a শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১১:৩১
শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট

ফাইল ছবি

চীনের প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য সমর্থন প্রাপ্তি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে তিনি তার বাকি জীবন ক্ষমতায় থাকার পথে থাকার প্রক্রিয়া অব্যাহত রাখলেন।

চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রায় তিন হাজার সদস্য সর্বসম্মতভাবে শিকে প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত করেছে। সংবিধানে পাঁচ বছর করে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার বিধানটি প্রত্যাহার করার প্রেক্ষাপটে এবারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

অত্যন্ত গোপনীয়ভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না বলে জানা গেছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিযুক্ত এনপিসির ২,৯৫২ জন সদস্য ঘণ্টাখানেকের মধ্যে শিকে ভোট দেন। কেউ তার বিরুদ্ধে ভোট দেননি। শি এছাড়াও দেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসেবেই তৃতীয় মেয়াদে সমর্থন লাভ করেন।

৬৯ বছর বয়স্ক শি ২০১২ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। মাও সেতুংয়ের পর তিনিই চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যে কোনো সম্ভাব্য চ্যালেঞ্জারকে সরিয়ে দিয়ে তার সমর্থদকের দিয়ে দল ভারী করেন বলে বলা হয়ে থাকে।

তিনি অক্টোবরে তৃতীয়বারের মতো পাঁচ বছর মেয়াদি সাধারণ সম্পাদক হিসেবে সমর্থন আদায় করেন।

এনপিসি নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হ্যান ঝেং এবং নতুন পার্লামেন্ট চেয়ার হিসেবে ঝাও লেইজিকে নির্বাচিত করা হয়েছে। উভয়েই শির আনুকূল্যপ্রাপ্ত হিসেবে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন। সূত্র : আল জাজিরা

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

টানেলে বন্যার পানি ঢুকে চীনে ১৩ শ্রমিকের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ১২:৩৯
টানেলে বন্যার পানি ঢুকে চীনে ১৩ শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে নির্মাণাধীন টানেলে বন্যার পানি ঢুকে যাওয়ার পর সেখানে আটকে পড়া ১০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এর আগে ওই টানেল থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে টানেলটি থেকে মোট ১৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। 

গতকাল বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১৫ জুলাই টানেলটিতে হঠাৎ বন্যার পানি ঢুকে পড়ে। টানেলে প্রবেশমুখ থেকে এক কিলোমিটারেরও বেশি ভেতরে আটকে পড়েন ১৪ শ্রমিক। তাঁদের মধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ একজন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকর্মীরা বলছেন, নিখোঁজ ওই শ্রমিকের সঙ্গে এখনো কোনো ধরনের যোগাযোগ স্থাপন করতে পারেননি তাঁরা।

চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরে নির্মাণ করা হচ্ছে টানেলটি। এটি একটি এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ। এই মহাসড়ক প্রকল্পের আওতায় উপকূলবর্তী স্থানীয় শহরগুলোকে ম্যাকাও ও হংকংকে সংযোগকারী একটি সেতুর সঙ্গে যুক্ত করা হবে।

টানেলটিতে এর আগেও নির্মাণশ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মার্চে সেখানে প্রাচীরধসের ঘটনায় দুই শ্রমিক নিহত হন।

এদিকে বন্যার জেরে চীনের হেনান প্রদেশে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৭ জন। প্রদেশটি থেকে এক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানিতে ঢুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে রেল ও সড়ক যোগাযোগ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রদেশের বাঁধগুলো পানির চাপে যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হেনানে ২৫ জনের মধ্যে ১২ জনেরই মৃত্যু হয় প্রদেশটির ঝেংঝউ শহরে পাতালরেলের ভেতর বন্যার পানি ঢুকে। টানা ভারী বৃষ্টিপাতে শহরের পাতালরেল স্টেশন ডুবে গিয়ে এ ঘটনা ঘটে। স্টেশন থেকে আরও ৫০০ জনকে উদ্ধার করা হয়েছে।

মেট্রো স্টেশনে ট্রেনের ভেতরে পানি ঢুকে পড়ার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ট্রেনের বগির ভেতরে পানি থেকে বের হতে চেষ্টা করছেন যাত্রীরা। একপর্যায়ে বগির ছাদ কেটে তাঁদের বের করতে হয় বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।

হেনানে মৃত ব্যক্তিদের মধ্যে গংই শহরে বন্যায় বাড়ি ধসে নিহত চারজন রয়েছে। ঝেংঝউয়ের মতো এই শহরও ইয়োলো নদীর তীরে অবস্থিত। বৃষ্টিপাতের পর নদী থেকে পানি উপচে শহরে ঢোকে।

গত শনি থেকে মঙ্গলবার পর্যন্ত ঝেংঝউ শহরে ৬১৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাধারণত, এক বছরে শহরটিতে এ পরিমাণ বৃষ্টি হয়। এমন বৃষ্টি ‘হাজার বছরে একবার দেখা যায়’ বলে উল্লেখ করেছে চীনের আবহাওয়া ব্যুরো। ঝেংঝউয়ে বছরে গড়ে ৪৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

তুমুল বৃষ্টিপাত ও বন্যার মধ্যে হেনানে শিগগির এ দুর্যোগ থামছে না বলে জানিয়েছে আবহাওয়া ব্যুরো। তারা জানিয়েছে, প্রদেশটিতে আগামী তিন দিনও ঝরবে বৃষ্টি। বৃষ্টিপাত ও বন্যার ক্ষয়ক্ষতি সামাল দিতে উপদ্রুত এলাকাগুলোয় ৫ হাজার ৭০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাত ৮টার মধ্যে ডিএসসিসি এলাকায় দোকানপাট বন্ধের আহ্বান


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৪ মার্চ, ২০২১, ০৬:১৩
রাত ৮টার মধ্যে ডিএসসিসি এলাকায় দোকানপাট বন্ধের আহ্বান

ফাইল ফটো: মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

দেশে আবারো করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাত আটটার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহবান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার ( ২৪ মার্চ) দুপুরে নগরীর গোপীবাগস্থ বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে মেয়র তাপস এ আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র বলেন, ‘যেহেতু করোনা মহামারিতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই রাত আটটার মধ্যে অবশ্যই সকল দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। আমরা চাই, আটটার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।’
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক