a ৫ দিন ছুটির পর কাল খুলছে অফিস
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

৫ দিন ছুটির পর কাল খুলছে অফিস


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ০১:৫২
৫ দিন ছুটির পর কাল খুলছে অফিস

ফাইল ছবি

ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হচ্ছে আজ রবিবার (২৩ এপ্রিল)। ফলে টানা পাঁচদিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে  সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এদিন রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

মূলত: দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচদিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার।
প্রতি বছরই রমজান মানে অফিস সূচিতে পরিবর্তন আনে সরকার। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস করেছেন। সোমবার থেকে রমজানের আগের সূচিতে অফিস আদালত চলবে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি খোকন ও সম্পাদক মঞ্জুরুল হক


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৮ মার্চ, ২০২৪, ০৫:০১
সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি খোকন ও সম্পাদক মঞ্জুরুল হক

ছবি সংগৃহীত: সভাপতি মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক মঞ্জুরুল হক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

সমিতির ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থকরা ৩টি কার্যকরী কমিটির সদস্য পদেও জয় লাভ করেছে। অন্যদিকে দুটি সহসভাপতি, দুটি সহসম্পাদক, কোষাধ্যক্ষ ও আরও ৪টি কার্যকরী কমিটির সদস্য পদসহ মোট ১০টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল।

শনিবার রাত সোয়া ১টার দিকে সমিতির নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে ফলাফল ঘোষণার আগে সব পদের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে নির্বাচন পরিচালনা উপ-কমিটির কাছে চিঠি দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে নানা নাটকীয়তার পর গতকাল বিকাল ৩টার দিকে সুপ্রিম কোর্ট বারের দু-দিন ব্যাপী নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভোট গণনা ও ফলাফল ঘোষণা উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট অঙ্গনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। যে ভবনটিতে ভোট গণনা করা হয় সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) মনোনীত প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন- সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির। চারটি কার্য সদস্য পদে বিজয়ীরা হলেন- মো. বেলাল হোসেন, মো. রায়হান রনি, রাশেদুল হক খোকন ও খালেদ মোশাররফ।

অপরদিকে, বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল হিসেবে পরিচিত) থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন (খোকন) ও তিনটি সদস্য পদে সৈয়দ ফজলে এলাহী অভি, সফিকুল ইসলাম এবং ফাতিমা আক্তার জয়ী হয়েছেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ডিজিটাল সিকিউরিটি আইনের বাতিলের দাবিতে গণফোরামের মানববন্ধন


মুক্তসংবাদ প্রতিদিন:
রবিবার, ০৭ মার্চ, ২০২১, ৯:৫৮
ডিজিটাল সিকিউরিটি আইনের বাতিলের দাবিতে গণফোরামের মানববন্ধন

ছবি: সিফাত, এমএস প্রতিদিন

গতকাল বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরামের নেতৃত্বে কারা হেফাজতে মারা যাওয়া লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এবং নোয়াখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুরতর আহত সাংবাদিক বুরহান উদ্দিন ওরফে মোজাক্কির হত্যার বিচার ও ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবিতে যুব গণফোরামের ব্যানারে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

যুব গণফোরামের ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, এডভোকেট হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, নাসির হোসেন, মুহা্ম্মদ উল্লাহ মধু প্রমুখ বক্তব্য দেন।

অপরদিকে, বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের হলরুমে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের অপর অংশ সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইন বাদ দেওয়ার দাবি জানিয়ে বলেন, ডিজিটাল আইনের কথা বলে আমাদের যেভাবে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে তা থেকে মুক্তি দিতে হবে।

ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সংসদ সদস্য মোকাব্বির খান। উপস্থিত ছিলেন আওম শফিকউল্লাহ, মোশতাক আহমেদ, জানে আলম, সুরাইয়া বেগম ও সেলিম আকবার।

উল্লেখ্য, গণফোরামের একটি অংশ ড. কামাল হোসেনকে কেন্দ্র করে এবং অপরটি দলের বৃহৎ অংশটি মন্টু-সুব্রত ও আবু সাইয়িদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ইতিপূর্বে দলের মধ্যে বহিষ্কার-পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটলেও পরবর্তীতে দু'পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে বলে একাধিক সূত্রে জানা যায়। 

 

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়