a বিএনপির এক দফা আন্দোলনে আওয়ামী লীগ চিন্তিত নয়
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিএনপির এক দফা আন্দোলনে আওয়ামী লীগ চিন্তিত নয়


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৯ জুলাই, ২০২৩, ১১:৫৬
বিএনপির এক দফা আন্দোলনে আওয়ামী লীগ চিন্তিত নয়

ফাইল ছবি

শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর এক দফার আন্দোলন নিয়ে চিন্তিত নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মনে করছে, ২০১৪ সালের নির্বাচনের আগে থেকে সর্বশেষ গত ডিসেম্বর পর্যন্ত যত আন্দোলন করেছে বিএনপি, সবগুলোই এক দফার ছিল। এটি নতুন কিছু নয়।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, বিএনপির আন্দোলন কর্মসূচিতে চিন্তিত না হলেও রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে যা যা করণীয়, সবই করবে আওয়ামী লীগ। এরই মধ্যে বিএনপির ‘তারুণ্যের সমাবেশের’ পাল্টা হিসেবে দেশের আট বিভাগীয় শহরে ছাত্র ও যুব সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। মূলত দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সমন্বয়ে এসব সমাবেশ করা হবে। এসব কর্মসূচিতে নিজ নিজ বিভাগের মহানগর আওয়ামী লীগের কমিটির ভূমিকা থাকবে। দিন-তারিখ এখনো ঠিক হয়নি। তবে চলতি মাস থেকেই সমাবেশগুলো শুরুর কথা রয়েছে।

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি যে এক দফা আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা বলছে, তা মাথায় রেখেই এসব সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন। তাঁরা বলছেন, বিএনপি যাতে এককভাবে রাজপথের দখল নিতে না পারে, সেটাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। এ জন্যই ছাত্র ও যুবসমাজের নামে তরুণদের রাজপথে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বাইরে বিএনপির চলমান কর্মসূচি দেখে আওয়ামী লীগের পক্ষ থেকে ভিন্ন কর্মসূচিও নেওয়া হতে পারে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গনমাধ্যমকে বলেন, আট বিভাগে সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে সমাবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো কর্মসূচি চূড়ান্ত হয়নি। শিগগিরই একটা বৈঠক করে চূড়ান্ত করা হতে পারে। তিনি আরও বলেন, বিএনপি কী করবে, এটা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। তাদের পুরো মনোযোগ এখন নির্বাচনের দিকে।

আওয়ামী লীগের এসব কর্মসূচি বাস্তবায়নে বরাবরই সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকেই সামনে রাখা হয়। সহযোগী সংগঠনগুলোর সূত্র বলছে, ‘রাজপথের নিয়ন্ত্রণ যার, রাজনীতি ও ভোটের নিয়ন্ত্রণ তার’—এমনটাই তারা মনে করে। আগে এই কাজে আইনশৃঙ্খলা বাহিনী মুখ্য ভূমিকা পালন করেছে। এবার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আওয়ামী লীগ সামনে থাকবে। পরে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা পালন করবে।

যুবলীগের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধীরা এক দফার যে আন্দোলনের পরিকল্পনা নিয়েছে, তা মূলত রাজপথ দখলের চেষ্টা। আওয়ামী লীগের নেতৃত্বে সহযোগী সংগঠনগুলো রাজপথ যেকোনো মূল্যে নিজেদের দখলে রাখবে। এ ক্ষেত্রে সংঘাত হলে কিছু করার নেই। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

দিশেহারা এখন বিএনপি, ফান্দে পড়িয়া বগা কান্দে: কাদের


খোরশেদ আলম, মুুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১:৩০
দিশেহারা এখন বিএনপি, ফান্দে পড়িয়া বগা কান্দে: কাদের

ফাইল ছবি

 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এতদিন দৌড়াতে দৌড়াতে এখন দাঁড়িয়ে গেছে। পথ হারিয়ে বিএনপি পদযাত্রায় দাঁড়িয়ে গেছে। বিএনপি এখন দিশেহারা, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। দিশেহারা ফখরুল এখন চোখে অন্ধকার দেখছেন। একদিকে লন্ডনের ফরমায়েশ, অন্যদিকে টাকাওয়ালাদের টাকা, ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা, চোখে অন্ধকার দেখছেন।’

শনিবার বিকালে ময়মনসিংহের সার্কিট হাউজে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে কাদের বলেন, ‘আপনারা খুশি থাকলে বিএনপি খুশি থাকে না। আসলে মানুষ খুশি থাকলে বিএনপি খুশি না। বিএনপির ভোট কমে গেলে মানুষের প্রতি বিএনপি খুশি থাকে না।’

সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে এদেশের মানুষ আর চায় না। ধানের শীষ মানুষ এখন চায় না। ধানের শীষ পেটের বিষ। ধানের শীষের আরেক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ।

তিনি বলেন, ‘খেলা হবে, জোরদার খেলা হবে’ আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র ধ্বংস করেছেন আপনারা। মেরামত করবে কে? মেরামত করেছেন শেখ হাসিনা। সেজন্যই আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। ৭ই মার্চ, জয় বাংলা নিষিদ্ধ করেছিল বিএনপি।’ সুত্র:যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহানকে ফুলেল শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ১৫ মার্চ, ২০২১, ০৯:৪৮
নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহানকে ফুলেল শুভেচ্ছা

ছবি: কাজল, এমএস প্রতিদিন

হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ। আজ ১৫/০৩/২০২১ইং সোমবার দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলার মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি