a খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুইজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুইজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা


বিশেষ প্রতিনিধি: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ০৩:৫৫
খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুইজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ফাইল ছবি

 

নিউজ ডেস্কঃ খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, নিহত দুজন হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার।

পুলিশ জানায়, রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলে। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তাঁরা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাঁর ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তাঁর ভাই।

খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন তাঁদের গুলি করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে জানানো হবে।’ সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দেশে পাচার করা অর্থ বিনা প্রশ্নে আনার সুযোগ দুর্নীতিকেই উৎসাহিত করবে টিআইবি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১০ জুন, ২০২২, ০৬:১৯
দেশে পাচার করা অর্থ বিনা প্রশ্নে আনার সুযোগ দুর্নীতিকেই উৎসাহিত করবে: টিআইবি

ফাইল ছবি

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশ থেকে পাচার করা অর্থ বিনা প্রশ্নে ফেরত আনার সুযোগ রাখা হয়েছে। এই সুযোগকে অনৈতিক, অসাংবিধানিক ও বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থাটি বলছে, এই সুযোগ অর্থ পাচারের মতো অপরাধকে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়ার নামান্তর। এতে অর্থ পাচারসহ সার্বিকভাবে দুর্নীতিকে উৎসাহিত করা হবে।

আজ শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশ থেকে পাচার করা অর্থ বিনা প্রশ্নে ফেরত আনতে বাজেটে আয়কর অধ্যাদেশে নতুন বিধান সংযোজনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। নামমাত্র কর দিয়ে প্রশ্নহীনভাবে পাচার করা অর্থ বিদেশ থেকে আনার সুযোগ স্পষ্টতই অর্থ পাচারকারীদের অনৈতিক সুরক্ষা প্রদান। অথচ অর্থ পাচার রোধ আইন অনুযায়ী অর্থ পাচার গুরুতর অপরাধ। দেশের আইন অনুযায়ী যার শাস্তি পাচার করা অর্থ বাজেয়াপ্ত এবং তার দ্বিগুণ জরিমানা ও ১২ বছর পর্যন্ত কারাদণ্ড।

পাচার করা অর্থ বৈধ করার সুযোগকে কালোটাকা সাদা করার বেআইনি সুযোগের ধারাবাহিকতা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, বারবার সুযোগ দিয়েও কালোটাকা সাদা করার সুযোগ প্রত্যাশিত ফল বয়ে আনেনি। যাঁরা অর্থ পাচার করেছেন, তাঁরা এ ধরনের প্রণোদনায় উৎসাহিত হয়ে পাচার করা অর্থ ফেরত নিয়ে আসবেন, এ রকম দিবাস্বপ্নের কোনো ভিত্তি নেই। অর্থ পাচারকে এভাবে লাইসেন্স দেওয়া হলে দেশে দুর্নীতি ও অর্থ পাচার আরও বিস্তৃতি পাবে। সূত্র: প্রথম আলো

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে: ২২ ভারতীয় সৈন্য নিহত


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ১০:৪৮
মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে: ২২ ভারতীয় সৈন্য নিহত

ফাইল ছবি

ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে ২২ ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। এ বিষয়ে ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থী জানিয়েছেন, শনিবার বিজাপুরের তারেম এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায় যৌথবাহিনী। এতে দু’পক্ষের সঙ্গে গোলাগুলি শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করে রোববার সকালে ছত্তিশগড়ের পুলিশ কর্মকর্তা অশোক জুনেজা বলেন, মাওবাদীবিরোধী অভিযানে নিরাপত্তা সদস্যদের মৃত্যুর সংখ্যাই বেশি।  এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩১ জওয়ান।  

এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানায়, এখন পর্যন্ত ২২ জওয়ানের মৃত্যু হয়েছে। 

প্রসঙ্গত, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এলিট কোবরা ইউনিট, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের সমন্বয়ে গঠিত নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ