a এক টুকরো আমি
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

এক টুকরো আমি


মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৮ মার্চ, ২০২১, ১১:৪০
এক টুকরো আমি

ফাইল ফটো: মুক্তা দাশ

- মুক্তা দাশ 
আমার মতো করে কিছু চাওয়ার অধিকার হারিয়েছি!                         
বহু বছর হলো ... 
সেই যে,, যেদিন শাঁখার শেকলে হাত বেঁধেছি, 
যেদিন সিঁদুরে লাল রাজটীকা কপালে এঁকেছি, 
যেদিন মাতৃত্বের স্বীকৃতি স্বরূপ সিঁথিতে 
        সিঁদুর  রাঙিয়েছি ! 
গোত্রান্তরিত হয়ে নাম লিখিয়েছি নতুন গোত্রে। 
নিজের মতো করে তোমাকে পাবার আশা 
কেবলি দুরাশা...!  অভ্যস্ত হয়ে গেছি 
তোমার মতো করে তোমাকে পেতে। 
আমার সব আমিগুলো গঙ্গার ঘাটে বিসর্জনের আরতীতে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত। 
তবুও অবশিষ্ট আছে  আজও, 
     "এক টুকরো আমি।"
ভাঙা আয়নায়
কাচের টুকরোর  মতোন...!! "আমি"। 
তাতানো রোদের আলো ঠিকরে পরে 
টুকরো টুকরো আয়নার পরে, 
সকাল সন্ধ্যা আমি নিজেকে দেখি  
কাঁচ ভাঙা আয়নার প্রতিবিম্বের গভীরে। 
দ্যুতি ছড়ায় টুকরো টুকরো ভাঙা " আমি "! 
 সম্পুর্ণ নতুন আমি হয়ে উঠার স্বপ্ন
মাথাচাড়া দিয়ে ওঠে... 
পরক্ষণেই মিলিয়ে যায়,   খোলা জানালায় 
 লোহার শিকে মোড়া খড়কুটো জীবনে। 
স্নান সেড়ে  সিঁদুরে সিঁথি রাঙাই , 
কপালে এঁকে দিই রক্তাক্ত  রাজটীকা 
স্বচ্ছ জলের পরে মুখোমুখি হই নিজের 
রাতের সব অন্ধকার ...! 
মুছে দেই ভোরের আলোয়। 
আনমনে স্বপ্নের জাল বুনি 
আমার "আমি" হয়ে পথচলার ।।

........... ফেসবুক থেকে সংগৃহীত

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

আরও পড়ুন

ফাইয়াজ-এর জন্মদিনে মায়ের আবেগঘন চিঠি


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫২
ফাইয়াজ-এর জন্মদিনে মায়ের আবেগঘন চিঠি

ছবি সংগৃহীত: শহীদ ফাইয়াজ

ফাইয়াজ -এর জন্মদিনে মায়ের আবেগঘন চিঠি
 

প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা, আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা,  ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'

জানো বাবা, সেদিন বাজার  করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ  এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করেনা।

সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!

আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।

আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭  নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭ টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।

আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানীর ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!

আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!
জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।

তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রান দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।
অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা ❤️।

তোমার মুনাম্মা
১২ সেপ্টেম্বর ২০২৪

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এমবিবিএস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ঝুঁকি নিয়ে হয়েছে



শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ০৭:১৫
ঢাকার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের অবস্থান

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতিতে ভয়াবহ পরিস্থিতি তৈরির মতো উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থার মধ্যেই আজ শুক্রবার দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আজ সারা দেশের ৫৫টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। এ বছর পরীক্ষা অংশ নিচ্ছেন ১ লাখ ২২ হাজার ভর্তিচ্ছু। এর ফলে বড় ধরনের জনসমাগম হবে, যা করোনা সংক্রমণ বাড়ানোর ঝুঁকি তৈরি করবে।

করোনা সংক্রমণ রোধে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রে প্রবেশের কড়াকড়ি থাকলেও বাইরে দেখা গেছে ভিন্নচিত্র।

রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হচ্ছেন। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে ঢোকার সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ ও হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। কিন্তু বাইরে পরীক্ষার্থীর অভিভাবকরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। মানছেন না সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধিও উপেক্ষিত হচ্ছে।

অভিভাবকদের বক্তব্য হলো-কেন্দ্রের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে লাভ কী? বাইরেই তো বিপুল পরিমাণ মানুষের ভিড়। এখানে করোনার সংক্রমণ হওয়া স্বাভাবিক।

ঢাকা কলেজ কেন্দ্রের পরীক্ষা বিষয়ক কর্মকর্তা অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি এবং কঠোর যাচাই-বাছাই ও পরীক্ষণ শেষে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। কেন্দ্রের ভেতরে যেন শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে চলেন সে বিষয়টিও তদারকি করা হচ্ছে। কোনোভাবেই কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে।

আগের নিয়মেই হচ্ছে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএর ১০০ নাম্বারসহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে জাতীয় মেধা তালিকা করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর