a বিমানবন্দরে রকেট হামলার ফলে আফগানিস্তান সব ফ্লাইট বাতিল করেছে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিমানবন্দরে রকেট হামলার ফলে আফগানিস্তান সব ফ্লাইট বাতিল করেছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০১ আগষ্ট, ২০২১, ০৩:৩৯
বিমানবন্দরে রকেট হামলার ফলে আফগানিস্তান সব ফ্লাইট বাতিল করেছে

সংগৃহীত ছবি

আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা করেছে তালেবান। শনিবার রাতে এই হামলা চালানো হয়। আজ রবিবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে এই হামলার কথা নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘কান্দাহার বিমানবন্দরকে লক্ষ্য করে আমরা হামলা করেছি। কারণ শত্রুরা আমাদের ওপর বিমান হামলা চালানোর জন্য এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে।’

বিমানবন্দরটির প্রধান মাসুদ পশতুন বলেন, শনিবার রাতে বিমানবন্দরকে লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে দুটি রকেট বিমানবন্দরের রানওয়েতে এসে পড়েছে। এ কারণে এই বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত রানওয়ে মেরামতের কাজ চলছে বলে জানান কান্দাহার বিমানবন্দরের প্রধান। আজ দিনের শেষ ভাগে বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হতে পারে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তালেবান কাবুলের ১১ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৪ আগষ্ট, ২০২১, ০৯:৫০
তালেবান কাবুলের ১১ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে

ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণের চর আসিয়াব শহরে পৌঁছে গেছে তালেবান। এরই মধ্য দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮টিই দখল করে নিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, আজ শনিবার চর আসিয়াব শহরে তালেবানের পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন লগার প্রদেশের আইন প্রণেতা হোদা আহমাদি। কাবুলের দক্ষিণের এই প্রদেশও চলে গেছে তালেবানের হাতে।

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও তৃতীয় বৃহত্তম শহর হেরাতও এখন তালেবানের দখলে। 

গতকাল বৃহস্পতিবার কয়েকটি শহর দখলে নেয় তালেবান। নতুন দখল করা শহরগুলোর মধ্যে রয়েছে কালাত, তেরেনকোট, পুল-ই-আলম, ফিরুজ কোহ, কালা-ই-নাও ও লস্করগাহ। এর মধ্যে লগার প্রদেশের রাজধানী হলো পুল-ই-আলম। এই শহর কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে।

বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরেও তীব্র আঘাত হেনেছে তালেবান। উত্তর আফগানিস্তানের এই শহরটি একসময় তালেবানের শক্ত ঘাঁটি ছিল। বালখ প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনির আহমেদ ফরহাদ জানিয়েছেন, চতুর্দিক থেকে শহরটিতে হামলা চালিয়েছে তালেবান। এর আগে গত বুধবার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি মাজার-ই-শরিফ সফর করেন। শহরটি রক্ষায় তিনি সেখানকার তালেবানবিরোধী যোদ্ধাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন।

এদিকে প্রাণ বাঁচাতে সংঘাতপূর্ণ এলাকা ও শহরগুলো থেকে হাজারো সাধারণ মানুষ নিরাপদে আশ্রয়ের আশায় রাজধানী কাবুলের দিকে ছুটছে। বাস্তুচ্যুত সাধারণ মানুষের জন্য আশপাশের দেশগুলোকে সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

লকডাউনের কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত ঘোষণা


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০৯:২৪
লকডাউনের কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত ঘোষণা

সংগৃহীত ছবি

করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত চলমান বিধিনিষেধ বা লকডাউনের কারণে সারাদেশে মাধ্যমিকের (এসএসসি) ফরম পূরণ স্থগিত করা হয়েছে। এক্ষেত্রে বিলম্ব ফি ছাড়া পুনরায় ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

সোমবার (৫ এপ্রিল) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত করা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

সময় বাড়ানো নিয়ে তিনি জানান, অধিকাংশের ফরম পূরণ হয়ে গেছে। তবে যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে মাধ্যমিকের ফরম পূরণ শুরু হয়, যা ৭ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারাদেশে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা জারি করেছে সরকার। জরুরি ও সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিকের ফরম পূরণও স্থগিত ঘোষণা করা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক