a
ছবি সংগৃহীত
বিশেষ প্রতিনিধি, ঢাকা: একটি দেশের শান্তি ও অগ্রগতির জন্য সুস্থ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি মূলত সেই দেশের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার উপর নির্ভর করে। তবে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি গড়ে ওঠে না; এটি দীর্ঘমেয়াদি চর্চার মাধ্যমে ধীরে ধীরে বিকশিত হয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমেই পরিপূর্ণতা অর্জিত হয়। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র দীর্ঘ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। কিন্তু এশিয়া ও আফ্রিকার তৃতীয় বিশ্বের দেশগুলো এখনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে ব্যর্থ, যা তাদের সমাজে শান্তি ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।
ভারতকে বিশ্বের সবচেয়ে বড় এবং সফল গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এখনো তাদের জনগণের জন্য একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পিছিয়ে রয়েছে।
গত চুয়ান্ন বছরে বাংলাদেশ এখনো একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারেনি, এবং এর পেছনের কারণগুলো গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার অভাবকে এর প্রধান কারণ হিসেবে দেখা হয়।
স্বাধীনতার পর শেখ মুজিব সরকারের পক্ষ থেকে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আন্তরিকতা দেখা যায়নি। বরং তিনি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যা গণতন্ত্রপ্রেমী জনগণ এবং যুক্তরাষ্ট্রের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়ে। অবশেষে এটি ১৯৭৫ সালের মধ্য আগস্টে তাঁর পতনের কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশের রাজনীতি একসময় একটি সুস্থ ধারায় যাত্রা শুরু করলেও, ১৯৮১ সালের মে মাসের শেষ দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম মৃত্যুতে তা অকালেই থেমে যায়। হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে দেশে প্রথমবারের মতো ভণ্ডামির রাজনীতির সূচনা হয়। এরশাদের পতনের পর জনগণের মধ্যে আবারো সুস্থ রাজনৈতিক চর্চার প্রত্যাশা জাগে এবং ১৯৯১ সালের ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার যাত্রা শুরু হয়। প্রায় ১৮ বছর পর সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু হয়। অনেকেই এটিকে তৎকালীন খালেদা জিয়ার সরকারের একটি বড় ভুল হিসেবে আখ্যায়িত করেন।
আওয়ামী লীগ কৌশলে বিএনপির সংসদীয় অংশগ্রহণ এড়িয়ে যায় এবং প্রথমবারের মতো সংসদে 'ওয়াকওভার' লাভ করে। বিএনপি রাজনৈতিকভাবে পরাজিত হয় এবং আওয়ামী লীগ জামায়াতকে সঙ্গে নিয়ে সংসদ বর্জন করে।
১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের রাজনীতি নতুন মোড় নেয় এবং তৎকালীন খালেদা জিয়ার সরকার বাধ্য হয়ে নির্বাচনকালীন তিন মাসের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করে। এটি আওয়ামী লীগের দ্বিতীয় রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হয় এবং তারা একুশ বছর পর পুনরায় সরকার গঠন করে। ফলে দ্বিদলীয় রাজনৈতিক সংস্কৃতি কিছুটা গতি পায়।
তবে ২০০১ সালের জানুয়ারিতে জামায়াতের সহায়তায় বিএনপি আবার ক্ষমতায় আসে। কিন্তু ২০০৭ সালের জানুয়ারিতে বিএনপির মনোনীত রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সেনাপ্রধান হিসেবে জেনারেল মইনউদ্দিনের ক্ষমতা গ্রহণ রাজনৈতিকভাবে একটি ভয়ানক সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়। তিনি রাজনীতি থেকে নিরাপদে বিদায় নিতে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দেন।
এরপর আওয়ামী লীগ একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং সুপ্রিম কোর্টের সহায়তায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের ধারাও বাতিল করে দেয়। বিএনপি কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে এবং আওয়ামী লীগের কূট রাজনীতির বলি হয়ে ওঠে। ফলে দেশের রাজনীতি ক্রমেই অসুস্থ হয়ে ওঠে এবং জনগণের মধ্যে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসবে—এই আশাও ধীরে ধীরে মুছে যেতে থাকে।
তবে ২০২৪ সালের *জুলাই বিপ্লব* দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক রকম যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে এবং জনগণের মধ্যে ভবিষ্যৎ রাজনীতিতে এক নতুন বিপ্লবী পরিবর্তনের প্রত্যাশা জাগে। জনগণ আর ভণ্ডামিমূলক রাজনীতি দেখতে চায় না।
তবুও দেশের রাজনীতি এখনো সুস্থ রূপ নেয়নি; বরং মাঠের রাজনীতিতে দলগুলোর আচরণ ও মনোভাব আশাব্যঞ্জক প্রতিচ্ছবি তৈরি করতে পারছে না। জাতীয় কিছু গুরুত্বপূর্ণ ইস্যু, যেমন: সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে। সদ্য গঠিত রাজনৈতিক দল *NCP* সংস্কার এবং বিচার প্রক্রিয়া নির্বাচনপূর্ব শর্ত হিসেবে কড়াভাবে উপস্থাপন করছে।
তারপরও জনগণ এখনো আশাবাদী ও আত্মবিশ্বাসী যে, অদূর ভবিষ্যতে দেশে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃত দেশপ্রেম জাগ্রত হওয়া জরুরি—জনগণের জন্য, দেশের জন্য।
এই জাতীয় সংকটময় মুহূর্তে যদি রাজনৈতিক দলগুলো তাদের মহৎ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্বের জন্য কঠিন মূল্য দিতে বাধ্য হবে এবং জনগণের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি দেখার শেষ আশা-ভরসাটুকুও নিঃশেষ হয়ে যাবে।
ছবি সংগৃহীত
সংকট জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি ব্যক্তিগত ও জাতীয় জীবনে সমান গুরুত্বপূর্ণ। সংকট সমাধানের জন্য তার মূলসূত্র জানা অপরিহার্য। যদি সংকটের প্রকৃত কারণ বোঝা না যায়, তাহলে ব্যক্তিগত বা জাতীয়—কোনো ক্ষেত্রেই কার্যকর সমাধান সম্ভব নয়। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই নানা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ভুগছে।
আমাদের জাতীয় সংকটের শেকড় মূলত রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতায় নিহিত। দেশভাগের আগের সময়টিতে আমাদের ভাগ্য ভালো ছিল যে কিছু উজ্জ্বল মুসলিম নেতা পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দেশভাগের পর সঠিক নেতৃত্বের অভাব দেখা দেয়।
পাকিস্তান শুরু থেকেই তীব্র নেতৃত্ব সংকটে পড়েছিল। প্রথমত, প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর দেশটি গভীর সংকটে পড়ে। এরপর লিয়াকত আলী খানের হত্যার মাধ্যমে পাকিস্তান নেতৃত্বহীন হয়ে পড়ে। পাকিস্তানের সেই দুর্বল অবস্থার সুযোগ নিয়ে পূর্ব পাকিস্তান থেকে খাজা নাজিমুদ্দিন নেতৃত্বে এলেও তার মৃত্যুর পর সংকট আরও গভীর হয়। চৌধুরী মোহাম্মদ আলী (বগুড়া) এবং পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের নেতৃত্ব গ্রহণ করেন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হয়, যা ১৯৬৯ সালে আইয়ুব খানের পতনের মাধ্যমে শেষ হয়।
পূর্ব পাকিস্তান থেকে তিনজন প্রধানমন্ত্রী আসলেও আমাদের জনগণ তখনো রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলেছিল। যদিও পাকিস্তান তখন 'উন্নয়নের দশক' পার করছিল, কিন্তু একইসঙ্গে গণতান্ত্রিক চর্চা ধ্বংস হয়েছিল, যা জাতীয় ঐক্যের ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়ায়।
দুর্বল নেতৃত্ব ও সামরিক শাসনের সুযোগ নিয়ে ভারত তার পূর্ব পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল ভারতীয় রাজনৈতিক সংযোগের একটি প্রকৃষ্ট উদাহরণ, যা স্বাধীনতার পর শেখ মুজিব নিজেই স্বীকার করেছিলেন।
নিঃসন্দেহে, বাংলাদেশের জন্ম ভারতীয় কৌশলগত রাজনীতির ফল। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই ভারত পূর্ব পাকিস্তানে আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেছিল। যদিও আমরা একাত্তরে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় রাজনৈতিক ব্ল্যাকমেইলের শিকার হয়েছি। এখন ভারত ১৯৭১ সালের বিজয়কে তার নিজের জয় হিসেবে তুলে ধরতে চায়।
ভারত সদ্য স্বাধীন বাংলাদেশকে শুরু থেকেই নিজের উপর নির্ভরশীল করার চেষ্টা করেছে। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে ভারতের উপনিবেশে পরিণত করা এবং আমাদের নেতৃত্ব তৈরির প্রতিষ্ঠানগুলো—বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়কে দুর্বল করা। ভারত এতে সফল হয়েছে, আমাদের নেতৃত্বকে কার্যত শূন্যের কোঠায় নামিয়ে এনেছে।
আমাদের দুর্ভাগ্য যে, দূরদর্শী ও যোগ্য নেতৃত্ব এখনো আমরা পাইনি, ব্যতিক্রম শুধু জিয়াউর রহমান। তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভারতের আধিপত্যবাদী রাজনীতি বুঝতে পেরেছিলেন এবং একটি টেকসই রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। কিন্তু তার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ-কেন্দ্রিক জাতীয় রাজনীতির অবসান ঘটে।
১৯৮১ সালের মে মাসে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে আমরা নেতৃত্ব সংকটে ভুগছি। গত চার দশকে সমাজের জন্য যোগ্য নেতাদের তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি, এমনকি বিএনপিও তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
বর্তমানে আমাদের জাতীয় জীবন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রকৃত পেশাদার নেতৃত্বের অভাব সর্বস্তরে দৃশ্যমান। গত সরকার কৌশলে সমাজের সব স্তর থেকে নেতৃত্ব বিকাশের পথ বন্ধ করে দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে দিয়ে একটি পারিবারিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করেছেন জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে।
২০২৪ সালের জুলাই বিপ্লবের পর নতুন পরিবেশে আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। প্রথমত, এই বিপ্লবের কিছু অংশগ্রহণকারী বিপ্লবের চেতনাকে অগ্রাহ্য করছে। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন এবং নবগঠিত এনসিপি (NCP) গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলোর—বিশেষ করে নির্বাচন ও সংস্কার প্রশ্নে ঐকমত্যে আসতে পারছে না।
তারা জাতীয় স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, যা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে। অথচ জুলাই বিপ্লবে ছাত্ররা অসাধারণ ভূমিকা রেখেছে, যা ইতিহাস কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
তবে নেতৃত্বের জন্য শুধু আবেগ নয়, অভিজ্ঞতাও জরুরি। অল্পবয়সী ছাত্ররা এখনো রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট পরিপক্ব নয়। তাদের ধাপে ধাপে রাজনীতি, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছেড়ে দিতে পারি না, কারণ এটি কোনো পরীক্ষার বিষয় নয়। তাদের ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত নেতা হয়ে উঠতে হবে।
আমাদের সমাজের নেতৃত্ব সংকট দূর করতে হলে সুপরিকল্পিত নেতৃত্ব তৈরির কোনো বিকল্প নেই। কিন্তু শেখ হাসিনা তার ভারতীয় প্রভুদের সহায়তায় ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে ধ্বংস করেছেন।
জনপ্রশাসনের কোনো খাতই তিনি অক্ষত রাখেননি। যদি নেতৃত্ব বিকাশের জন্য জরুরি সংস্কার না করা হয়, তাহলে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ধরে রাখতে পারবে না। আমাদের শিক্ষাব্যবস্থা, প্রশাসন ও বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে, যা তাদের স্থানীয় দোসরদের সহায়তায় ভারত অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করেছে।
যোগ্য ও মেধাবী মানুষ ছাড়া আমাদের পক্ষে এই বিশাল প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকা অসম্ভব। ভারতের সমাজে মেধাবী ও দক্ষ মানুষের অভাব নেই। শুধু আবেগ ও বড় বড় কথা বলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
আমরা এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে পারিনি, অথচ নেতৃত্ব সংকট এখন সবচেয়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের হাতে সময় খুবই কম। এখনই যদি নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব না দিই, তাহলে জাতির ভবিষ্যৎ সংকটে পড়বে।
লেখক: ড. শেখ আকরাম আলী
কলাম লেখক ও আন্তর্জাতিক বিশ্লেষক, মুক্তসংবাদ প্রতিদিন
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
বিশেষ প্রতিনিধি, ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের পতন ঘটেছে। এই দীর্ঘ সময়ে স্বৈরশাসক দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারমধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ পুলিশ। অন্যায়ভাবে প্রায় ২২০০ পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করা। যার ফলশ্রুতিতে ভিকটিম পুলিশ সদস্যরা এবং তার পরিবাররা আজ জাতীয় প্রেসক্লাব ঢাকায় এক সংবাদ সম্মেলন আয়োজন করেন।
এত বৃহৎ সংখ্যক পুলিশ সদস্য কিভাবে চাকুরিচ্যুত হলেন সেই বিষয়ে অনুষ্ঠানের মুখপাত্র তৌহিদ মন্ডল বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে অন্যায়ভাবে প্রায় ২২০০ পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করার মাধ্যমে পুলিশ বাহিনীর নিম্নপদস্থ কর্মচারীদের মনে চাকুরি হারানোর আতঙ্ক সৃষ্টি হয়। এরই ফলস্বরূপ জুলাই-আগষ্ট বিপ্লবে পুলিশ বাহিনীর কিছু সিনিয়র দানবদের অবৈধ আদেশ পালন করে চাকুরি বাচাতে অনিচ্ছা স্বত্ত্বেও গণহত্যার মতো অপরাধ করতে বাধ্য হয়।
স্বৈরাচারী সরকারের আমলে পুলিশ বাহিনীর বেশিরভাগ সিনিয়র কর্মকর্তা পুলিশ বাহিনীকে ভয়ঙ্কর দানবে পরিণত করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলা দিয়ে চাকুরিচ্যুত করেছে।
বিভাগীয় মামলা তদন্তের ক্ষেত্রে ন্যায় সঙ্গত কোনপ্রকার প্রসিডিউর অনুসরণ করেনি। তদন্তকারী কর্মকর্তা, তদন্ত, মিথ্যা স্বাক্ষ্য গ্রহন সহ সকল কিছুতেই তাদের পক্ষের একতরফা নীতি অনুসরন করেছে। তারা এমনভাবে মামলা সৃজন করেছে যেন, আদালত থেকেও কোনভাবে বিবাদী নিজেকে নির্দোষ প্রমান করতে না পারে।
বিজ্ঞ আদালত হতে ০১ রায়, ০২ রায়, ০৩ রায় পাওয়ার পরেও আমাদেরকে চাকুরিতে পূণর্বহাল করেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি না থাকা স্বত্ত্বেও রাজারবাগ পুলিশ হাসপাতাল ও অন্যান্য অনুমোদনহীন হাসপাতাল থেকে ডোপ টেষ্টের মাধ্যমে নিরীহ পুলিশ সদস্যদেরকে চাকুরিচ্যুত করেছে। বেশিরভাগ চাকুরিচ্যুত পুলিশ সদস্য ঐদিনই ঢাকা মেডিকেল ও পিজি হাসপাতাল থেকে ডোপ টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দিলেও তা গ্রহ করেনি।
ডোপ টেষ্টে যারা মোটা অংকের টাকা ঘুষ দিয়েছে বা যারা স্বৈরাচারী সরকারের লোক ছিলেন তাদেরকে চাকুরিতে বহাল রেখেছেন। আর যারা টাকা দিতে পারেনি তাদেরকে চাকুরিচ্যুত করেছেন।
যারা অন্যায়ের বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ফেসবুকে কমেন্ট করেছেন তাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করেছেন। বিগত স্বৈরাচারী দোসরদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে কিছু পুলিশ সদস্য কে চাকুরিচ্যুত করতে মিথ্যা নাটক সাজিয়ে মাদক ও অস্ত্র দিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছেন।
পুলিশ বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা নিজেদের পরিচিত লোকের মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ দিয়ে অসংখ্য পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করেছেন।
২০০৭ সালে সাবেক আইজিপি জনাব নূর মোহাম্মদ স্যার বিভাগীয় মামলার ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি প্রদানের প্রজ্ঞাপন জারী করেন কিন্তু স্বৈরাচারী সরকারের দোসরার আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে ছোট-খাটো অপরাধের সর্বোচ্চ শাস্তি চাকুরিচ্যুত করেছেন।
অন্তবর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অব. এম সাখাওয়াত হোসেন স্যার মানবিক বিবেচনায় সকল পুলিশ সদস্যকে পূনর্বহালের আদেশ প্রদান করার পরেও স্বৈরাচারী সরকারের নিয়োজিত দোসররা তা বাস্তবায়নে বাধা প্রদান করছেন।
অনেক পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করার পর যদি বিজ্ঞ আদালতে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে চায়। তা হলে গুম খুনের হুমকি দিয়েছেন। এসবের ভয়ে অনেক পুলিশ সদস্য আদালতে মামলা দায়ের করতে পারেনি। অনেক পুলিশ সদস্যকে জোর পূর্বক অথবা স্বাক্ষর জাল করে চাকরি হতে স্বেচ্ছায় অবসর বা বাধ্যতামূলক গ্রহন করতে বাধ্য করেছে।
পুলিশ প্রধান পি আর বি ৮৮৪ প্রবিধান মতে সকল চাকুরিচ্যুত পুলিশ সদস্যকে পুনর্বহালের ব্যবস্থা গ্রহন করার ক্ষমতা থাকিলেও বিগত স্বৈরাচারী দোসরদের বাধার কারনে তাহা প্রয়োগ হচ্ছে না।
আজকে যখন গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক পালিয়ে গেছে তখন পুলিশ বাহিনীও কিন্তু তার দোসর আমাদেরকে চাকুরিতে পুনর্বহাল করার কথা নিয়েও তালবাহানা করছে। আমরা বর্তমান সরকারের বিনীত আবেদন জানাচ্ছি | আমাদেরকে সকল সুযোগ-সুবিধা সহ চাকুরিতে পুনর্বহাল করা হোক এবং বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে স্বৈরাচারী দোসরদের অপসারণ করা হোক।
বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরব ফিরিয়ে আনুন এবং আমাদেরকে পরিবার-পরিজন নিয়ে দেশের সেবা করার সুযোগ দিন - এই হল ভিকটিম পুলিশ সদস্যদের আকল আবেদন।
তারা আরো বলেন, সরকার যদি ১৫২২ জনকে চাকরিতে পুনর্বহাল করে থাকে তাহলে এর আদেশ লিখিত এবং প্রজ্ঞাপন আকারে আমরা চাই। ভিকটিম পুলিশ সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা গত দুদিন ধরে জাতীয় প্রেসক্লাব ঢাকার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।