a গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৮, শনাক্ত ১১৫৯ এবং সুস্থ ১৩৮৫
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৮, শনাক্ত ১১৫৯ এবং সুস্থ ১৩৮৫


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ১৪ মার্চ, ২০২১, ০৫:৪১
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ১ দিনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫৪৫ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১৫৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। উল্লেখ্য, গত আড়াই মাসের মধ্যে সর্বাধিক এই শনাক্তের রেকর্ড। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করে যোগাযোগ বিচ্ছিন্ন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ০৩:৫৭
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করে যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি সংগৃহীত: রাবি ক্যাম্পাস


সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি ফ্লাইওভারের নিচে রেললাইনের ওপর অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় একটি বাইপাস সড়কেও যান চলাচল বন্ধ করে দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’—এমন স্লোগানসহ বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার প্রদর্শন করেন।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলন করলেও সারা দেশের সঙ্গে সমন্বয় করে আজ এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেন তাঁরা।

এ বিষয়ে কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, আমরা এর আগে চার দফা দাবিতে আন্দোলন করেছি। কিন্তু আজ থেকে চার দফা বাদ দিয়ে সারা দেশের সঙ্গে সমন্বয় করে, এক দফা দাবিতে আমাদের সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন, আমাদের দাবি একটাই, প্রথম ও দ্বিতীয় শ্রেণি নয়, সকল ধরনের সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে এবং কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে, মেধাবীদের দ্বারা সেই পদ পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন আঙ্গিকে আমাদের এই ধারাবাহিক আন্দোলন চলবে। সূত্র:ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা


ক্রীড়া ডেস্ক:
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ০৫:১৩
শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা

ফাইল ছবি

শ্রীলঙ্কায় উড়াল দেয়ার আগে গত ৯ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা করা হবে মূল স্কোয়াড।

আগামীকাল ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ১ম টেস্টের জন্য আজ (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত স্কোয়াড জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লম্বা সময়ের পর টেস্ট দলে ফেরা শুভাগত হোম জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে। প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিন নতুন পেসার। তবে তিন জনের মধ্যে মূল স্কোয়াডে জায়গা হয়েছে উঠতি তারকা পেসার শরিফুল ইসলাম। বাদ পড়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম।

এছাড়া মূল স্কোয়াডে জায়গা পাননি স্পিনার নাঈম হাসান, পেসার সৈয়দ খালেদ আহমেদ ও স্পেশালিস্ট উইকেট রক্ষক নুরুল হাসান সোহান।

১ম টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডঃ
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম।

অপরপক্ষে, শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডঃ
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দাসুন শানাকা, নিরোশান ডিকওয়েলা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস ও প্রাভিন জয়াবিক্রমা।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ