a প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অনিয়ম: পরিদর্শনে মাঠে নামছে ৫ টিম
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অনিয়ম: পরিদর্শনে মাঠে নামছে ৫ টিম


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ০৯ জুলাই, ২০২১, ০৮:৫১
প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অনিয়ম: পরিদর্শনে মাঠে নামছে ৫ টিম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম-অসঙ্গতি ও অগ্রগতি পরিদর্শনে পাঁচটি টিম নামছে মাঠে। এসব টিম প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুইদিনে ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা সফর করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, শুক্রবার (৯ জুলাই) সকালে টিমগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশের বিভিন্ন স্পটের উদ্দেশে যাবে। তারা শনিবার রাতে ফিরে এসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করবেন।
 
সূত্রটি আরো জানায়, অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে অনেক জায়গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশপাশি কিছু জায়গায় নির্মাণেও অনিয়ম ধরা পড়েছে। এসব ঘর দ্রুতই মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মেরামত কাজ দেখতেই এই সফর। পাশপাশি এই প্রকল্পের কোনো সমস্যা থাকলেও মাঠ পর্যায়ে পরিদর্শনের মধ্যদিয়ে তুলে আনা হবে।

আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন এ বিষয়ে বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেকগুলো কেস (ঘটনা) পেয়েছি। আমাদের কাছে প্রতিটি কেসই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি বাড়ির সঙ্গে একেকটি পরিবারের স্বপ্ন জড়িত। এজন্যই এ রকম একটি মহামারি পরিস্থিতির মধ্যেও আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিদর্শনে নামছি।’

এদিকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‌‘এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এর সঙ্গে আমাদের সবার আবেগ জড়িয়ে আছে। এই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তি পেতেই হবে। কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ১ লাখ ২০ হাজার পরিবারকে বাড়ি করে দেয়া হয়। ঝড়-বৃষ্টির কারণে সম্প্রতি কিছু ঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও ঘর নির্মাণ নিয়েও বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে। আর এ কারণেই তদন্ত করে ইতোমধ্যে ব্যবস্থাও নিয়েছেন তারা। এরইমধ্যে পাঁচ কর্মকর্তাকে (উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ওএসডি করা হয়েছে। এছাড়া অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জামালপুর মাগারগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ১৭ মে, ২০২১, ০৩:৫১
জামালপুর মাগারগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বসতঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

নিহত হতভাগ্য ব্যক্তিরা হলেন জেলার মাদারগঞ্জ উপজেলার হাটবাড়ী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে ইলিম উদ্দিন (৬০), চরলুটাবর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রাজু (৩৫) ও বীরলুটাবর গ্রামের বিন্দু সেকের ছেলে মিন্টু (২৮)। 

নিহত ইলিম উদ্দিনের নাতী নরুল ইসলাম জানায়, সোমবার সকালে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় মোস্তাফিজুর রহমান রাজুর মালিকানাধীন বসতঘর মেরামতের কাজ করছিলো। বসতঘরের চাল খুলে সরিয়ে নিতে রাজুকে সহযোগিতা করছিলো ওই ঘরের ভাড়াটিয়া মিন্টু, সাখাওয়াত ও প্রতিবেশী ইলিম উদ্দিন।

এ সময় বসতঘরের ওই চাল বিদ্যুতের খুঁটির সঞ্চালন লাইনে স্পর্শ হলে সাথে সাথেই চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদের মধ্যে রাজু, মিন্টু ও ইলিম উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত সাখাওয়াতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।  

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (১৫ এপ্রিল) মৃত্যু ৯৪, শনাক্ত ৪১৯২, সুস্থ ৫৯১৫


স্বাস্থ্য ডেস্ক:
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ০৫:২৮
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৯৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮১ জন। 
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪১৯২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। 
 
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৯১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ