a
ফাইল ছবি
দেশে আমদানিসহ সব পণ্যের দাম দিনদিন বেড়েই যাচ্ছে। কমে যাচ্ছে টাকার মান। বেড়ে যাচ্ছে মূল্যস্ফীতির হার। এই পরিস্থিতিতে বড় ধরনের অর্থ সংকটে পড়ছে স্বল্প ও মধ্য আয়ের মানুষেরা। বৈদেশিক মুদ্রার আয় দিয়ে ব্যয় মেটানো যাচ্ছে না। খরচ হচ্ছে আরও বেশি। বিশেষ করে আগে স্থগিত করা বৈদেশিক ঋণ ও সুদ বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে এখন রিজার্ভ থেকে ডলার দিতে হচ্ছে। এতে রিজার্ভ কমে যাচ্ছে।
অন্যদিকে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের একটি অংশ আগে রিজার্ভে যোগ হতো। বর্তমানে বৈদেশিক মুদ্রার দায় মিটিয়ে অতিরিক্ত কোনো ডলার ব্যাংকগুলোর কাছে থাকছে না। ফলে রিজার্ভে ডলার যোগ হচ্ছে না। দীর্ঘ সময় ধরে এ অবস্থা চলার কারণে রিজার্ভের চাপ ক্রমেই বেড়ে চলছে। এতে ডলারের দাম বেড়েই চলেছে।
সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় রপ্তানি আয় দিয়ে আমদানি ব্যয় মেটানো যেত না। ফলে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি হতো। এখন ঘাটতি আরও বেড়েছে। দেশে বর্তমানে প্রতি মাসে গড়ে রেমিট্যান্স ও রপ্তানি বাবদ আয় হচ্ছে ৬৫৬ কোটি ডলার। এর বিপরীতে আমদানি বাবদ মাসে ব্যয় হচ্ছে গড়ে ৫৫০ কোটি ডলার। বাড়তি থাকছে ১০৬ কোটি ডলার। এর মধ্যে বৈদেশিক ঋণ ও সুদ বাবদ পরিশোধ হচ্ছে ১৫৭ কোটি ডলার। ফলে প্রতি মাসে গড়ে ঘাটতি থাকছে ৫১ কোটি ডলার।
এর বাইরে বিদেশ ভ্রমণ, চিকিৎসা ব্যয়, শিক্ষার্থীদের পড়াশোনা বাবদ ব্যয়, বিদেশি কোম্পানির অর্জিত মুনাফা ও রয়্যালটি বাবদ আরও অর্থ পরিশোধ করতে হচ্ছে। এতে ঘাটতি আরও বেড়ে যাচ্ছে। সবমিলিয়ে গত অর্থবছরে বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি হয়েছে ৩৩৩ কোটি ৪০ লাখ ডলার।
এর আগের ২০২১-২২ অর্থবছরে ঘাটতি হয়েছিল ১ হাজার ৮৬৪ কোটি ডলার। এক বছরের ব্যবধানে ঘাটতি কমেছে ১ হাজার ৫৩০ কোটি ডলার। এক বছরের ব্যবধানে ঘাটতি কমলেও স্থগিত করা বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের কারণে এখন রিজার্ভে বেশি চাপ বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধে গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ১ হাজার ৩৫৮ কোটি ডলার বিক্রি করেছে। জুলাইয়ে বিক্রি করেছে ১১৪ কোটি ডলার। আগস্টেও ডলার বিক্রি অব্যাহত রয়েছে। ওই সময়ে শুধু জুলাইয়ে কিছু ডলার কিনে রিজার্ভ বাড়িয়েছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধের জন্য।
আগে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াত। কারণ ওই সময়ে বৈদেশিক মুদ্রা ব্যয়ের চেয়ে আয় বেশি হতো। ফলে বাড়তি ডলার ব্যাংকগুলো বিক্রি করে দিতে বাধ্য হতো। কারণ তারা নির্ধারিত কোটার বেশি ডলার নিজেদের কাছে রাখত পারত না। দেশে মোট রপ্তানি আয় দিয়ে ৬০ শতাংশ আমদানি ব্যয় মেটানো যায়। বাকি ৪০ শতাংশ রেমিট্যান্স থেকে মেটানো হয়। এরপরও ২০ শতাংশ রেমিট্যান্স রিজার্ভে যোগ হতো।
গত বছর থেকে রপ্তানি আয় ও রেমিট্যান্স দিয়ে আমদানি ব্যয় মেটানো যাচ্ছিল না। ফলে রিজার্ভ থেকে ডলার দেওয়া হতো। যা এখনও দেওয়া হচ্ছে। তবে এখন আন্তর্জাতিক বাজারে দাম কমায় ও আমদানি নিয়ন্ত্রণ করায় রেমিট্যান্স ও রপ্তানির ডলার দিয়ে আমদানি মেটানো যাচ্ছে। কিন্তু আমদানির বকেয়া দেনা ও স্থগিত করা বৈদেশিক ঋণ শোধ করা যাচ্ছে না। এজন্য রিজার্ভ থেকে ডলার দিতে হচ্ছে। ফলে রিজার্ভ কমে যাচ্ছে। অন্যদিকে বাজার থেকে ডলার কিনতে পারছে না। ফলে রিজার্ভে ডলার যোগও হচ্ছে না।
প্রতিবেদন থেকে দেখা যায়, ২০১৫ সালে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে ৪৫৫ কোটি ১০ লাখ ডলার কিনে রিজার্ভে যোগ করেছে। এর বিপরীতে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করেনি। ২০১৬ সালে ৩৮৮ কোটি ১০ লাখ ডলার কিনেছে, কিন্তু এর বিপরীতে বিক্রি করেছে মাত্র ৮০ লাখ ডলার।
২০১৭ সালে বৈদেশিক মুদ্রার আয় কমায় ও আমদানি খরচ বাড়ায় ১২৩ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ থেকে বিক্রি করেছে। এর বিপরীতে ব্যাংকগুলোর কাছ থেকে কিনেছে মাত্র ৪ কোটি ৫০ লাখ ডলার। ২০১৮ সালেও একই কারণে বাজার থেকে কোনো ডলার ক্রয় করতে পারেনি। ওই বছরে রিজার্ভ থেকে ২২৯ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে। ২০১৯ সালেও ১৬২ কোটি ১০ লাখ ডলার বিক্রির বিপরীতে কোনো ডলার ক্রয় করেনি।
২০২০ সালে করোনার কারণে আমদানি একেবারে কমে যায়। এর বিপরীতে রেকর্ড পরিমাণে রেমিট্যান্স আসে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে রেকর্ড পরিমাণে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। ওই বছর সর্বোচ্চ ৬৩৬ কোটি ৮০ লাখ ডলার কিনেছিল। এর বিপরীতে বিক্রি করেছে মাত্র ৬৬ কোটি ৪০ লাখ ডলার। ২০২১ সালে ২৬৫ কোটি ডলার কেনার বিপরীতে বিক্রি করেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার।
২০২২ সালে ডলার সংকট প্রকট হলে রেকর্ড পরিমাণ অর্থাৎ ১ হাজার ২৯৪ কোটি ডলার রিজার্ভ থেকে বিক্রি করে। কোনো ডলার কেনেনি। ফলে গড় দেড় বছর ধরে বৈদেশিক মুদ্রার আয় থেকে কোনো ডলার রিজার্ভে যোগ হচ্ছে না। তবে বৈদেশিক মুদ্রার ঋণ থেকে পাওয়া অর্থ রিজার্ভে যোগ হচ্ছে। গত এক বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ ছাড় কমেছে ১৪৪ কোটি ডলার।
করোনার পর হঠাৎ চাহিদা বাড়ায় ২০২১ সালে আমদানি ব্যয় বাড়ে ৫৩ শতাংশ। ২০২২ সালে বৈশ্বিক মন্দার কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও দেশীয় বাজারে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করা হয়। তারপরও আমদানি ব্যয় বাড়ে ২৩ শতাংশ। ব্যয় বাড়লে রপ্তানি ও রেমিট্যান্স সে তুলনায় বাড়েনি। ফলে ডলারের প্রবাহে ঘাটতি দেখা দেয়। যা এখনও অব্যাহত রয়েছে।
২০১৮ সালের জানুয়ারিতে ডলার ছিল ৮২ টাকা ৯০ পয়সা। আগস্টে তা ঠেকেছে ১০৯ টাকা ৫০ পয়সায়। ওই সময়ে ডলারের দাম বেড়েছে ২৬ টাকা ৬০ পয়সা। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ডলারের দাম স্থিতিশীল ছিল। ২০২০ সালে ডলারের দাম ১০ পয়সা কমেছে। বাকি বছরগুলোতে ১ টাকা করে বেড়েছে। ২০২২ সালে এসে অস্থির হয়ে যায়। ওই বছরের শুরুতে ডলারের দাম ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। এখন দেড় বছরের মাথায় এখন তা ১০৯ টাকা ৫০ পয়সা। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি।
বৈদেশিক মুদ্রা আয়ের মধ্যে ২০১৯ ও ২০২০ সালে রেমিট্যান্স প্রবৃদ্ধি ছিল গড়ে ১৮ শতাংশ করে। ২০২১ সালে তা কমে মাত্র দেড় শতাংশ ও ২০২২ সালে সাড়ে ৩ শতাংশ কমেছে। গত অর্থবছরে বছরে রপ্তানি আয় বেড়েছে মাত্র সাড়ে ৬ শতাংশ। আগের অর্থবছরে সাড়ে ৩৪ শতাংশ বেড়েছিল।
২০১৯ সালের ডিসেম্বরে আমদানি ব্যয় হয় ৪৫০ কোটি ডলার, ২০১৯ সালের ওই মাসে ৪৬০ কোটি ডলার, ২০২০ সালের এই মাসে ৪৭০ কোটি ডলার। ২০২১ সালের ডিসেম্বরে তা বেড়ে হয় ৭৪০ কোটি ডলার। ২০২২ সালে নিয়ন্ত্রণ করার পর ডিসেম্বরে আমদানি ব্যয় হয় ৫২০ কোটি ডলার। ওই বছরের আগস্টে সর্বোচ্চ ৮৫০ কোটি ডলার ছাড়িয়ে ছিল আমদানি ব্যয়। জুনে আমদানি ব্যয় হয়েছে প্রায় ৫০০ কোটি ডলার।
২০০৭ সাল থেকে দেশের রিজার্ভ বাড়ছিল। মাঝে মধ্যে কিছুটা কমলেও তা কখনো চিন্তার কারণ হয়নি। কিন্তু এবার বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে রিজার্ভ ছিল ৩ হাজার ২০০ কোটি ডলার। যা ৫ দশমিক ২ মাসের আমদানি ব্যয়ের সমান। ২০১৯ সালের তা বেড়ে ৩ হাজার ২৭০ কোটি ডলারে দাড়ায়। যা ওই সময়ের সাড়ে ৫ মাসের আমদানি ব্যয়ের সমান। ২০২০ সালে ছিল ৪ হাজার ৩২০ কোটি ডলার। যা দিয়ে ওই সময়ের সাড়ে ৫ মাসের আমদানির ব্যয় মেটানো যেত।
২০২১ সালে রিজার্ভ ৪ হাজার ৬২০ কোটি ডলারে ওঠে। যা ৬ মাসের আমদানি ব্যয়ের সমান। ওই বছরের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪ হাজার ৮০৬ কোটি ডলারে ওঠেছিল। ২০২২ সালে তা কমে ৩ হাজার ৩৭০ কোটি ডলারে নামে। যা ওই সময়ে সাড়ে ৫ মাসের আমদানি ব্যয়ের সমান। এখন তা আরও কমে নিট রিজার্ভ ২ হাজার ৩১৪ কোটি ডলার। যা দিয়ে নিয়ন্ত্রিত ৩ মাসের কম আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
আজ মাস জুড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে। পূর্বাচল নতুন শহরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল শনিবার মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আমাদের মূল লক্ষ্য রপ্তানিকে বহুমুখী করার মাধ্যমে রপ্তানি বাণিজ্য বাড়ানো। গার্মেন্টেস খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় পণ্যের রপ্তানি বহুমুখীকরণ করা। তিনি বলেন, আমরা এখন পাট এবং চামড়া শিল্পের ওপরে বিশেষ নজর দিচ্ছি। এই দুই খাতে অপার সম্ভাবনা রয়েছে।
বিদ্যুৎকেন্দ্র ও অপর পাশে বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্রতিচ্ছবি রাখা হয়েছে। মেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, মেলায় আগত দর্শনার্থীদের বা ভোক্তারা যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব নিয়োজিত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী মেলা প্রাঙ্গণ ও প্রাঙ্গণের বাইরে নিয়মিত টহল দেবে।
উল্লেখ্য, প্রতি বছর ১ জানুয়ারি মেলা শুরু হলেও এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে আজ ২১ জানুয়ারি মেলা শুরু হচ্ছে। মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবার মেলায়, তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ ১৬ থেকে ১৮টি বিদেশি প্যাভিলিয়ন থাকবে। এছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার দেশের ‘হস্তক্ষেপ না করার’ নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিদের দ্বারা নির্ধারিত হওয়া উচিত। আসন্ন নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। গণমাধ্যমকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
রাষ্ট্রদূত ইয়াও বলেন, ‘আমাদের নীতি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, আর তা হলো- চীন কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জোহানেসবার্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যা বলেছেন তা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবন নিশ্চিত করতে বাহ্যিক হস্তক্ষেপ প্রতিরোধ এবং অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করে চীন।
বৈঠকের বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন বাংলাদেশকে সমর্থন করে। চীন বাংলাদেশের উন্নত ভবিষ্যতের পাশাপাশি চীন-বাংলাদেশ সম্পর্কের প্রতি পূর্ণ আস্থা রাখে।’
তিনি বলেন, বর্তমানে ৬০০টিরও বেশি চীনা এন্টারপ্রাইজ বাংলাদেশে কাজ করছে এবং হাজার হাজার চীনা নাগরিক এখানে বসবাস ও কাজ করছেন।
রাষ্ট্রদূত ইয়াও অনুসারে, চীনা কোম্পানিগুলো স্থানীয় অর্থনীতির উন্নয়ন, পরিবেশ রক্ষা, স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক সেবা প্রদান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা, জনশক্তির সক্ষমতা বৃদ্ধি এবং দাতব্য প্রতিষ্ঠানের উন্নয়নে সক্রিয়ভাবে সামাজিক দায়িত্ব পালন করে থাকে।
তিনি বলেন, ‘তাদের অবদান ও প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের জনগণের হৃদয়কে আরও কাছাকাছি আনা হয়েছে।’
উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে চীনা কোম্পানি ও নাগরিকদের স্বার্থ সম্পর্কে জানতে চাইলে ইয়াও বলেন, চীনা নাগরিক বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব ও যৌথ উন্নয়নের জন্য এখানে রয়েছে।
তিনি বলেন, ‘তাদের নিরাপত্তা ও সুরক্ষা অবশ্যই নিশ্চিত এবং বৈধ স্বার্থ রক্ষা করতে হবে।’ গত বছরের শেষের দিকে ঢাকায় আসার পর তার প্রথম সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক এবং ভবিষ্যতের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। সূত্র: ইউএনবি/ইত্তেফাক।