a
ফাইল ছবি: হাইকোর্ট, বাংলাদেশ
ফৌজদারি মামলার আসামিকে এখন থেকে সময় বেঁধে দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেনা হাইকোর্ট। এমনকী আগাম জামিনের মামলায় আসামিকে গ্রেফতার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকেও এমন নির্দেশ দেওয়ার সুযোগ নেই আদালতের। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার (২৭ আগস্ট) এই নির্দেশনা দিয়েছেন।
দেশের সর্বোচ্চ আদালতের এই আদেশ এখন থেকে হাইকোর্টকে অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। তিনি বলেন, উচ্চ আদালত আসামিকে আগাম জামিন দেবেন, নয়ত আবেদন খারিজ করবেন। তবে সময় বেঁধে দিয়ে আসামিকে আত্মসমর্পণ বা গ্রেফতারের যে নির্দেশনা দিচ্ছেন সেটা এখন থেকে করার সুযোগ নাই।
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চান সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গত ৮ আগস্ট আগাম জামিন না দিয়ে তাদেরকে ছয় সপ্তাহের মধ্যে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। একইসঙ্গে ছয় সপ্তাহের মধ্যে তাদেরকে গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের অন্তর্বর্তীকালীন এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন বলেন, এই মামলায় হাইকোর্ট দুই আসামিকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। শুধু নির্দেশই নয় তাদেরকে গ্রেফতার না করতেও আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছে হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশনা ‘রাষ্ট্র বনাম জাকারিয়া পিন্টু ও অন্যান্য’ মামলায় আপিল বিভাগের দেয়া রায়ের নির্দেশনার পরিপন্থী।
তিনি বলেন, আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, হয় আসামিকে আগাম জামিন দাও, নয়ত পুলিশের কাছে হস্তান্তর কর। কিন্তু এই নির্দেশনার বাইরে গিয়ে আসামিদের ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের ওই রায় এখনো বহাল আছে। চ্যালেঞ্জ হয়নি। সেজন্য ওই রায়ের আলোকে সময়সীমা বেঁধে দিয়ে হাইকোর্টের আত্মসমর্পণের আদেশ বাতিল করা হোক।
সৈয়দ আশফাকুল দম্পতির পক্ষে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক গত ২১ আগস্ট তারা চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন। হাইকোর্টের আদেশ কার্যকর হয়ে গেছে। এখন ওই আদেশ বাতিল করার সুযোগ কোথায়?
শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ ও গ্রেফতার না করার আদেশ বাতিল করে দিয়েছেন।
এছাড়া ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া জামিন আদেশ বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।
এই মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। তিনি গণমাধ্যমকে বলেন, আপিল বিভাগের এই আদেশ নিম্ন আদালতে যাওয়ার পর দুই আসামি জামিন চাইতে পারবেন। ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আইন অনুসরণ করে জামিনের বিষয়টি নিষ্পত্তি করবেন। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
প্রফেসর ড. ইউনূসকে নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার বক্তব্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বলেন, কাউকে খুশি করার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমন বক্তব্য দিয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমার সঙ্গে কথা না বলে গণমাধ্যমে বিবৃতি দেওয়া মানে কাউকে খুশি করার জন্য তিনি এসব কথা বলেছেন।
এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে আমি একমত। বিশ্বনেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না। আমি মনে করি তার সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে।
সই না করার কারণ হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ইসরায়েলে বিচার সম্পর্কিত যে আইন সংস্কার হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেদেশের অ্যাটর্নি জেনারেল। তাই বিবৃতিতে সই না করা আমার নিজস্ব চিন্তা। সূত্র: ইত্তেফাক
সংগৃহীত ছবি
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে বন্ধ হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া। একই সঙ্গে আজ থেকেই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে। গণমাধ্যমকে এমনটিই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্টের পর সারাদেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
তবে, যেসব স্থানে উক্ত টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
এই নির্দেশনাটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের অনুমোদনক্রমে সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।