a আগামীকাল থেকে আবারও প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আগামীকাল থেকে আবারও প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ৩০ জুন, ২০২১, ০৪:১৯
আগামীকাল থেকে আবারও প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু

সংগৃহীত ছবি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আবারও সারাদেশে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে বুধবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করে অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানান, প্রথম ডোজ প্রদানের এ কার্যক্রম শুরু করা হবে সিনোফার্ম ও ফাইজারের টিকা দিয়ে। 

সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেওয়া হবে সিনোফার্মের টিকা। আর ফাইজারের টিকা রাজধানীর সাতটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেওয়া হবে। তবে আপাতত অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা টিকা পাবেন। 
 
এসময় তিনি বলেন, বৃহস্পতিবার (১ জুলাই) দেশব্যাপী সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস হাসপাতাল এবং সৈয়দপুর সদর হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ঢাকা শহরের মধ্যে আমরা আগে ৪৮টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আটটি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চালু করব।

তিনি আরো বলেন, অগ্রাধিকার তালিকায় যারা আছেন, বিশেষ করে আমাদের মেডিকেল, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীরা টিকা পাবেন। একই সঙ্গে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন এবং অন্যান্য অগ্রাধিকার তালিকাভুক্তরা টিকা নিতে পারবেন। এছাড়া যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু টিকা নিতে পারেননি, তারা নিতে পারবেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৩১ শিক্ষার্থী



শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ০৭:৩০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। চূড়ান্ত আবেদন প্রক্রিয়ায় জমা পড়েছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬টি আবেদনপত্র। এবারের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ১৭৩ সিটের বিপরীতে প্রতি আসনে লড়বেন প্রায় ৩১ জন ভর্তিচ্ছু।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম। তিনি জানান, গত ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত মোট তিনটি ইউনিটে চূড়ান্ত আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬টি। এর মধ্যে এ-ইউনিটে ৪৩ হাজার ৫৫৮, বি-ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ এবং সি-ইউনিটে ৪৪ হাজার ১৯৪টি আবেদন পড়েছে। যা নির্ধারিত মোট আবেদন সংখ্যা থেকে ৭ হাজার ৩৫৪টি কম। কেননা এবার রাবিতে তিন ইউনিটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার ভর্তিচ্ছুর আবেদনের সুযোগ ছিল।

তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক আরও জানান, চূড়ান্ত আবেদন করা ভর্তিচ্ছুদের নতুন করে আর কোনো আবেদনের সুযোগ থাকছে না। সকল ভর্তিচ্ছুকে অবশ্যই ২ এপ্রিলের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। 

এই ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ জুন। তিন শিফটে চলা এই পরীক্ষা শেষ হবে ১৬ জুন। বহুনির্বাচনি পদ্ধতিতে হওয়া এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে মোট ৮০টি। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ করে মোট ১০০ নম্বর নির্ধারিত হবে।  প্রতি পাঁচটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ১ নম্বর। তাছাড়া ভর্তি পরীক্ষায় থাকছে না কোনো জিপিএ নম্বর।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রুহুল কবির রিজভী করোনামুক্ত


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৫২
রুহুল কবির রিজভী করোনামুক্ত

রুহুল কবির রিজভী

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। শনিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় ও করোনার নেগেটিভ রিপোর্ট আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তার চিকিৎসা চলছে। তার অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে। তবে এখনো তাকে নরমালি অক্সিজেন দেয়া হচ্ছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং নিজে নিজেই হাঁটাচলা করতে পারছেন।
 
উল্লেখ্য, গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয় এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ