a
ফাইল ছবি
আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে সম্প্রতি গ্রেফতার হওয়া নায়িকা, প্রযোজক ও মডেলদের আসরে যাতায়াতকারীদের লম্বা তালিকা তৈরি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তালিকায় মোট কতটি নাম আছে এবং কাদের নাম আছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি সিআইডি। তারা বলছেন- অনেক নাম পেয়েছেন। এদের মধ্যে বিত্তশালী ও পদস্থ ব্যক্তিদের নামও আছে। যাচাই-বাছাই না করে এসব নাম প্রকাশ করবে না সিআইডি। কারণ এতে অনেক নিরীহ মানুষও বিপদে পড়তে পারেন।
সিআইডির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, আলোচিত নায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম ওরফে নজরুল রাজসহ ১০-১২ জনের একটি সিন্ডিকেট অভিজাত এলাকায় নিয়মিত আসর বসাত। আসরগুলোতে মদ পান, ডিজে পার্টিসহ নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, মোবাইল ফোন, কললিস্ট, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস থেকে সিন্ডিকেটভুক্তদের আসরে যাতায়াত করা প্রায় ৩০০ জনের নাম পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তাদের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গ্রেফতার হওয়ার পর রিমান্ডে থাকা ব্যক্তিরা। প্রাপ্ত নামের অনেকগুলোই ছদ্মনাম বা সাংকেতিক নাম। সিআইডি তাদের জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত তদন্তের সহায়তায় প্রকৃত নাম ঠিকানা, পেশা, আয়ের উৎস ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করছে। বিশাল এই তালিকা থেকে যাছাই-বাছাই শেষে তালিকাটি ছোট ও নির্ভুল করে আনার কাজ করে যাচ্ছে সিআইডি। এ ছাড়া আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর, শরিফুল হাসান মিশু ও মাসুদুল ইসলাম ওরফে জিসানের চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসা এবং তাদের ঘনিষ্ঠজনদের বিষয়েও খোঁজখবর নিচ্ছে সিআইডি।
গত শনিবার সিআইডি হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, পিয়াসা, মৌ, নজরুল ইসলাম রাজ, মিশু হাসানের বাসায় তল্লাশি অভিযান চালায়। এসব বাসা থেকে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন আলামত ও ডিভাইস উদ্ধার করা হয়েছে। ল্যাপটপ, ডেস্কটপ পাসপোর্ট, মোবাইল, হার্ডডিস্ক ও ফেরারি গাড়ি জব্দ করা হয়। তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সিআইডি।
রবিবার দুপুরে রাজধানীর মালিবাগে প্রধান কার্যালয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘দায়ের হওয়া সাত মামলার ডকেট ও আসামি বুঝে পেয়েছি। আসামিরা আমাদের হেফাজতে আসার পর ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছি। তারা অনেক তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা যাবে না। আমরা প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই করছি।’ শেখ ওমর ফারুক আরও বলেন, ‘নজরুল রাজ, পরীমণি ও পিয়াসাদের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যোগাযোগ ও সম্পৃক্ততার তথ্য আমরা পেয়েছি। যাদের অনেকেই তাদের আড্ডা ও ডিজে পার্টিতে যেতেন।
যাতায়াতকারীদের মধ্যে ব্যাংকার, বিত্তশালী ও পদস্থ ব্যক্তিদের নামও রয়েছে।’ পরীমণির সঙ্গে ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সখ্য বিষয়ে সিআইডি কর্মকর্তা বলেন, ‘আমরা বিভিন্ন পেশার অনেকেরই নাম পাচ্ছি কিন্তু সেগুলো এখনই বলা যাবে না। যেহেতু অনেকগুলো মামলা এবং অনেক তথ্যের ছড়াছড়ি সেজন্য অনেক নিরপরাধ মানুষ ফেঁসে যেতে পারেন। সেটি যেন না হয় সেজন্য আমরা কোনো ধরনের তাড়াহুড়া করছি না। ধারাবাহিকভাবে আমরা তদন্ত কাজ এগিয়ে নেব।’
সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, ‘আমরা দেখছি কিছু গণমাধ্যম বিভিন্ন ব্যাংক কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশ করে সংবাদ প্রচার করছে। সেখানে সিআইডির বরাত দিয়ে কয়েকজন ব্যাংক কর্মকর্তার নাম প্রকাশিত হয়েছে। আমরা নিশ্চিত করে বলতে চাই সিআইডির কোনো কর্মকর্তা এসব তথ্য দেননি।’ এই সিন্ডিকেটের হাতে ব্ল্যাকমেলের শিকার কোনো ভিকটিম অভিযোগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওমর ফারুক বলেন, ‘এখন পর্যন্ত কোনো ভিকটিম অভিযোগ করেননি। তবে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। সে অনুযায়ী তদন্ত চলছে। আসামিদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও তথ্যের প্রয়োজন হলে আমরা আসামিদের ফের রিমান্ডে নেব।’
সিআইডি কর্মকর্তা বলেন, ‘পুলিশের হেফাজতে থাকা একটি ফেরারি গাড়ি আমরা নিয়ে এসেছি। এটি র্যাব জব্দ করেছিল মিশু হাসানের বাসা থেকে। আমরা গাড়িটির বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এ ছাড়া মিশু হাসানের বাসায় অভিযান চালিয়ে আরও বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। আমরা তদন্তের স্বার্থে সেসব বিষয় প্রকাশ করছি না।’
সিআইডির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এই সিন্ডিকেট বিভিন্ন ব্যাংকে চাকরি ও বড় অংকের ঋণ পাওয়ার বিষয়ে তদবির করত। বিশেষ করে দুটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নামও প্রকাশ করেছে তারা। কয়েকটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, এমপির ভাই ও ছেলের নামও পাওয়া গেছে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘অভিজাত এলাকার এই ভয়াবহ সিন্ডিকেট প্রশাসনের বিভিন্ন দফতরে নিয়োগ, পদোন্নতি ও বদলির তদবির করত বলে তথ্য পাওয়া গেছে। এরা নিজের কাজ বাগিয়ে নিতে যাকে যেভাবে খুশি করা সম্ভব সে পদ্ধতি অনুসরণ করত। এমনকি সিন্ডিকেটভুক্ত তরুণীদের সঙ্গে দেশে-বিদেশে স্পেশাল প্লোজার্স ট্যুরে পাঠাত এই চক্র।’
অপর এক কর্মকর্তা বলেন, ‘নায়িকা পরীমণিসহ সিন্ডিকেটের সদস্যরা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে টার্গেট করা ব্যক্তিকে ‘হিপনোটাইজ’ করে ফেলত। তারা যে কোনো মূল্যে নিজেদের কাজ হাসিল করে নিত। এ রকম কয়েকজন ভিক্টিমের সঙ্গে তারা কথাও বলেছেন। কিন্তু তারা আইনগত ব্যবস্থা বা মামলা করতে রাজি হননি।’ প্রসঙ্গত, গত ১ আগস্ট বারিধারা থেকে মডেল পিয়াসা ও মোহাম্মদপুর থেকে মৌ, ৩ আগস্ট রাতে ভাটারা থানা এলাকা থেকে মিশু হাসান এবং তার সহযোগী জিসানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৪ আগস্ট বনানীর বাসা থেকে নায়িকা পরীমণি, প্রযোজক নজরুল রাজ, পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু ও রাজের ম্যানেজার সবুজ আলীকে গ্রেফতার করা হয়। ৬ আগস্ট গ্রেফতার করা হয় পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় সাতটি মামলা হয়েছে। মামলাগুলোর তদন্তভার পেয়েছে সিআইডি। গ্রেফতার আসামিদের সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরীমণি-সাকলায়েন কাণ্ডে পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি : পরীমণিকে বাসায় নিয়ে এডিসি গোলাম সাকলায়েন শিথিলের ১৮ ঘণ্টা সময় কাটানোর অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। গতকাল পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে (ট্রেনিং) প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুজন হলেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভিন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার। সাকলায়েন যে মামলার তদারকি কর্মকর্তা সেই মামলার তথ্য, তার বাসায় পরীমণির আসা-যাওয়ায় মামলার তদন্তে কোনো প্রভাব পড়েছে কি না, সাকলায়েন পুলিশের আইন অনুযায়ী কোনো অপরাধ করেছেন কি না- তদন্ত প্রতিবেদনে এসব তুলে ধরতে বলা হয়েছে কমিটিকে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
রাজধানীর আগারগাঁওয়ে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ি থেকে জ্বালানি তেল চুরি করে বিক্রি করা হচ্ছিলো। তিনটি দোকানে গোপনে তেল বিক্রি হতো। ৫০টি গাড়ি থেকে মাসে প্রায় ১৮ হাজার তেল চুরি হয়েছে। এই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবু কালাম (৫৬), সুমন (৪০), বাবু (২১), শাহিন (১৯)। তাদের কাছ থেকে প্রায় ৬০০ লিটার অকটেন ও পেট্রোল উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, তেল বিক্রির সঙ্গে গাড়িচালকসহ সংশ্লিষ্টরাও জড়িত। চক্রটি প্রতিদিন অন্তত ৫০টি সরকারি গাড়ি থেকে তিন থেকে চার লিটার করে তেল সংগ্রহ করত। এভাবে একটি দোকানেই সরকারি গাড়ি থেকে চুরি করা প্রায় ২০০ লিটার তেল কিনতো। একটি দোকানে ছয় হাজার লিটার এবং তিনটি দোকানে ১৮ হাজার লিটার তেল বিক্রি হয়েছে।
বুধবার বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল আগারগাঁওয়ে বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সামনে কয়েকটি দোকান সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি করে বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আজ দুপুরে তেজগাঁও জোনের এসি মাহমুদ খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে প্রায় ৬০০ লিটার অকটেন ও পেট্রোল উদ্ধার করা হয় এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি এইচ এম আজিমুল হক বলেন, প্রতি লিটার অকটেন ১০০ টাকায় কিন খোলা বাজারে ১২৮ থেকে ১৩০ টাকায় বিক্রি করত। প্রতি লিটার পেট্রোল ১১০ টাকায় কিনে খোলা বাজারে ১৩০ টাকায় এবং প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় কিনে খোলা বাজারে ১০৮ থেকে ১১০ টাকায় বিক্রি করে আসছিল চক্রটি। সূত্র: কালের কন্ঠ
ফাইল ছবি
দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী এবং মোল্লা আব্দুল গনি বারাদারকে উপপ্রধানমন্ত্রী করে অন্তর্বতীকালীন নতুন সরকারের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। গত মাসে কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর সরকার গঠন করলো তারা।
২০০১ সালে তালেবান সরকারের পতনের পর থেকে আফগানিস্তানে সম্পূর্ণ নতুন একটি প্রজন্ম বেড়ে উঠেছে। যারা ব্যক্তি স্বাধীনতা, শিক্ষা, নারী অধিকার, আন্তর্জাতিক বিনিয়োগ এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের আশা করছিল। কিন্তু, সবই যেন মুহূর্তের মধ্যেই শেষ। পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারের পতন ও তালেবানরা কাবুল দখল করার দিন থেকেই নিজেদের ভবিষ্যত নিয়ে শঙ্কায় আছেন আফগানরা। তাদের কাছে সবই দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে।
কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে আশরাফ গনি সরকারের পতন কীভাবে ঘটলো? তালেবানরা প্রথম একটি বড় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মাত্র ১০ দিনের মধ্যে কীভাবে রাজধানী কাবুলে পৌঁছে গেল? কিংবা তালেবানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় না বসে এবং কোনো ধরনের প্রতিরোধ না করেই প্রেসিডেন্ট গনি কেন দেশ ছেড়ে পালালেন? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
তালেবানরা যখন একের পর এক অঞ্চল ও প্রদেশ দখল করছিল, সে সময়ও সবাই ভেবেছিল কাবুলের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হবে। অধিকাংশ মানুষই বিশ্বাস করেছিলেন যে, উভয় পক্ষের মধ্যে (তালেবান ও গনি সরকার) একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত কাবুল পতন হবে না। কিন্তু, গত ১৫ আগস্ট কয়েক ঘণ্টার মধ্যে সবকিছু বদলে গেল। প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তারা দেশ ছেড়ে পালালেন। আফগান সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন এবং আত্মগোপনে চলে যান। ফলে সম্পূর্ণ বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তালেবান।
পশ্চিমা সমর্থিত আফগান সরকার, যারা দুই দশকের বেশি সময় ধরে ট্রিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং প্রশিক্ষণ পেয়েছিল। সবই এক নিমিষে শেষ হয়ে গেল। এই সরকারের পতনের দিন সেখানে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি। জানার চেষ্টা করেছে এসব ঘটনার পেছনের গল্প। বিবিসি ইংলিশ থেকে অনুবাদ করেছেন তাহসিন আহমেদ।
গনি সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট আশরাফ গনি খুবই উদ্বিগ্ন ছিলেন, তবে আতঙ্কিত নয়। রাজধানীর সুরক্ষার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয় এবং আফগান সেনাবাহিনীর প্রধান জেনারেল হায়বাতুল্লাহ আলিজাই ও আফগানিস্তানে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল পিটার ভ্যাসেলির সঙ্গে আলোচনা করেন তিনি। মূল পরিকল্পনা ছিল, শহরের গেটের বাইরে তালেবান যোদ্ধাদের অগ্রযাত্রা রোধ করা।
দেশের সবচেয়ে বৃহত্তম প্রদেশ হেলমান্দের সাবেক আফগান সেনা কমান্ডার সামি সাদাত'কে কাবুল নিরাপত্তা দলের নেতৃত্ব দেওয়ার জন্য একটি খসড়া তৈরি করা হয়। প্রয়োজনে যুদ্ধ করার পরিকল্পনা ছিল। তার আগে তালেবানের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতায় আসার চেষ্টা করা। যদি সেটাও অর্জন সম্ভব না হয়, তাহলে ক্ষমতা ছাড়ার জন্য কাবুল প্রশাসন কিছুটা সময় চাইবে।
সেই প্রেক্ষিতে লেফটেন্যান্ট জেনারেল সাদাত তার শীর্ষ দলের সঙ্গে দেখা করেন। কিন্তু এরই মধ্যে তালেবানরা দেশের উত্তরের সবচেয়ে বড় শহর মাজার-ই-শরীফ দখল করে নেয় এবং পূর্ব জালালাবাদ শহরে ঢুকতে শুরু করে। দু'টো শহরেই তাদের ব্যাপক লড়াই করতে হয়েছিল। সে সময় কাবুল ছিল তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ শহর।
সাবেক শিক্ষাবিদ এবং আইএমএফ কর্মকর্তা আশরাফ গনি ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। তার সরকারের অভ্যন্তরীণ সমালোচকরা বলছেন, ক্ষমতার শেষ সপ্তাহগুলোতে তালেবানের হুমকি সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট গনি।
তবে এতে কোনো সন্দেহ নেই যে, আশরাফ গনির মনের মধ্যে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর ভাগ্যের পরিণতির কথা উঁকি দিচ্ছিল। এমনকি দেশ ছেড়ে পালানোর কয়েকদিন পর সংযুক্ত আরব আমিরাতে বসে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। সেখানে দেশ ছাড়ার কারণ হিসেবে নাজিবুল্লাহর ভাগ্যের পরিণতির কথাও উল্লেখ করেন তিনি।
১৯৯৬ সালে তালেবানরা কাবুল দখল করার পর তৎকালীন প্রেসিডেন্ট নাজিবুল্লাহ তাদের হাতে আটক হন। তালেবান যোদ্ধারা তার ওপর নির্যাতন চালায় এবং হত্যা করেন। পরে তার মরদেহ প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে একটি ট্রাফিক ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখে।
রাত পেরিয়ে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাসিন্দাদের মধ্যে অস্বস্তি বাড়ছিল। কারণ, তালেবান যোদ্ধারা শহরের গেটে চলে এসেছে বলে খবর বেরিয়েছে। এর পরই ব্যাংক এবং বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন অসংখ্য মানুষ। কিন্তু প্রেসিডেন্ট গনির কাছের মানুষরা তখনো বিশ্বাস করছিলেন যে, কাবুলের পতন এত দ্রুত হবে না। এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের কর্মচারীরা আগের মতোই যথারীতি কাজে আসেন।
মূলত আশরাফ গনির অন্যতম শীর্ষ সহযোগী সালাম রহিমি আগের দিন একটি দালালি চুক্তির মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ায়। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, রহিমি তালেবানের সঙ্গে ব্যাক-চ্যানেল যোগাযোগে জড়িত ছিলেন। তিনি একটি চুক্তি নিশ্চিত করতে পেরেছিলেন যে, তালেবানরা একটি অন্তর্বর্তী ক্ষমতার বিনিময়ে জোর করে শহর দখল থেকে বিরত থাকবে। পাশাপাশি বিদেশি নাগরিকদের এবং যারা হুমকির মুখে, তাদের বিমানবন্দরে যাওয়ার অনুমতি দেবে।
সকালে কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করার প্রচেষ্টায় গনির টিম প্রেসিডেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে। যেখানে দেখা যায়, আশরাফ গনি তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে শহরের সুরক্ষা নিয়ে আলোচনা করছেন। এটি আরও দেখিয়েছে, তিনি একটি অলঙ্কৃত কাঠের ডেস্কে বসে আছেন এবং স্পিকার ফোনে মন্ত্রীর সঙ্গে কথা বলছেন। একই সঙ্গে এটাও মনে করিয়ে দিচ্ছে যে, তালেবানের সঙ্গে একটি চুক্তি আসন্ন এবং কাবুলে যুদ্ধ এড়ানো সম্ভব।
কিন্তু ওই ভিডিও ক্লিপ ও তার ফোন কল মন্ত্রীসভার অন্যান্য সিনিয়র সদস্যদের আশ্বস্ত করার জন্য যথেষ্ট ছিল না। বিবিসি সূত্র বলছে, প্রেসিডেন্ট তার দলের শীর্ষ নেতাদের কাছে পৌঁছাতে পারছিলেন না। ইতিমধ্যে তার ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ পাঞ্জশির উপত্যকায় পালিয়ে গেছেন। আর প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খানের কাছে পৌঁছানো যায়নি। ফলে পরিকল্পনাটি ধীরে ধীরে উন্মোচন হতে শুরু হয়।
অন্যদিকে, উচ্চ পর্যায়ের আফগান রাজনীতিবিদদের একটি দল ইসলামাবাদে যাওয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক ফ্লাইট ধরতে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এই দলে আফগান পার্লামেন্ট বা হাউস অফ দ্য পিপলসের স্পিকার মীর রহমান রাহমানী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট করিম খলিলিও ছিলেন। অবশ্য, পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রতিনিধি দলটির সদস্য সাকিব শরিফী সংবাদমাধ্যমকে বলেছেন যে, দেশ ছেড়ে পালানোর জন্য নয়, বরং মধ্যস্থতা এবং আফগানিস্তানে রক্তপাত এড়াতে পাকিস্তান সরকারকে রাজি করানোর উদ্দেশেই তাদের ইসলামাবাদের বিমান ধরা।
কিন্তু তারা ইসলামাবাদে যাক সেটা চাননি প্রেসিডেন্ট গনি। শরিফী বলেন, ‘তিনি (গনি) আশঙ্কা করেছিলেন যে, আমরা পাকিস্তানের সাহায্যে একটি চুক্তি করবো, যার মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হবে। তাই তিনি আমাদের যাওয়ার সম্পূর্ণ বিরোধী ছিলেন।’
আমরা শুনেছিলাম তালেবানরা গেটে রয়েছে, কিন্তু তারা এত দ্রুত শহরে ঢুকতে পারবে যে তা ভাবিনি। আগের রাতে আমরা প্রচণ্ড নার্ভাস ছিলাম এবং যে কোনো পরিস্থিতি এড়াতে অস্ত্র সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলাম, যোগ করেন তিনি।
বলেন, ‘ডলার নেওয়ার জন্য ব্যাংকের বাইরে সারি সারি লোক দাঁড়িয়ে ছিল। বিমানবন্দরের দিকে লোকজন ছুটে আসছিল। যার কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।’ ট্রাফিক এতটাই খারাপ ছিল যে, সাবেক ভাইস প্রেসিডেন্ট করিম খলিলি আলাদাভাবে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন এবং শেষ ১৫ মিনিট পায়ে হেঁটে পৌঁছান। দলটি বিমানবন্দরে পৌঁছানোর পর তালেবানের অগ্রগতির খবর নিয়মিত পাচ্ছিলেন। শরিফী বলেন, ‘প্রতি মিনিটে আমরা রিপোর্ট পেয়েছি যে, তালেবানরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করছে। পরিস্থিতি খুবই ভীতিজনক ছিল।’
বিবিসির এক প্রতিবেদক দেখেন যে, লোকেরা বিমানবন্দরে থাকা সর্বশেষ বাণিজ্যিক ফ্লাইটের টিকিটের জন্য হাতাহাতি করছে। যারা ইতিমধ্যেই টিকিট নিশ্চিত করেছেন, তাদের মধ্যেও কয়েকজনকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছিল। কারণ, তাদের জায়গা নিচ্ছিলেন সাংসদ, গায়ক এবং অন্যান্য ভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। এমন অবস্থায় বিমানবন্দরের কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীরাও সবকিছু ছেড়ে পালাতে শুরু করেন।
অবশেষে আফগান প্রতিনিধি দলটি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে সক্ষম হয়। কিন্তু বিমান ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ ফ্লাইটটিকে উড্ডয়ন না করার জন্য এবং পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে বলে। শরিফী বলেন, ‘আমরা ভেবেছিলাম যে কোনো মুহূর্তে তালেবান সদস্যরা বিমানবন্দরটি দখল করতে পারে। তাই ওই মুহূর্তে নিজেদেরকে রক্ষা করার উপায় চিন্তা করছিলাম, যদি তারা বিমানে উঠে পড়ে।’
এদিকে, প্রেসিডেন্ট প্রাসাদের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। আশরাফ গনি এখনো সফলতার সঙ্গে প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা বলেন, ‘মনে হচ্ছিল পুরো সরকারি যন্ত্র ভেঙে পড়েছে এবং উচ্চ পদস্থ কর্মকর্তাসহ লোকেরা দলে দলে বিভক্ত হয়ে গেছেন। অবস্থা এমন যে, তাদের দেখে মনে হচ্ছিল কেউই অন্যদের সম্পর্কে কিছুই জানে না। আমরা প্রাসাদ থেকে নির্দেশনার আশা করছিলাম। কিন্তু কিছুই আসেনি।’
প্রেসিডেন্ট গনির চারপাশ ক্রমশ ছোট এবং বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। একাধিক সূত্র জানিয়েছে, ওই মুহূর্তে আশরাফ গনির সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছিলেন কেবল তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মহিব এবং চিফ অব স্টাফ ফজেল ফজলি।
পশ্চিমা শিক্ষিত ৩৮ বছর বয়সী মহিব মার্কিন যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত ছিলেন। তিনি সম্ভবত জনাব গনির সবচেয়ে বিশ্বস্ত সহযোগীও। তার কোনো সামরিক বা নিরাপত্তা ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও, প্রেসিডেন্ট গনি ২০১৮ সালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানান এবং গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্তের দায়িত্বে নিয়োগ দেন।
প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরের সূত্র জানিয়েছে, দুপুরের দিকে হামদুল্লাহ মহিব জোরপূর্বক দেশ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেন। এর ঘন্টাখানেক আগে, প্রাসাদের বাইরে গুলির শব্দ শোনা গিয়েছিল। সেখানে থাকা ব্যক্তিদের মতে, প্রেসিডেন্ট নিজে চলে যেতে অনিচ্ছুক ছিলেন। তখন মহিব প্রেসিডেন্ট গনিকে বলেন, ‘তার জীবনের জন্য হুমকি আসন্ন। তালেবানরা আসার পথে রয়েছে এবং তাকে ধরে নিয়ে হত্যা করবে।’ অপরদিকে, কাবুলজুড়ে গভীর অনিশ্চয়তার পরিবেশ তৈরি হতে শুরু করে।
প্রাসাদের এক বাসিন্দা বলেন, ‘প্রায় দুপুর ২টার দিকে, আমি তখন অফিসে ছিলাম। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তালেবান যোদ্ধাদের ছবিতে পূর্ণ ছিল। তারা ইতিমধ্যে শহরে প্রবেশ করেছে। সহকর্মীরা চলে যাওয়ার জন্য তাদের জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করেন। আমরা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি। যখন আমি অফিস থেকে বেরিয়ে আসি, তখন রাস্তাগুলো লোকে পরিপূর্ণ ছিল। সব দোকান বন্ধ, আমি গুলির শব্দ শুনতে পাই এবং সবাইকে সন্দেহ করতে শুরু করি।’
একাধিক সূত্রের মতে, প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তার চলে যাওয়ার পরিকল্পনার বিরুদ্ধে ছিলেন। আশরাফ গনি, তার স্ত্রী এবং সহযোগীদের নিয়ে যাওয়ার জন্য যখন তিনটি হেলিকপ্টার প্রাসাদে পৌঁছায়, তখন সেটিতে উঠা নিয়ে রক্ষীদের মধ্যে ধাক্কাধাক্কি ও চিৎকার চলছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন যে, তারা হেলিকপ্টারে চড়ার সময় কয়েকটি ব্যাগ মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাগগুলোর মধ্যে নগদ অর্থ ছিল, যা রক্ষীদের জন্য মাটিতে ফেলা হয়েছে। যদিও পরবর্তীতে, সংযুক্ত আরব আমিরাত থেকে এক ভিডিও বার্তায় নগদ অর্থ নিয়ে পালানোর কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট গনি।
বিকেল প্রায় সাড়ে ৩টার টার দিকে প্রেসিডেন্ট গনি এবং তার ঘনিষ্ঠ সহকারীরা, মহিব এবং ফজলিসহ হেলিকপ্টারে চড়ে প্রাসাদ ত্যাগ করেন। তারা প্রথমে উজবেকিস্তানের তেরমেজ এবং পরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আশ্রয় নেন। এর ঠিক কয়েক ঘণ্টা পরই তালেবানের কাবুল দখলের ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সেখান দেখা যায়, তালেবান যোদ্ধারা বিজয়ী বেশে প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান নিয়েছেন। তারা ওই ডেস্কেও বসেন, যেখানে মাত্র কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট গনি বসে ছিলেন। সকালে গনির কনফারেন্স কলের সময় ডেস্কে একটি বই ছিল, সেটি তখনও একই অবস্থায় আছে। কিন্তু এখন তালেবানরা নতুন অধ্যায় শুরু করেছে।
বিমানবন্দরে ফেরা যাক, সেখানে সরকারের অন্যান্য উচ্চপদস্থ সদস্যরা এখনো অপেক্ষা করছিলেন। তবে প্রেসিডেন্ট গনির পালানোর খবর এখনো প্রকাশ্যে আসেনি।
ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা বলেন, ‘আমি আক্ষরিক অর্থে অপেক্ষায় থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের গণনা করতে পারি। যাদের মধ্যে মন্ত্রীরাও বসে আছেন এবং টারম্যাকের পাশে অপেক্ষা করছে। সবাই একে অপরকে প্রেসিডেন্ট গনির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করছিল। কিন্তু মনে হচ্ছে, কেউ জানে না তিনি কোথায় আছেন।’
অন্যদিকে, পাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইটটি জনাব শরিফী ও অন্যান্য আফগান প্রতিনিধি দলটিকে নিয়ে এখনো বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে। প্রায় সাড়ে চার ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছিল না। শেষ পর্যন্ত পাইলট মাকসুদ বজরানি'কে সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিমান উড়ানোর সিদ্ধান্ত নেন। তার এই পদক্ষেপের কারণে পাকিস্তানে পৌঁছানোর পর তাকে নায়ক হিসেবে প্রশংসা করা হয়। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, রানওয়েতে দুটি সামরিক বিমানকে অনুসরণ করে ফ্লাইট উড্ডয়ন করান।
আফগান প্রতিনিধি দলের হয়ে স্বস্তি প্রকাশ করেন জনাব শরিফী। তিনি বলেন, ‘দেশের মাটি ছাড়ার সময় আমরা অনেক বেশি খুশি ছিলাম। কিন্তু একই সঙ্গে আমরা দুঃখিতও। কারণ, নিশ্চিতভাবে জানতাম না যে আবার কবে নিজ দেশে ফিরে আসতে পারবো।’ তারা তখনো জানতেন না যে, প্রেসিডেন্ট আশরাফ গনি ইতিমধ্যে পালিয়ে গেছেন। সূত্র: ইত্তেফাক