a
ছবি সংগৃহীত
অনেক ভালো ফলাফলের পরও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে কেন শিক্ষকতা করিনি যেখান থেকে আমি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারতাম, এই ধরনের মন্তব্য অনেকেরই। কেন আমি কানাডায় চলে এসেছি তার অনেক কারণ রয়েছে। একটি উন্নত দেশে আসার জন্য সবারই স্বপ্ন থাকে। প্রায় প্রত্যেকটি বাবা-মা ই চান সন্তানকে বিদেশে পাঠাতে সেটা উচ্চশিক্ষার জন্যেই হোক বা চাকরি র কারণেই হোক অথবা সুন্দর এবং নিরাপদ একটি দেশে বসবাস করার জন্যে ই হোক। আর কানাডার মত একটি সশৃংখল নিরাপদ দেশে আসা তো প্রায় সবারই স্বপ্ন থাকে। আমিও সেই স্বপ্নের বহির্ভূত নই। তারপরও শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে বাংলাদেশকে আরো অনেক কিছুই দেওয়ার ইচ্ছে ছিল। তবে আমার ১২ বছরের শিক্ষকতার জীবনে অনেক ছাত্র গড়েছি। আলহামদুলিল্লাহ। আমার সর্বশেষ পোস্টটিতে অনেকের মতোই খন্দকার মোস্তফা কামাল আমাকে একটি কমেন্ট করেছিলেন তার রিপ্লাই দিতে গিয়ে রিপ্লাই টা এত বড় হয় যে রিপ্লাই হিসেবে সেটিকে পোস্ট করতে পারছিলাম না। ৮০০ অক্ষরের বেশি হলে রিপ্লাই ফেইল্ড হয় তাই এখানে পোস্ট করলাম যাতে অন্যান্যরাও যারা ভাবেন আমি শিক্ষকতা করে বাংলাদেশে আরো অবদান রাখতে পারতাম, কেন আমি কানাডায় চলে এসেছি? তাদের কৌতুহল মেটাতে আমার রিপ্লাই থেকে জেনে নিতে পারেন।
Khondker Mostafa Kamal আপনি বেশি বলে ফেলেননি তবে অনেক কিছু না জেনে আপনার মত করে আপনি বলে গেছেন, আপনার না জানারই কথা কারণ এগুলো আমার না বলা কিছু কথা, যার কারণে আপনার পক্ষে সবকিছু জানা সম্ভবও নয়। আসলে আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে কর্মরত অবস্থায় যখন এমফিল করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগে তখন পরপর দুবার বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য এপ্লাই করেছি। (সঙ্গত কারণে বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক) ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন তা আমার ছিল। আমি এসএসসিতে স্টার মার্কস প্রাপ্ত এবং উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম স্থান এবং সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছিলাম। অনার্স, মাস্টার্সে ফার্স্ট ক্লাসসহ প্রথম স্থান অধিকার করেছি এবং এমফিল করেছি। আমার কিছু পাবলিকেশনও ছিল। ঐ সময়ে আমার চেয়েও কম যোগ্যতার মানুষকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছিল, যেহেতু তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল এবং রাজনৈতিক দলের বড় বড় ব্যক্তিত্বদের সাহায্য নিয়েছিল। আমার শ্বশুর এবং শাশুড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমার শাশুড়ি ডক্টর সুলতানা বানু আমারই বিভাগের চেয়ারম্যান পদে নিয়োজিত ছিলেন। কিন্তু নীতিগত কারণে আমরা কোন রাজনৈতিক দলের সাহায্য নেইনি। আমাদের সময়ে দলীয় সাহায্য ছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকা সম্ভব ছিল না। এরপর আর একটি বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করি এবং একইভাবে বঞ্চিত হই। এর দু বছর পর একটি সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ এপ্লাই করি, সেখানেও একই অবস্থা। ওই সময়ে ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের (আমি সঙ্গত কারণেই নাম প্রকাশে অনিচ্ছুক) ভাইয়ের ছেলে আমার সঙ্গে একজন ক্যান্ডিডেট ছিলেন। আমার ইন্টারভিউতে সিলেকশনের পর ডেমোনস্ট্রেশনও হয়ে গিয়েছিল। ডেমোনস্ট্রেশনের পর সিদ্ধান্ত হলো আমি এক সপ্তাহের ভেতরেই জয়েন করছি। আমার বেতন কত হবে, আমার ক'টা থেকে ক'টা পর্যন্ত সপ্তাহে কতদিন ক্লাস নিতে হবে, চিটাগংয়ের ব্রাঞ্চে জয়েন করলে দ্বিগুণ বেতন পাবো, আরো অনেক সুবিধা পাবো ইত্যাদি বিষয়ে আলোচনাও হয়েছিল। তারপর এক সপ্তাহ, দু' সপ্তাহ হয়ে গেল জয়েনিং লেটার আসছিল না। খোঁজ নিয়ে বিশ্বস্ত সূত্রে জানা গেল সিলেকশনের পুরো প্রক্রিয়াটাই বাতিল করে দেয়া হয়েছে। কারণ ওই চেয়ারম্যান দেশের বাইরে ছিলেন এবং তিনি দেশে ফিরে জানলেন তার ভাইয়ের ছেলেকে নিয়োগ দেয়া হয়নি। সে কারণে তিনি এই কাজটি করেছিলেন।
এখানে আরেকটি কথা বলি, প্রথমবার যে বিশ্ববিদ্যালয় আবেদন করেছিলাম সেখানে আমার বদলে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছিল তাদের ব্রেক অফ স্টাডি ছিল এবং শিক্ষক হিসেবে তারা অনেক দুর্নাম কুড়িয়েছে। যে ছেলেটিকে নেওয়া হয়েছিল (আমি এখানে নাম উল্লেখ করছি না) তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির কেস হয়েছিল কোন এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য। আর যে মেয়েটিকে নেয়া হয়েছিল সে আমারই সহপাঠী ছিল তার বিরুদ্ধেও ছাত্রী নির্যাতনের অনেক দুর্নাম রয়েছে। প্রশাসনিকভাবে তাকে চার্জশিট করা হয়েছিল কারণ সে একজন ছাত্রীকে সময় মত এসাইনমেন্ট জমা দেয়নি বলে মনোবৈজ্ঞানিক গবেষণাগারে তালা বন্দী করে রেখেছিল। এই ধরনের শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছিল অথচ আমি মেধার দিক থেকেও তাদের চেয়ে যথেষ্ট যোগ্য ছিলাম এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে আমি শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান অর্জন করেছিলাম। এখনো ছাত্রীরা আমাকে ভালোবাসে এবং আমার সঙ্গে যোগাযোগ রাখে।
এবার বলুন যে দেশ মেধার মর্যাদা দেয় না, সম্মানী দেয় না সে দেশের কাছে কি আশা করতে পারি? কানাডায় বিদেশি কোম্পানি গুলোকে আমার মেধা এবং শ্রম দিয়েছি এবং তারা আমাকে সম্মানিত করেছে। হয়তো এখানকার কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইনি। এর পেছনেও কারণ ছিল আমার হাজবেন্ডের ব্রেইন স্ট্রোক এবং আমার সন্তান অনেক ছোট ছিল যার জন্য আমি পড়াশোনা শুরু করেও ছয় মাস পর অনেক ভালো রেজাল্ট করা সত্ত্বেও স্থগিত করতে হয়েছিল এবং সংসারের পুরো দায়িত্বটা আমাকেই নিতে তে হয়েছিল। যার কারনে আমি ছোট ছোট কিছু কোর্স করে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী চাকরি করেছি, শুধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা হলো না। কিন্তু আমি যে চাকরিগুলো করেছি সেগুলো অনেক সম্মানের সাথেই করেছি এবং আর্থিকভাবে ও সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেশ যে কোনো শ্রমের মূল্য দেয়, সম্মান করে। আর শিক্ষকতার সঙ্গে একদমই যে নেই তা কিন্তু না। কানাডাতে আমি ডে কেআর এ শিক্ষকতা করেছি, এবং বর্তমানে এখানকার new Immigrants এর মধ্যে যারা ইংরেজিতে কথা বলতে পারে না এবং কমিউনিকেশন করতে পারেনা তাদের ইংলিশ ও লিশকমিউনিকেশন স্কিল টিচার হিসেবে কাজ করছি।
এবার নিশ্চয়ই আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়েছে।
ধন্যবাদ
আপনাদের জন্যে শুভকামনা
....ফেসবুক পাতা থেকে
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: রেমিট্যান্স যোদ্ধারা দেশের স্বর্ণ সন্তান, দেশের জন্য তারা সবসময় মঙ্গল বয়ে আনেন। গত আট মাস ধরে সৌদি আরবের কারাগারে রেমিটেন্স যোদ্ধারা নীরবে দিন কাটাচ্ছে, জন মনে প্রশ্ন সরকার কি এই বিষয়টি দেখছে কিনা?
গত ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয় উপলক্ষে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান হতে পুলিশ কর্তৃক আটককৃতদের মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অবহেলার প্রতিবাদ এবং রেমিটেন্স যোদ্ধাদের মুক্ত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনের আয়োজন করে ভিকটিম পরিবারের পক্ষ থেকে।
আজ ১৫-০৩-২০২৫ ইং তারিখ, রোজ শনিবার, সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে (৩য় তলা) এই সংবাদ সম্মেলনে ভিকটিমের পরিবারের সদস্যরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন। পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তি সৌদি আরবের কারাগারে। আর তাই তারা মানবেতর দিন কাটাচ্ছে। অসহায় হয়ে আজ তারা সরকারের সহযোগিতা কামনা করছে।
তারা বলেন, গত ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার পতন ও ছাত্র-জনতার বিজয় উপলক্ষে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান হতে পুলিশ কর্তৃক আটক হন, ১। মোঃ বাদল, পিতা: সিদ্দিকুর রহমান, গ্রাম-ইমামপুর, পো-মাহমুদপুর, থানা-মেলান্দহ, জেলা- জামালপুর। ২। ইসমাইল হোসেন, পিতা- ইব্রাহিম খলিল, গ্রাম- মোহাম্মদপুর, পো- মোহাম্মদপুর, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী। ৩। মোঃ কাউসার হোসেন স্বপন, পিতা- মোঃ আবুল হোসেন, সাং- লক্ষীপুর, পো-বহরিয়া বাজার, জেলা- চাঁদপুর সদর। ৪। এরশাদ, পিতা- ইসরাফিল, গ্রাম- ঘাটেশ্বরী দক্ষিণ পাড়া, ডাকঘর-বহেড়া তৈল-১৯৫০, সখিপুর, টাঙ্গাইল। ৫। জুয়েল রানা, পিতা- ফিরোজ মিয়া, গ্রাম- বড়তলা, পো- আশুগঞ্জ, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া । ৬। মোঃ শাকির হোসেন, পিতা- কবির হোসেন, গ্রাম- কড়াইল, পো- মির্জাপুর, থানা-মির্জাপুর, জেলা- টাঙ্গাইল। ৭। মোঃ হাবিবুর রহমান, পিতা- হাজী হাফেজ আলী মিঝি, গ্রাম-মহজনপুর, পো-আলগী বাজার, থানা-হাইমচর, জেলা-চাঁদপুর। ৮। মোঃ আবুল হোসেন, পিতা- মোঃ নানু মিয়া, গ্রাম-মুক্তরামপুর, পো-সলিমগঞ্জ, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ৯। মোহাম্মদ জামিল হোসাইন, পিতা- মোঃ আবদুল মান্নান, সাং-নোয়া বাড়ি, অটেহরা, ডাকঘর- কালির হাট-৩৫০১, বরুড়া, কুমিল্লা। ১০। মোহাম্মদ ইয়াকুব, পিতা মৃত- মোঃ আক্তার, দক্ষিণ মালিভিটা, পো- দক্ষিণ কেরাণীগঞ্জ, আব্দুল্লাহপুর, ঢাকা। ১১। সাদ্দাম হোসাইন, পিতা- আবু তায়েব, গ্রাম- কালিকাচর, পো- কালিকাচর, থানা-সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ১২। মাসুদ গাজী, পিতা- মুনাফ গাজী, গ্রাম-মহজমপুর, পো- আলগি বাজার, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর।বর্তমানে তারা সৌদি আরবের আল কাসিম বুরাইদা সফর জেলে মানবেতর জীবন যাপন করছেন৷
তাদের মুক্তির দাবিতে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আবেদন, নিবেদন করা হয়েছে। কিন্তু ৮ মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের মুক্তির কোন সঠিক দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। তাদের বন্দী হওয়ার ফলে একদিকে বাংলাদেশ সরকার ব্যাপক পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে এই ১২টি পরিবারের সদস্যরা তাদের গ্রেফতারের ফলে মানবেতর জীবন-যাপন করছে। তাদের একটাই অপরাধ ফ্যাসিবাদের পতনের পর পর বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে নিজেরা একত্রিত হয়ে একটি প্রীতিভোজ ও আনন্দ উৎসবের আয়োজন করেছিল। সেখানে সৌদি পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। সেখানকার রাষ্ট্রদূত এ ব্যাপারে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও সৌদি আরবে ঘাপটি মেরে থাকা রাষ্ট্রদূত আওয়ামী দোসর হওয়ার কারণে নিরবতা পালন করছে। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা যদি উদ্যাগ গ্রহণ করে আমরা বিশ্বাস করি ঈদের আগেই পরিবারের কাছে তাদের মুক্তির সুখবর আসবে। আমরা ইতিমধ্যেই জেনেছি বাংলাদেশে বর্তমানে জাতিসংঘের মহাসচিব এক সংক্ষিপ্ত সফরে এসেছেন। আমাদের মাননীয় উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবের হস্তক্ষেপ কামনা করলেও বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে বলে আমরা বিশ্বাস করি ।
আজকের এই সংবাদ সম্মেলনে ভিকটিম পরিবারের স্ত্রী, সন্তান, ভাইসহ পরিবারের অন্যান্যরা উপস্থিত হয়েছেন। ঈদের আগে যদি তাদের মুক্তির ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে এই ভিকটিম পরিবারের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের মুক্তির দাবিতে আমরণ অনশনে কর্মসূচি নিতে বাধ্য হবে। আমরা আশা করছি আপনাদের মাধ্যমে বিষয়টি দ্রুত প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের কাছে পৌছে যাবে।
সৌদি প্রবাসী ১২ জন বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধার পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ লাকিন সর্বাত্মক সহযোগিতা করেন। উক্ত অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, বিশেষ অতিথি মোহাম্মদ অলিদ তালুকদার সিদ্দিক, জাতীয় জনতা ফোরামের সভাপতি। আরও বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দ, সমাজ এবং মানবাধিকার কর্মী, প্রেস ক্লাবের বিশিষ্ট সাংবাদিক বৃন্দ। এছাড়া বিভিন্ন জেলা থেকে আগত ভিক্টিমের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
দুর্গেশ চন্দ্র পত্রনবীশ
দুর্গেশ চন্দ্র পত্রনবীশ! নেত্রকোণার মানুষের কাছে 'লালুবাবু' হিসেবেই অধিক পরিচিতি। ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, সাহিত্যিক, নাট্যাভিনেতা, সাংবাদিক, শিক্ষক এবং খ্যাতি অর্জন করেছিলেন আইনজীবী হিসেবে। জীবনকে ছড়িয়েছেন এবং জড়িয়েছেন নানা মাত্রায়, নানা আঙিনায়।
ছিমছাম একহারা গড়নের প্রখর ব্যক্তিত্বের মানুষ ছিলেন দুর্গেশ চন্দ্র পত্রনবীশ। ১৯২১ সালের ১২ই এপ্রিল ময়মনসিংহ শহরের গিরীশ চক্রবর্তী রোডে মাতামহ আইনজীবী শরৎচন্দ্র অধিকারীর বাড়িতে জন্মগ্রহণ করেন দুর্গেশ চন্দ্র পত্রনবীশ। মূল নিবাস নেত্রকোণা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়রি গ্রামে।
পিতা স্বর্গীয় রমেশচন্দ্র পত্রনবীশ, মাতা স্বর্গীয়া লাবন্য প্রভা দেবী। তাঁর পিতাও ছিলেন আইনজীবী এবং নেত্রকোণা শহরের নিউটাউনস্থ নিজ বাসভবনে থেকেই আইনপেশায় যুক্ত ছিলেন তিনি। পাঁচ ভাই (শৈলেশ চন্দ্র পত্রনবীশ, জিতেশ চন্দ্র পত্রনবীশ, দুর্গেশ চন্দ্র পত্রনবীশ, ভবেশ চন্দ্র পত্রনবীশ, জ্ঞানেন্দ্র চন্দ্র পত্রনবীশ) এবং দুই বোন (অতশী রায় ও নীলিমা চক্রবর্তী।) এর মধ্যে সন্তান হিসেবে চতুর্থ ও ভাইদের মধ্যে তৃতীয় দুর্গেশ চন্দ্র পত্রনবীশ।
মানুষের ভেতর একটি আহবান আছে। সেই আহ্বান রবীন্দ্রনাথের কথায়, 'দুর্গম পথের ভেতর দিয়ে পরিপূর্ণতার দিকে, অসত্যের থেকে সত্যের দিকে, অন্ধকার থেকে জ্যোতির দিকে, মৃত্যুর থেকে অমৃতের দিকে, দুখের মধ্যে দিয়ে, তপস্যার মধ্যে দিয়ে।' এই আহবান মানুষকে কোথায়ও থামতে দেয় না, 'চিরপথিক' করে রেখে দেয়। দুর্গেশ পত্রনবীশ এই ডাক শুনতে পেয়েছিলেন। পেয়েছিলেন বলেই রয়ে গেলেন 'চিরপথিক' হয়ে। তাঁর জীবনাচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই সত্যটি সহজেই বুঝা যায়।
দুর্গেশ চন্দ্র পত্রনবীশের প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু নিজ গ্রামের বাড়রি স্কুলে (বর্তমানে বাড়রি সরকারি প্রাথমিক বিদ্যালয়)। সেখান থেকে প্রথম শ্রেণির পাঠ শেষ করে ১৯২৮ সালে নেত্রকোণা শহরের তৎকালীন খ্যাতনামা বিদ্যাপীঠ চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীতে ভর্তি হয়ে এ বিদ্যালয় থকেই ১৯৩৭ সালে প্রথম বিভাগে মেট্রিকুলেশন পাশ করেন। এরপর ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে ১৯৩৯ সালে প্রথম বিভাগে আইএ এবং ১৯৪১ সালে বিএ পাশ করেন।
রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় থাকায় মাঝখানে কয়েক বছর লেখাপড়ায় ছেদ পড়ে। '৪৭ এর দেশ বিভাগের পর রাজনৈতিক বন্দী হিসেবে কলকাতার দমদম কারাগারে বন্দি অবস্থাতেই পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯৫২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন দুর্গেশ পত্রনবীশ।
এর এক যুগ পর ১৯৬৪ সালে ঢাকা সিটি ল' কলেজ থেকে এলএলবি পাশ করে নেত্রকোণা বারে যোগ দিয়ে আইনজীবি হিসেবে কাজ শুরু করেন এবং দীর্ঘ ৪৫ বছর আইন পেশায় যুক্ত থেকে আইনজ্ঞ হিসেবে নিজেকে উত্তীর্ণ করেছিলেন ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে। দুর্গেশ চন্দ্র পত্রনবীশ ১৯৬০ সালে বগুড়ার এক রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারের কন্যা মিনতি ভট্টাচার্যের (পরবর্তীতে পত্রনবীশ) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৃটিশ খেদাও আন্দোলন, পাকিস্তান বিরোধী সংগ্রামে সেই পরিবারেরও সক্রিয় অংশগ্রহণ ছিল। এখনো প্রগতিশীল লড়াই সংগ্রামে সেই পরিবার বগুড়ায় অগ্রণী ভুমিকা পালন করে।
মিনতি ভট্টাচার্যের বাবার নাম ঋষিকেশ ভট্টাচার্য, মা সুষমা ভট্টাচার্য। বাবা ছিলেন আইনজীবী। এগার ভাই বোনের মধ্যে (৫ বোন ৬ ভাই) চতুর্থ সন্তান মিনতি ভট্টাচার্য আই এ পাশ করে বগুড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে এক যুগের অধিক সময় শিক্ষকতা করেন।
দুর্গেশ চন্দ্র পত্রনবীশ কৈশোর ও যৌবন কাটিয়েছেন এমন একটি কালে যে সময়টিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন 'অসম্ভবের সম্ভাবনার যুগ'। একদিকে রাশিয়ায় সংঘটিত অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মত মানুষের উপর মানুষের শোষনের অবসান ঘটিয়ে মানবমুক্তির অপার সম্ভাবনার দুয়ার খুলে যায়, অন্যদিকে এর অভিঘাতে ঔপনিবেশিক শাসন ও শোষনের নিগড়ে আবদ্ধ দেশোগুলোতে স্বাধীনতার আকাঙ্খা অভাবনীয়ভাবে তীব্র গতি লাভ করে। আর এর প্রভাবে এই সব দেশের মানুষের চেতনাগত উৎকর্ষতা এক অন্যমাত্রায় উত্তীর্ণ হয়।
যেকোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যায় তারা। ভারতীয় উপমহাদেশেও এর ঢেউ এসে লাগে ভালোভাবেই। অহিংস অসহযোগ, খেলাফত আন্দোলন, ভারত ছাড় আন্দোলনের পাশাপাশি বিপ্লবী লড়াই, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, নৌ বিদ্রোহ ইত্যাদির কারণে উপমহাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিত তখন টালমাটাল।
নেত্রকোণা শহরের নিউটাউনস্থ আইনজীবী পিতার বাসভবনে যাতায়াত ছিল তৎকালীন অনেক বিপ্লবীর। তাঁদের সংস্পর্শে এসে দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হন দুর্গেশ পত্রনবীশ এবং দেশমাতার মুক্তি ও শোষণের নিগড় থেকে মানুষকে মুক্ত করার সংগ্রামে যুক্ত করেন নিজেকে। দেশ তখন ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছিল ভালোভাবেই। এ সময় নিউটাউনের বাসায় বিপ্লবীদের আনাগোনায় তাঁর মধ্যে স্বদেশ চেতনার সাথে সাথে সমাজতান্ত্রিক ভাবধারারও উন্মেষ ঘটে।
তিনি সমাজতান্ত্রিক ব্যবস্থাকেই মানুষের সার্বিক মুক্তির উপায় হিসেবে মনে করেন এবং যোগ দেন নিখিল ভারত ছাত্র ফেডারেশনে, যে সংগঠনটি ছিল রেভ্যুলেশনারী সোশালিস্ট পার্টির (আরএসপি) সহযোগী ছাত্র সংগঠন।
নেত্রকোণায় তিনি আরএসপি'র শাখা গঠন করেন এবং তাঁর কর্ম দক্ষতায় খুব দ্রুতই আরএসপি একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে নেত্রকোণায়। কর্মনিষ্ঠার কারণে দুর্গেশ পত্রনবীশ ১৯৪২ সালে যুক্তবাংলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। কলকাতায় গ্রেফতার হলেন দুর্গেশ পত্রনবীশ। দীর্ঘ চার বছর কারাভোগের পর মুক্তি পান।
১৯৫৪ সালে পাকিস্তান জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে নেত্রকোণার দশটি এবং কিশোরগঞ্জের আটটি থানা নিয়ে গঠিত বর্ণ হিন্দুদের জন্যে সংরক্ষিত প্রাদেশিক পরিষদের একটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুর্গেশ পত্রনবীশ। তখন পৃথক নির্বাচন পদ্ধতি প্রচলিত ছিল পাকিস্তানে। ১৯৫৬ সালে আবার তিনি গ্রেফতার হন।
আইনজীবী হিসেবে কাজ শুরু করার প্রাথমিক পর্যায়ে ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় পুনরায় তাঁকে গ্রেফতার করা হয়। একদিকে অতিরিক্ত পরিশ্রম অন্যদিকে বারবার কারাবাসের ফলে স্বাস্থ্য ভেঙে পড়ে এবং মারাত্মকভাবে যক্ষায় আক্রান্ত হন তিনি। তখন যক্ষা রোগের তেমন কোনো চিকিৎসা ছিল না; বলা হতো 'যার হয় যক্ষা, তার নাই রক্ষা।' এ অবস্থায় চূড়ান্ত ঝুঁকি নিয়ে ফুসফুসে অস্ত্রোপচার করা হয় তাঁর এবং ফুসফুসের আক্রান্ত একটি অংশের পাশাপাশি পাঁজরের তিনটি হাড় কেটে বাদ দেওয়া হয়। এ ঘটনা দুর্গেশ পত্রনবীশের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর সক্রিয় রাজনৈতিক তৎপরতা থেকে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে।
আনন্দমোহন কলেজে অধ্যয়নকালীন ১৯৪০ সালে কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৪৮-৪৯ সালে বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন কলকাতার সাউথ সুব্বার্ন হাইস্কুলে শিক্ষকতাও করেছেন দুর্গেশ পত্রনবীশ। এরপর আবার তাঁকে কারাবরণ করতে হয় এবং ১৯৫৪ সালে কারাগার থেকে বের হয়ে করাচি থেকে প্রকাশিত 'গুডউইল' পত্রিকার তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকাস্থ প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি। ১৯৫৮ সালে তাঁর সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত হয় 'সাপ্তাহিক জনতা'।
সাহিত্য চর্চার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন দুর্গেশ পত্রনবীশ। কলকাতা থেকে প্রকাশিত 'প্রবাসী' পত্রিকায় তাঁর লেখা গল্প, প্রবন্ধ 'দ,চ,প' ছদ্মনামে নিয়মিত প্রকাশিত হতো। সিদ্ধার্থ মৈত্র ছদ্মনামে লিখেন উপন্যাস 'মিরা মিত্র', যা ১৯৬১ সালে প্রকাশিত হয় এবং বিদগ্ধ মহলে সাড়া জাগিয়েছিল। নেত্রকোণা থেকে প্রকাশিত 'উত্তর আকাশ' এবং 'সৃজনী' পত্রিকার সাথে যুক্ত থেকে সাহিত্যে চর্চায় যুক্ত থাকেন আজীবন।
শান্তিনিকেতনের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন প্রথম পালন করা হয়েছিল নেত্রকোণায়, রবীন্দ্র-স্নেহধন্য সংগীতাচার্য শৈলাজারঞ্জনের উদ্যোগে এবং আরেক প্রাতঃস্মরণীয় ব্যক্তি সত্যকিরণ আদিত্যের নেতৃত্বে, ১৯৩২ সালে। সেই উদ্যোগে অংশগ্রহণ করেছিলেন শিশু দুর্গেশ পত্রনবীশ এবং পরবর্তী সময়ে নেত্রকোণায় রবীন্দ্রজয়ন্তী উদযাপনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি।
১৯৭৩-১৯৭৪ সালে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের সম্পাদক ছিলেন। ২০০০ সালে নির্বাচিত হয়েছিলেন নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির সভাপতি। বিশিষ্ট নাট্যশিল্পী হিসেবে ১৯৮৮ সালে নেত্রকোণা জেলা উদীচি শিল্পী গোষ্ঠী তাঁকে সম্মাননা প্রদান করে। নেত্রকোণা ডায়াবেটিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন দুর্গেশ পত্রনবীশ।
এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি, নেত্রকোণা শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ছিলেন দুর্গেশ পত্রনবীশ। ছিলেন নেত্রকোণা 'ল' কলেজের খন্ডকালীন অধ্যাপক ও টিচার্স ট্রেনিং কলেজের আইন উপদেষ্টা। জীবনের শেষ প্রান্তে এসে যুক্ত হয়েছিলেন ভিন্নধর্মী এক শিক্ষা প্রতিষ্ঠান কাটলির অন্বেষা বিদ্যালয়ের সাথে। আমৃত্যু তিনি এই প্রতিষ্ঠানের সাংগঠনিক কমিটির সভাপতি ছিলেন। ছিলেন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর উপদেষ্টা।
২০০৭ সালের ২৯ নভেম্বর ৮৬ বছর বয়সে রাত আনুমানিক ৯.৩৪ এ নেত্রকোণার নিউটাউনস্থ বড়পুকুর পাড়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ণাঢ্য জীবনের অধিকারী দুর্গেশ চন্দ্র পত্রনবীশ। মৃত্যুকালে স্ত্রী মিনতি পত্রনবীশ, দুই পুত্র শান্তনু পত্রনবীশ (আইনজীবী) এবং অতনু পত্রনবীশ(ব্যবসায়ী), দুই পুত্রবধূ এবং দুই নাতি ও এক নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছিলেন তিনি। গত ৩১ জানুয়ারি, ২০২১ দুপুর ৩টায় ৯১ বছর বয়সে না-ফেরার ভুবনে পাড়ি জমান স্ত্রী মিনতি পত্রনবীশ।
তিনি জীবনাচরণে, চিন্তা ও মননে ছিলেন আধুনিক, জীবন ঘনিষ্ঠ, দেশপ্রেমিক এবং আন্তর্জাতিকতাবাদী।
জন্মশতবার্ষিকীতে অপার শ্রদ্ধা---/স্বপন পাল