলোতে স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না। ঢাকার বেশ কয়েকটি স্থানে গতকাল সকালে অফিসগামী যাত্রীরা বাসে উঠতে না পেরে ক্ষোভে কয়েকটি বাস ভাঙচুরও করেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, লকডাউনের খবর শুনে সকাল থেকে টার্মিনালগুলোতে যাত্রীর চাপ বেড়েছে। তবে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখতে গিয়ে সবাইকে টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। দৈনিক প্রায় ১০ হাজার বাস রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দূরপাল্লার বাসগুলোতে আসন ফাঁকা রাখা, হ্যান্ড স্যানিটাইজার অনেকটাই মানা হচ্ছে। তবে ঢাকা নগরীর ভেতরে বাসগুলোতে এটি মানা যাচ্ছে না। মহানগরীর বাসগুলো একটু পরপরই থামে। তা ছাড়া যাত্রীরাও খুব একটা সচেতন নন।

ট্রেনের চাপ বিকেলে

এদিকে কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ঘরমুখী যাত্রীদের ভিড় ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় কিছুটা কমে আসে। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে, বিকেলের পর ভিড়টা আবার বেড়েছে।

লকডাউনের কারণে অনেকেই ছেড়ে যাচ্ছেন রাজধানী। কমলাপুর রেলস্টেশনে মানুষের বাড়তি ভিড় নিয়ন্ত্রণে নেই দৃশ্যমান পদক্ষেপ। বাড়ছে করোনা ঝুঁকি

আজ দুপুরে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, টার্মিনালের কাউন্টারে টিকিট কাটার জন্য শ খানেক মানুষের দীর্ঘ লাইন। স্টেশনে মাইকিং করে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হচ্ছে। প্ল্যাটফর্মে ঢোকার আগেই প্রত্যেকের টিকিট চেক করা হচ্ছে। তবে হ্যান্ড স্যানিটাইজার বা শরীরের তাপমাত্রা মাপার কোনো ব্যবস্থা নেই। প্ল্যাটফর্মগুলোতে ঢুকে যাত্রীরা অপেক্ষা করছেন। ট্রেন এলেই তাঁরা উঠে পড়ছেন। তবে ট্রেন ছাড়ার আগে জীবাণুনাশক ছিটানোর কথা থাকলেও তা মানা হচ্ছে না।

দুপুর সাড়ে ১২টা থেকে বেলা তিনটা ২০ মিনিট পর্যন্ত পাঁচটি ট্রেন স্টেশন ছেড়ে যায়। রাজশাহী কমিউটার, বনলতা এক্সপ্রেস, কালিয়াকৈর কমিউটার, কালনী এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস—পাঁচটি ট্রেনের একটিও স্টেশন ছাড়ার আগে জীবাণুনাশক স্প্রে করা হয়নি। ট্রেনের বগিগুলোতে আসন ফাঁকা রাখার কথা। তাপানুকূল (এসি) বগিতে সেই চিত্র দেখা গেছে। তবে শোভন চেয়ার ও শোভন বগিগুলোতে আসন ফাঁকা দেখা যায়নি। বনলতা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেসের অন্তত সাতটি বগির প্রায় প্রতিটি আসনই পূর্ণ ছিল।

চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেসের যাত্রী রবিউল ইসলাম। তিনি তাঁর পরিবারের চার সদস্যকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন। একটি বেসরকারি আইটি ফার্মের এই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্টেশনে ঢোকার সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ট্রেনের ভেতরেও সব কামরায় লোকজন স্বাস্থ্যবিধি মেনে আসন ফাঁকা রেখে বসছেন না।

কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ অবশ্য বলছে, যাত্রা শুরুর আগে প্রতিটি ট্রেনের বগিগুলোকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হয়। এ ছাড়া স্টেশনে তিন ফুট দূরত্বে দাঁড়ানোর জন্য দাগ দেওয়া হয়েছে।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার বিকেলে প্রথম আলোকে বলেন, স্টেশনে বিকেলে এসে চাপটা আরও বেড়েছে। অফিস ছুটি হওয়ার পর মানুষ বাড়িতে যেতে চাচ্ছে। স্টেশনে আজ সারা দিনে ৭২টি ট্রেন ছেড়ে যাবে এবং আসবে। যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে, তার অধিকাংশই যাত্রীতে ঠাসা।


কয়েকটি ট্রেনে যাত্রী পূর্ণ থাকা ও স্বাস্থ্যবিধি প্রসঙ্গে জানতে চাইলে মাসুদ সারোয়ার প্রথম আলোকে বলেন, ২৮ মার্চ সরকারি নির্দেশনা ঘোষণা করার আগেই এসব টিকিট বিক্রি হয়েছে। তাই অনেকে পাশাপাশি আসনে বসে ভ্রমণ করছেন। তবে সরকারি নির্দেশনা আসার পর থেকে পাশাপাশি আসনের টিকিট বন্ধ আছে। তাঁর দাবি, কমলাপুর স্টেশনে স্বাস্থ্যবিধি মানার জন্য হ্যান্ড স্যানিটইজার, সাবানপানির ব্যবস্থা রাখা আছে।

আজ রোববার বেলা দুইটার পর থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে লঞ্চযাত্রীদের চাপ বেড়েছে। দুপুরে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল এলাকায় গিয়ে দেখা গেছে, প্রবেশপথে গাদাগাদি করে যাত্রীরা টার্মিনালে প্রবেশ করছেন। লঞ্চের ডেকে যাত্রীরা গাদাগাদি-ঠাসাঠাসি করে বসে আছেন। লঞ্চের বেশির ভাগ যাত্রী মাস্ক পরা অবস্থায় ছিলেন না। ঢাকায় ফেরা লঞ্চগুলো থেকে যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনেই নামছিলেন।

ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক দিনেশ কুমার সাহা বলেন, রোববার বেলা দুইটা পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে ২৯টি লঞ্চ ছেড়ে গেছে; আর সদরঘাটে লঞ্চ এসেছে ৬৭টি। ঈদ ছাড়া এ সময়ে টার্মিনালে যাত্রীদের এত ভিড় দেখা যায় না।

কাউখালীগামী বন্ধন-৫ লঞ্চের যাত্রী জুবায়ের হাসান বলেন, ‘গাদাগাদি করে যেভাবে লঞ্চের যাত্রীরা যাতায়াত করছেন, এতে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যায়। আমরা যাত্রীরা সচেতন হলেই করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। কিন্তু লঞ্চের বেশির ভাগ যাত্রী ন্যূনতম স্বাস্থ্যবিধি মানছেন না।’

অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মামুন আল রশীদ বলেন, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় লঞ্চে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চে যাত্রী পরিবহন করা হচ্ছে। তিনি আরও বলেন, লঞ্চের ভেতর গাদাগাদি করে না বসে স্বাস্থ্যবিধি মেনে বসার জন্য যাত্রীদের সতর্ক করা হয়েছে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ‘করোনার সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে লঞ্চমালিকদের যাত্রী পরিবহনের জন্য সতর্ক করা হয়েছে। লঞ্চঘাটে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ব্যাপারে আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পিঠে সিলিন্ডার ও মাকে নিয়ে অনিশ্চিত হাসপাতালের খুঁজে অসহায় ছেলে


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ০৬:০৫
পিঠে সিলিন্ডার ও মাকে নিয়ে অনিশ্চিত হাসপাতালের খুঁজে অসহায় ছেলে

মায়ের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে হাসপাতালে নিয়ে যাচ্ছেন ছেলে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের হিরণ পয়েন্ট এলাকা। সেখানকার তল্লাশিচৌকিতে গতকাল শনিবার বিকেলে দায়িত্বরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট তৌহিদ টুটুল জানান, দুজন আরোহীর একটি মোটরসাইকেল আসতে দেখে থামার জন্য সংকেত দেই। কাছে আসতেই দেখতে পাই চালকের পিঠে বাঁধা অক্সিজেনের সিলিন্ডার। পেছনে বসে থাকা নারীর মুখে অক্সিজেন মাস্ক। তাৎক্ষণিক তাঁদের এগিয়ে যাওয়ার সংকেত দেন।

এমন সময় পথচারীদের কেউ দৃশ্যটি মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। দ্রুতই সেই ছবি ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, মুমূর্ষু মাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে মোটরসাইকেলে এভাবেই ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন জিয়াউল হাসান নামের সেই যুবক।

জিয়াউল হাসানের বাড়ি ঝালকাঠির নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা এলাকায়। তাঁর মা নলছিটি বন্দর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেহেনা পারভীন (৫০) দশ দিন ধরে জ্বরে ভুগছিলেন। ১০ এপ্রিল করোনা পরীক্ষার নমুনাও দেন। কিন্তু প্রতিবেদন পাননি। 

এর মধ্যেই গতকাল সকালে দেখা দেয় শ্বাসকষ্ট। কষ্ট কমাতে একটি সিলিন্ডার কিনে বাড়িতে আনেন তরুণ ব্যাংক কর্মকর্তা ছেলে জিয়াউল হাসান। লাগানো হয় সেটি। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টও তা বাড়তে থাকে রেহেনা পারভীনের। কী করবেন ভেবে পাচ্ছিলেন না জিয়াউল।

এরপর মাকে বরিশালের হাসপাতালে আনার জন্য অ্যাম্বুলেন্স এবং অন্য যানের খোঁজ করেন কিন্তু পাচ্ছিলেন না। নিরুপায় হয়ে নিজের মোটরসাইকেলে মাকে হাসপাতালে আনার সিদ্ধান্ত নেন। পিঠের সঙ্গে শক্ত করে বাঁধলেন অক্সিজেন সিলিন্ডারটি। এরপর মাকে পেছনে বসিয়ে তাঁর মুখে পরানো হলো অক্সিজেন মাস্ক। এভাবে ১৮ কিলোমিটার পথ পারি দিয়ে গতকাল সন্ধ্যায় মাকে নিয়ে পৌঁছান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পাশে আরেকটি মোটরসাইকেলে ছুটছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাই রাকিব। বর্তমানে তাঁদের মা করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন।

রেহেনা পারভীনের অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে মাঝেমধ্যে অক্সিজেন লেভেল ওঠানামা করছে বলে গণমাধ্যমকে জানালেন জিয়াউল হাসান। তিনি বলেন, ‘শনিবার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। অক্সিজেন লেভেল ৯৪-৯৩ নেমে যাচ্ছে। দুপুরে দেখলাম মায়ের অক্সিজেন শেষ হয়ে আসছে। সে জন্য ভাবলাম ঝুঁকিটা নেওয়া ঠিক হবে না।’

কৃষি ব্যাংকের ঝালকাঠি সদর শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা জিয়াউল বলেন, ‘মোটরসাইকেলে না এসে আমাদের আর কোনো উপায় ছিল না। আমাকে যে যেতেই হবে। দৌড়ে যেতে পারব না। চেষ্টা করেও কিছু করতে পারিনি। শেষে আমার গায়ের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নিয়ে এসেছি। আমি বুঝতে পারছিলাম মায়ের কষ্ট হচ্ছে। আমি তখন মাকে একটি কথা বলেছিলাম, উপায় নেই মা। আমার মায়ের কষ্ট হচ্ছিল, তা আমি সহ্য করতে পারিনি।’
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মোংলা বন্দরকে আধুনিকায়ন করতে আরও ২৪ উন্নয়ন প্রকল্প গ্রহণ



শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ১০:৫৮
মোংলা বন্দরকে আধুনিকায়ন করতে আরও ২৪ উন্নয়ন প্রকল্প গ্রহণ

দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলার সুবিধাদি সম্প্রসারন ও আধুনিকায়নের অংশ হিসেবে কন্টেইনার টার্মিনাল, কন্টেইনার ডেলিভারী ইয়ার্ড এবং কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করাসহ বার্ষিক ১ কোটি ৫০ লাখ টন কার্গো, ৪ লক্ষ টন টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করার লক্ষ্যমাত্রা নিয়ে বন্দরের উন্নয়নে ২০২১ সাল থেকে ২০৩৫ সাল পর্যন্ত মোট ২৪ টি উন্নয়ন প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি মাস্টার প্ল্যান প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ।

বর্তমানে বন্দরের উন্নয়নে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে চলমান ১০টি প্রকল্পের মধ্যে ১টির কাজ সমাপ্ত হয়েছে। ৩ টির কাজ চলতি বছরের জুনে শেষ হবে, অধিক গুরুত্বপূর্ণ আরো ৪ টি উন্নয়ন প্রকল্পের কাজ ২০২২ সালের জুনে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। তবে বন্দর উন্নয়নে সর্বাধিক গুরুত্বপূর্ণ আপগ্রেডেশন অব মোংলা পোর্ট নামে যে প্রকল্পটি রয়েছে সেটি বাস্তবায়ন করতে ২০২৪ সাল পর্যন্ত সময় নির্ধারন করা হয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১৪ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৯ সালের জুন থেকে ২০২১ সালের ফেব্রুয়ারী পর্যন্ত ১৮টি উন্নয়ন প্রকল্পসহ ৫০টির অধিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন ও তিনটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় আছে।

মোংলা বন্দর ব্যবহারকারীদের দ্রুত ও দক্ষ সেবা প্রদানে যেসব উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ৭০টি কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহ, ৮০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন, ৩টি কার ইয়ার্ড নির্মাণ, ১০টি বিভিন্ন ধরনের সহায়ক জলযান ক্রয়, ৬২টি বিভিন্ন ধরনের লাইটেড বয়া, ২টি রোটেটিং বিকন, ৬টি জিআরপি লাইট টাওয়ার সংগ্রহ ও স্থাপন, একটি মোবাইল হারবার ক্রেন, একটি স্টাফিং-আনস্টাফিং শেড, একটি ওয়েব্রিজ মোবাইল স্ক্যানার সংগ্রহ।

এ ছাড়া রুজভেল্ট জেটির বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কাজও সম্পন্ন করা হয়েছে। বন্দরের আধুনিকায়ন, চ্যানেলের নাব্যতা সংরক্ষণ ও দক্ষতার সঙ্গে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাহাজের গড় অবস্থানকাল হ্রাস এবং কার্গো ও কন্টেইনার সংরক্ষণের সুবিধাদির সম্প্রসারণসহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে মোংলা বন্দরে যেসব সুবিধা বিদ্যমান রয়েছে তাহলো জাহাজ হ্যান্ডলিং সর্বোচ্চ দৈর্ঘ্য ২২৫ মিটার, ড্রাফট ৭ থেকে সাড়ে ৮ মিটার, কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি ১০ মিলিয়ন মে.টন, ও কন্টেইনার ৭০ হাজার টিইউজ। এছাড়া কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি সুবিধার মধ্যে রয়েছে, স্ট্র্যাডেল ক্যারিয়ার ৫টি, ফর্কলিফট ৩১টি, রিচ স্ট্র্যাকার ২টি, মোবাইল ক্রেন ৫টি, ডকসাইট ক্রেন ৫টি, টার্মিনাল ট্রাক্টরে শেষ হবে।  সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও সমাপ্তির পথে। এ বছরেই প্রকল্পের সুবিধা ভোগ করবে মোংলাবাসী। এসবের বাইরে গত বছরের ডিসেম্বরে মোংলা বন্দরের আউটার বারে ড্রেজিং কার্যক্রম সমাপ্ত হয়েছে। ৭১২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১১৯.৪৫ ঘনমিটার ড্রেজিংয়ের মাধ্যমে এই চ্যানেল দিয়ে ১০.৫ মিটার ড্রাফটের জাহাজ হারবারিয়া পর্যন্ত হ্যান্ডলিংয়ের সুবিধায় আনা হয়েছে। পোর্টের অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি-সরঞ্জাম সংগ্রহ। পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং কার্যক্রম বর্তমানে চালু রয়েছে যা ২০২২ সালের জুনে শেষ হবে। প্রকল্পটির কাজ শেষ হলে  হারবারিয়া থেকে বন্দরের জেটি পর্যন্ত ১০ মিটার ড্রাফটের জাহাজ খুব সহজেই ভিড়তে পারবে।

সহায়ক জলযান সংগ্রহ, বর্জ্য নি:সৃত তেল অপসারণ ব্যবস্থাপনা, বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণ থেকে পিপিপি'র আওতায় মোংলা বন্দরের ২টি অসম্পূর্ণ জেটির নির্মাণও কাজ শেষ করা হবে ২০২২ সালের মধ্যে।  চলমান এ সব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৮ হাজার কোটি টাকা। এদিকে ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোংলা বন্দরে মোট ৭৭২টি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে বলে নিশ্চিত করেছে বন্দরের হারবার বিভাগ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরের উন্নয়নে বর্তমানে একাধিক প্রকল্প চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে আউটার বার ড্রেজিং সম্পন্ন করেছি এবং ৭৯৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে গত মাসের ১৩ তারিখ থেকে ইনারবারে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্দরে কন্টেইনার জাহাজসহ অন্যান্য জাহাজগুলো তুলনামুলকভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে যে কয়টি উন্নয়ন প্রকল্প চালু রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলেও জানান বন্দর চেয়ারম্যান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ