a ১৮ রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ইসি
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

১৮ রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ইসি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ১২ ফেরুয়ারী, ২০২৫, ০৯:১৫
১৮ রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ফাইল ছবি

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে অন্য কোন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেনা নির্বাচন কমিশন। তবে যদি সরকার চায় তাহলে জাতীয় নির্বাচনের আয়োজন করবে ইসি।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইসি।

নির্বাচন কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে এ বছরের শেষ নাগাদ ডিসেম্বরে ইলেকশন। আর যদি আরেকটু বেশি সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬ এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। আমরা বলেছিলাম, আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা (ডিসেম্বর) ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, বৈঠকে একটি প্রশ্ন এসেছিল দুটো নির্বাচন একসঙ্গে করা যায় কিনা। এতে কেমন সময় লাগতে পারে, এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে সবগুলো স্থানীয় সরকারের নির্বাচন ধাপে ধাপে করতে গেলে এক বছর লেগে যায়। পুরোপুরি এভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে যাবে। এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন। এই মুহূর্তে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেয় তাহলে সেভাবেই বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত।

আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন প্রতিষ্ঠানের হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। তখন ইসি বলতে পারবে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কিনা। তার আগে এটি বলা সম্ভব নয়। এ সময় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, ইসি গত বছরের ডিসেম্বরে নির্বাচন সংক্রান্ত সহায়তা চেয়ে তাদের কাছে অনুরোধ করেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের একটি দল জানুয়ারিতে দুই সপ্তাহ বাংলাদেশ সফর করেন। জাতিসংঘ কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে তা ওই দলটি নির্ধারণ করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তা করছি। আমরা আশা করি, এটি হবে বাংলাদেশের সেরা নির্বাচন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময়সূচি নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার ও ইসি। এখানে আমাদের করণীয় কিছু নেই। সভায় আগামী নির্বাচনে কমিশনকে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ইউএনডিপি ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইইউ ও তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

৫ হাজার আপত্তিকর লিংক সরানো হয়েছে ফেসবুক থেকে: বিটিআরসি


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৩
৫ হাজার আপত্তিকর লিংক সরানো হয়েছে ফেসবুক থেকে: বিটিআরসি

গত এক বছরে ফেসবুক থেকে আপত্তিকর কনটেন্ট গণ্য করে প্রায় ৫ হাজার লিংক সরিয়েছে বিটিআরসি। সোমবার (৬ সেপ্টেম্বর) বিটিআরসির কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে প্রায় ১৮ হাজার ৮৩৬টি লিংক অপসারণের জন্য ফেসবুকের কাছে অনুরোধ করা হয়। যার মধ্যে ৪ হাজার ৮৮৮টি লিংক অপসারণ করা হয় এবং এখনও ১৩ হাজার ৯৮৪টি লিংক একটিভ রয়েছে।

সংবাদ সম্মেলনে বিটিআরসি কর্তৃক প্রকাশিত একটি পরিসংখ্যানে আরও জানানো হয়, ইউটিউবের কাছে ৪৬১টি লিংক অপসারণ করার অনুরোধ করলে সেখানে ৬২টি লিংক অপসারণ করা হয়। এখনও ৩৬৯টি লিংক অ্যাকটিভ রয়েছে।

সম্মেলনে পরিসংখ্যান উপস্থাপনকালে বিটিআরসির সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের নির্দেশনা মোতাবেক সাইবার থ্রেট ডিটেকশন এন্ড রেসপন্ড (সিটিডিআর) নামের একটি কারিগরি সিস্টেম ইতোমধ্যে প্রায় ২২ হাজারেরও বেশি পর্ণোগ্রাফি এবং জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে। 

এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে ১ হাজার ৬০টি ওয়েবসাইট বা আপত্তিকর কনটেন্টের লিংক অপসারণ করা হয়েছে। যা এই সিস্টেমে অনুরোধের শতভাগ কার্যক্রম বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ধারা ৮ (১ ও ২) অনুযায়ী ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচাক ডিজিটাল মাধ্যম থেকে কনটেন্ট অপসারণ/ব্লক করার জন্য বিশেষ অনুরোধ করা হলে তারা এ কার্যক্রম সম্পন্ন করেন। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ঢাকায় ‘আল্লামা সুলতান যওক নদভী : জীবন ও অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


সাইফুল আলম, ঢাকা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৪ মে, ২০২৫, ০৮:১৩
ঢাকায় আল্লামা সুলতান যওক নদভী জীবন ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

 সাইফুল আলম, ঢাকা:  মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতি সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ এর উদ্যোগে দেশের  কিংবদন্তি আলেম, বিশ্ববরেণ্য আরবী ভাষাবিদ, চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক ‘আল্লামা মুহাম্মাদ সুলতান যওক নদভী রহ. : জীবন ও অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাজ্জাক নদভীর সভাপতিত্বে ও আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর এবং বিশেষ অতিথি ছিলেন: মাওলানা আবু তাহের নদভী, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, মাওলানা জুলফিকার আলী নদভী প্রমুখগণ।

আলোচনা করেন মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, ড. শুয়াইব আহমদ, মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, ড. মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ড. একেএম মুহিব্বুল্লাহ কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, ড. মুফতি গোলাম রব্বানী, জনাব সাইফুর রহমান খান, ড. ওয়ালীয়ুর রহমান খান আজহারী, মুফতি শারাফাত হুসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি জহির ইবনে মুসলিম, মাওলানা আফিফ ফুরকান, মুফতী আফজাল হুসাইন, হাকীম মাওলানা আজহারুল ইসলাম নোমানী, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মুফতী কামরুল হাসান নেছারী, মাওলানা ইয়াসীন আহমাদ জিহাদী, মাওলানা আহমাদুল্লাহ আব্বাসসহ বরেণ্য আলেম, লেখক, গবেষক ও ইসলামী স্কলারগণ।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, ‘বিংশ শতাব্দীর শেষের দিকে মুসলিম পুনর্জাগরণের জন্য যে ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন ছিলো তা তৈরি হয়নি। এ সময় সর্বত্র ‘ক্বাহতুর রিজাল’ বা মানব দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো। এমন নাযুক সময়ে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল আলী নদভী রহ. মানুষ গড়ার সাধনায় ব্রতী হন। উপমহাদেশের যে ক’জন মানুষকে তিনি আপন চিন্তায় রাঙাতে পেরেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন-বাংলাদেশী আলেম মাওলানা সুলতান যওক নদভী রহ.। সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর সোহবতের বরকতে মাওলানা সুলতান যওক নদভী রহ. হৃদয়ে উম্মাহর দরদ ধারণ করতে পেরেছিলেন। তিনি ছিলেন গতানুগতিকতার বাইরের মানুষ, যেমনটি ছিলেন সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.। ফলে তাঁর চিন্তা ও কর্ম ছিলো গতানুগতিক চিন্তা ও কর্ম থেকে আলাদা।

উইকিপিডিয়ার তথ্য মতে, বাংলাদেশে সর্বপ্রথম কওমী শিক্ষা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন মাওলানা সুলতান যওক নদভী রহ.। এ লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন জামিআ দারুল মাআরিফ আল-ইসলামিয়া।’

বক্তাগণ আরো বলেন, ‘মাওলানা সুলতান যওক নদভী রহ. সীমাবদ্ধ গণ্ডির মানুষ ছিলেন না। তিনি ছিলেন বৈশ্বিক ব্যক্তিত্ব ও বিশ্ববরেণ্য আরবী ভাষাবিদ। বিস্তৃত কর্মের ময়দানে তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। জীবদ্দশায় তিনি ছিলেন রাবেতা আলমে ইসলামীর সদস্য, রাবেতা আদবে ইসলামীর বাংলাদেশ ব্যুরো চেয়ারম্যান, দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশেল প্রধান উপদেষ্টা, জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক ও দাওয়াতি সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের উপদেষ্টা। এছাড়া আরও অসংখ্য কল্যাণমুখী কাজে তিনি অভিভাবকত্ব করেছেন।’

বক্তাগণ আরো বলেন, ‘কীর্তিময়তায় উজ্জ্বল এই মনীষী ষাটের দশকে বাংলাদেশে ‘ আস-সুবহুল জাদিদ’ নামে আরবী ত্রৈমাসিক এবং ‘আল-হক’ নামে বাংলা মাসিক পত্রিকা প্রকাশ করেন। মাওলানা সুলতান যওক নদভী রহ. শুধু একজন মানুষ ছিলেন না, বরং একটি প্রতিষ্ঠান বা তার চেয়ে বেশি কিছু ছিলেন। সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর চিন্তা ও কর্মের প্রসার ছিলো তাঁর জীবনের লক্ষ্য। শিক্ষা, সংস্কার ও দাওয়াহ - সর্বত্র ছিলো তাঁর স্বতঃস্ফূর্ত বিচরণ। এই কীর্তিমান মনীষী ২ মে ২০২৫ ঈসায়ী তারিখে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যান।’

বক্তাগণ আরো বলেন, ‘তাঁর ইন্তেকালে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূর্ণ হওয়া সম্ভব কেবল তখনই যখন আজকের যুবকেরা সুলতান যওক নদভীর মিশন ও ভিশনকে এগিয়ে নেওয়ার সাধনায় আত্মনিয়োগ করবে। মনে রাখতে হবে, গত শতাব্দীর শেষে যে মানব দুর্ভিক্ষ বা কীর্তিমান মানুষের অভাব দেখা দিয়েছিলো, সে অভাব বা দুর্ভিক্ষ আজও শেষ হয়নি, বরং আরও সংকটপূর্ণ হয়েছে। এমতাবস্থায় পূণ্যবান পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে নিজেকে গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

বক্তাগণ আরো বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর যে কর্মসূচি ও কর্মপন্থা ছিলো, মাওলানা সুলতান যওক নদভী রহ. সেই কর্মসূচি ও কর্মপন্থা জাতির সামনে পেশ করেছেন। বর্তমান শতাব্দীতে মুসলিম উম্মাহর উত্থানের জন্য সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর কর্মপন্থা অনুসরণের কোনো বিকল্প নেই, বরং আলী মিয়াঁ নদভী রহ.-এর মিশন অনুসরণ করা ছাড়া এ জাতির মুক্তি সুদূর পরাহত। প্রকৃত মানুষের অভাবের সময় সুলতান যওক নদভী রহ. এর বিদায় যে শূন্যতা তৈরি করেছে, তা কখনো পূরণ হবার নয়। তবে তাঁর মিশন ও ভিশন বাস্তবায়নে আমরা যদি নিয়োজিত হতে পারি তবে কিছুটা হলেও সে শূন্যতা পূরণ হতে পারে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়