a
ফাইল ছবি
দ্বিতীয় বিয়ে করলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গত ২৭ মে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে সে খবর জানানো হলো প্রায় ২ মাস পর।
পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামীর নাম আহমেদ ফাহাদ জামাল। সে সংসারে আরশিয়া উমাইজা নামে পূর্ণিমার একটি মেয়ে সন্তান আছে।
প্রথম স্বামীর সঙ্গে পূর্ণিমার যে বিচ্ছেদ হয়েছে তার খবর গণমাধ্যমে আসেনি। তার আগেই দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ পেল গণমাধ্যমে। এদিকে দাবি করা হয় পূর্ণিমার দ্বিতীয় বিয়ের খবর জানতেন না তার সাবেক স্বামীও।
গণমাধ্যমকে প্রাক্তন স্বামী বলেন, পূর্ণিমার বিয়ের খবর আমিও জানতাম না। গণমাধ্যমের মাধ্যমে এখন জানতে পেরেছি। আমার পক্ষে তাদের জন্য শুভ কামনা রইল। আর আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন।
সাবেক স্বামীকে নতুন বিয়ের খবর না জানানের কারণ জানাতে পূর্ণিমা বলেন, যেহেতু আমার একটি মেয়ে আছে। মেয়েটা স্কুলে পড়ে। সব বিবেচনা করে আমরা বিষয়টি জানাতে চাইনি।
২০০৭ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামালকে ভালোবেসে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।
তিন বছর আগে প্রথম স্বামী ফাহাদের সঙ্গে বিচ্ছেদ হয় পূর্ণিমার। বিচ্ছেদের পর থেকে তাদের একমাত্র সন্তান আরশিয়া উমাইজা উভয়ের কাছেই থাকেন।
এদিকে দুই মাস পর বিয়ের খবর প্রকাশের কারণ জানালেন পূর্ণিমা নিজেই। বলেন, ‘বিয়ের পরেই তিনিসহ পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনায় আক্রান্ত ছিলেন। এ জন্য বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।’
পূর্ণিমার দ্বিতীয় স্বামী আশফাকুর রহমান রবিন একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সূত্র: যুগান্তর
ফাইল ছবি। পরীমণি
মাদকের মামলায় নায়িকা পরীমণির জামিন শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই শুনানি হবে।
পরীমণির আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে মাদক মামলায় গ্রেপ্তার রয়েছেন পরীমণি। আমরা তার জামিন আবেদন করেছি। আদালত শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করছেন। আমরা আদালতের কাছে ভালো কিছু প্রত্যাশা করছি।
গত ২২ আগস্ট পরীমণির পক্ষে জামিন আবেদন করা হলে মহানগর দায়রা জজ আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরদিন আরেক আবেদনে 'দ্রুত শুনানির' আর্জি জানান তার আইনজীবী মজিবুর রহমান। তাতে কোনো সাড়া না পেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে রিট ও জামিন আবেদন করেন তিনি। পরে দুই দিনের মধ্যে পরীমণির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
ওইদিন মহানগর দায়রা জজ আদালতের আদেশে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেন, জামিন আবেদনের বিষয়ে নিম্ন আদালত রীতিনীতির বাইরে গিয়ে আদেশ দিয়েছে। ২১ দিন পর আদেশ দেবে, এটা জামিন আবেদনটি খারিজ করার শামিল। একই সঙ্গে ১৩ সেপ্টেম্বর বিচারিক আদালতের আদেশ দেওয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় পরীমণির বাসা থেকে মদ ও মাদক জব্দ করা হয়। পরদিন র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সূত্র: সমকাল
ফাইল ফটো: মির্জা ফখরুল
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ঐতিহাসিক ৯ মার্চ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা এ কথা বলেন। তারা বলেন, এক দিনে, একজনের ভাষণে দেশের স্বাধীনতা আসেনি- বিএনপির এমন বক্তব্যের পরপরই সরকারপ্রধান ক্ষিপ্ত হয়ে অনেক কথা বলেছেন।
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে এ আলোচনা সভা হয়। জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালাম সভা পরিচালনা করেন। প্রসঙ্গত, ১৯৭১ সালের ৯ মার্চ পল্টন ময়দানে মওলানা আবদুল হামিদ খান ভাসানী পাকিস্তানি শাসকদের প্রতি পূর্ব বাংলার স্বাধীনতা স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মুজিবের নির্দেশ মতো আগামী ২৫ তারিখের মধ্যে কিছু না হলে আমি শেখ মুজিবের সঙ্গে মিলে ১৯৫২ সালের মতো তুমুল আন্দোলন গড়ে তুলব।’
সভায় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে যুদ্ধ শুরু হতো না। প্রবাসী সরকার গঠন হওয়ার অনেক আগেই ৪ এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়ায় জিয়াউর রহমান, এমএজি ওসমানীসহ সেক্টর কমান্ডাররা সবাই বসে বৈঠক করে ‘ন্যাশনাল কমান্ড ফর লিবারেশন ওয়ার’ তৈরি করেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ২৫ ও ২৬ মার্চের সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে দেওয়া বক্তব্য হাস্যকর ছাড়া কিছু নয়। এটা কেউ বিশ্বাস করবেন না। এটার কোনো প্রমাণ সরকারপ্রধান দেখাতে পারবেন না। কোনো নেতাকে ছোট বা কাউকে বড় করার জন্য নয়, স্বাধীনতা অর্জনে যার যে অবদান আছে, তা আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।
মির্জা ফখরুল বলেন, অবশ্যই আওয়ামী লীগের বিরাট অবদান আছে। ১৯৭১ সালের তাদের যে অবদান, তা কেউ কোনোদিন অস্বীকার করে না। কিন্তু তারা যখন অন্যদের অবদানকে অস্বীকার করে, তা আমরা কোনোমতেই মেনে নিতে পারি না। জিয়ার খেতাব তুলে নেবে, নিক। তাতে কিছু আসে যায় না। জিয়া এ দেশের মানুষের অন্তরে রয়েছেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা ৭ মার্চ পালন করেছি। তাতে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে।
জিয়াউর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এরকম অসত্য ভাষণ জাতির জন্যও লজ্জাকর।
জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার বলেন, স্বাধীনতা এক দিনে, কারও একক প্রচেষ্টায় আসেনি। তাই কেউ এককভাবে এর কৃতিত্ব দাবি করতে পারেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, একাত্তরের ৯ মার্চ মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু করার জন্য পল্টন ময়দানে আহ্বান জানিয়েছিলেন।