a ক্যাসিনো–কাণ্ডে অভিযুক্ত ও বহিস্কৃত নেতাদের পুনর্বাসনের সংবাদে টিআইবির উদ্বেগ
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ক্যাসিনো–কাণ্ডে অভিযুক্ত ও বহিস্কৃত নেতাদের পুনর্বাসনের সংবাদে টিআইবির উদ্বেগ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২৪ ফেরুয়ারী, ২০২৩, ০৯:১৪
ক্যাসিনো–কাণ্ডে অভিযুক্ত ও বহিস্কৃত নেতাদের পুনর্বাসনের সংবাদে টিআইবির উদ্বেগ

ফাইল ছবি

ক্যাসিনো-কাণ্ডে অভিযুক্ত ও বহিষ্কৃত নেতাদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতিবিরোধী সংস্থাটি বলেছে, একজন সংসদ সদস্যের সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন কমিশনকে দেখে নেওয়ার হুমকি একসূত্রে গাঁথা।

টিআইবি বলেছে, রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাতে সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকার জিম্মি করার এই হীন প্রচেষ্টায় তারা হতাশ। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ক্ষোভের কথা প্রকাশ করেন টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্যাসিনো-কাণ্ডে অভিযুক্ত ও বহিষ্কৃত নেতা বিদেশে দীর্ঘদিন পলাতক থেকে চমকপ্রদ উপায়ে দেশে ফিরে দায়িত্বশীলদের উপস্থিতিতে হকি ফেডারেশনে পুনর্বহাল হয়েছেন। একই সঙ্গে আরও একাধিক অভিযুক্ত নেতা রাজনৈতিক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ করে নিচ্ছেন। এটি সরকার প্রধানের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণাকে পদদলিত করার প্রকট দৃষ্টান্ত।

যুবলীগের সাবেক নেতা এ কে এম মমিনুল হক সাঈদ ওরফে ‘ক্যাসিনো সাঈদ’ ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর আলোচনায় আসেন। তখন ক্যাসিনো-কাণ্ডে যুবলীগের মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী (সম্রাট), সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াসহ অনেকে গ্রেপ্তার হলেও সাঈদ ধরা পড়েননি।

কারণ, অভিযান শুরুর কয়েক দিন আগেই তিনি দেশের বাইরে চলে যান। এরপর ওই বছরের ১৭ অক্টোবর তাঁকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করে সরকার। তিনি গত জানুয়ারির শেষ দিকে দেশে আসেন। দেশে ফিরে ক্যাসিনো সাঈদ প্রথম প্রকাশ্যে আসেন ১৪ ফেব্রুয়ারি।  সেদিন রাজধানীর তেজগাঁওয়ের ফ্যালকন হলে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভায় আকস্মিকভাবে হাজির হন তিনি।

আজ ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, ক্ষমতাসীন জোটের একজন সংসদ সদস্য দুর্নীতির অভিযোগে মামলা করার কারণে দুদককে যে ভাষায় হুমকি দিয়েছেন, তা শুধু আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনই নয়। তার কর্তৃত্বাধীন সাংগঠনিক সক্ষমতাকে পেশিশক্তি হিসেবে ব্যবহারের নগ্ন উদাহরণ। অথচ আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি অভিযুক্ত ব্যক্তিদের নির্দোষ প্রমাণ করার প্রয়াসের পথে হাঁটতে পারতেন।  

গত সোমবার দুদকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এই সংসদ সদস্য সেদিন বলেন, ‘দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চেনেনি। যা তা কমেন্ট করছেন সহকারী পরিচালক। চামড়া সব ছিঁড়ে ফেলব। মাইজভান্ডারীর গায়ে হাত!’

সংসদ সদস্য নজিবুল বশরের এই  বক্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নজিবুল বশরের এই বক্তব্য দেওয়া সমীচীন নয় বলে মনে করেন হাইকোর্ট।

গতকাল বৃহস্পতিবার নজিবুল বশরের বক্তব্য নজরে আনার পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘আমরা সবাই কেমন যেন অসহিষ্ণু হয়ে পড়ছি। সিভিল সোসাইটির একজন মানুষ, ভালোভাবে বলতে পারতেন। তাঁর মন্তব্য আরও সুন্দর হওয়া উচিত ছিল।’

টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান বলেন, ‘এই পরিস্থিতি দুর্নীতিবিরোধী অঙ্গীকার এবং দুর্নীতি প্রতিরোধক আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাতে জিম্মি করার হীন প্রয়াস। সরকার ও ক্ষমতাসীন দল দেশবাসীকে কী বার্তা দিতে চাইছে? ‘যেকোনো অপরাধই করা হোক না কেন, ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকলে তা থেকে পার পাওয়া যাবে! রাজনৈতিক অঙ্গনকে পেশিশক্তি ও দুর্বৃত্তায়নের প্রাতিষ্ঠানিকীকরণের এই অশুভ প্রক্রিয়াকে প্রতিহত করার দায়িত্ব সরকার ও ক্ষমতাসীন জোটকেই নিতে হবে।’ সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নির্বাচন ঘিরে রাজনৈতিক ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা: যুক্তরাষ্ট্র


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১১:৩৩
নির্বাচন ঘিরে রাজনৈতিক ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা: যুক্তরাষ্ট্র

ফাইল ছবি


বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে এক প্রতিবেদনে ওই আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বের ১৬০টিরও বেশি দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ মূল্যায়ন করে ২০২৩ সালের ওই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহাসিকভাবে মধ্যপন্থি, ধর্মনিরপেক্ষ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্র। কিন্তু এ দেশটি ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের প্রথম দিকে সাধারণ নির্বাচনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। 

সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচন অনিয়ম, সহিংসতা ও ভয়ভীতি দ্বারা প্রভাবিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের কিছু পদক্ষেপের কারণে বিরোধী রাজনৈতিক, বিচার বিভাগ এবং গণমাধ্যম ও নাগরিক সমাজের স্বাধীনতা সঙ্কুচিত হয়েছে।

বৈদেশিক মুদ্রার ঘাটতি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশের ঋণ নেওয়া, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধির প্রসঙ্গ প্রতিবেদনে স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের কারণ হিসেবে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের মধ্যে কৌশলগত অবস্থান এবং বড় শ্রমশক্তির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত করতে অপর্যাপ্ত অবকাঠামো, সীমিত অর্থায়নের উপকরণ, আমলাতান্ত্রিক বিলম্ব, শ্রম আইনের শিথিল প্রয়োগ এবং দুর্নীতি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করে চলেছে। এ সীমাবদ্ধতা কমাতে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে।

তবে বাংলাদেশ এখনো তার বিদেশি বিনিয়োগ নীতি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। যুক্তরাষ্ট্র মনে করে, শ্রম, মেধা সম্পত্তি অধিকার (আইপিআর) এবং পরিবেশের ক্ষেত্রে বাংলাদেশ সময়োপযোগী আইন প্রণয়ন করেছে। কিন্তু সেগুলো কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে না। গত এক দশকে অগ্নিনির্বাপণ ও নিরাপত্তার মানোন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে শ্রমিকদের স্বাধীনতা ও দর-কষাকষির অধিকার সীমিত।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশগত অনেক সম্মেলনে বাংলাদেশ যোগ দিয়েছে। কিন্তু এর পরও ঢাকা বায়ুদূষণের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ শহরগুলোর অন্যতম। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সিরিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১১:২৯
সিরিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল

ফাইল ছবি

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট সফলতার সাথে ইসরায়েলের দুটি গাইডেড মিসাইল প্রতিহত ও সেগুলোকে ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়া’র প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ইসরায়েলের দুটি এফ-১৬ বিমান থেকে গাইডেড মিসাইল ছোঁড়া হয়, তাৎক্ষণিকভাবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয় এবং ক্ষেপণাস্ত্র দুটি মধ্য আকাশে ধ্বংস করে দেয়। রাজধানী দামেস্কের দক্ষিণে সাইয়্যেদা জয়নাব শহরের ওপর ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ পড়ে।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটি ইসরায়েলের গাইডেড মিসাইল ধ্বংস করার কাজে রাশিয়ার দেওয়া বাক-এমটুই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েল সিরিয়ার ওপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এর আগে গত বুধবার ও সোমবার দখলদার বাহিনী সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে প্রতিবারই সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - মতামত