a
ফাইল ছবি
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত ২৫ দেশের কূটনীতিককে নিয়ে আজ বসবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান- কূটনীতিকদের নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সচিব বিভিন্ন রুটিন বৈঠক করেন। এ বৈঠকটা তারই একটা অংশ। আইএমও’র মহাসচিব পদে বাংলাদেশ প্রার্থিতা করবে। বৈঠকে এ বিষয়টা প্রচারণার একটা সুযোগ রয়েছে। শুনেছি প্রতিমন্ত্রী এ বিষয়টাই কূটনীতিকদের ব্রিফ করবেন। সূত্রমতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আমন্ত্রণে চীন ও তুরস্ককে রাখা হয়নি। কেননা, ওই দুই দেশ আইএমওর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইএমও’র প্রার্থিতার প্রচারণার জন্য হলেও হঠাৎ করে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও তিন দেশের কূটনীতিকদের বাড়তি প্রটোকল সুবিধা বাতিলের বিষয়টি আসবে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে আমন্ত্রণ পেয়েছেন- ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতরা। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
আবারও প্রতি কেজি চিনির দাম ২৫ টাকা বাড়ানোর আবদার করেছে চিনি পরিশোধনকারী মিল মালিকরা। গতকাল মিল মালিকদের সংগঠন সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কোরবানির ঈদের আগে ২২ জুন থেকে চিনির দাম বাড়াতে চান তারা।
রোজার সময় প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট চিনি ১২৫ টাকা নির্ধারণ করে দিলেও সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করেননি মিল মালিকরা। বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা এবং প্যাকেট চিনি ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন প্রস্তাবে সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি খোলা চিনি ১৪০ টাকা এবং প্যাকেট চিনি ১৫০ টাকা নির্ধারণের কথা জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়ছে কোম্পানিগুলো। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীদের দাবি অনুযায়ী চিনি আমদানি থেকে শুল্ক প্রত্যাহার ও হ্রাস করার পরও দাম বাড়ানোর এ দাবি অযৌক্তিক। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
আজ সারাদেশে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পূর্বের নিয়মানুযায়ী ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা।
রোববার (৬ নভেম্বর) বেলা ১১টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ২০২২ সালের এইচএসসি পরীক্ষা।
এবার মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৮২ হাজার ১৮৩ এবং ছাত্রী পাঁচ লাখ তিন হাজার ৫৩০ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে ৫১ হাজার ৬৯৫ ছাত্র এবং ৪৩ হাজার ৬৮ জন ছাত্রী।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ২২ হাজার ৯৩১ জন। এর মধ্যে ৮৮ হাজার ৯১৮ ছাত্র এবং ৩৪ হাজার ১৩ জন ছাত্রী।
আগামী ১৩ ডিসেম্বর এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর, যা শেষ হবে ২২ ডিসেম্বর। সূত্র: ইত্তেফাক