a ইরাকের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইরাকের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১১:৫৬
ইরাকের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ফাইল ছবি

ইরাকের উন্নয়ন ও বাস্তবিক অর্থে দেশটির সুউচ্চ অবস্থানে আরোহণ ইরানের জন্য কল্যাণকর বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেন, ইরাকের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা। একইভাবে ইরাকের নিরাপত্তা ওপর ইরানের নিরাপত্তার প্রভাব রয়েছে। যে পক্ষই ইরাকের নিরাপত্তা বিনষ্ট করতে চাইবে ইরান তার বিরুদ্ধে এবং ইরাককে রক্ষার জন্য বুক পেতে দেবে।

আজ মঙ্গলবার তেহরান সফররত ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আস-সুদানির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। ইরাকের প্রধানমন্ত্রীর উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘প্রাকৃতিক সম্পদ, মানব শক্তি এবং সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে সমৃদ্ধ অতীত বিবেচনায় ইরাক হচ্ছে আরব অঞ্চলের শ্রেষ্ঠ দেশ। তাদের অতীত এত সমৃদ্ধ হওয়ার পরও দুঃখজনকভাবে দেশটি এখনও প্রকৃত সুউচ্চ অবস্থানে পৌঁছাতে পারেনি। আশা করা যায় সুদানির কারণে দেশটির উন্নয়ন ঘটবে এবং সঠিক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।’

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, ‘ইরাকের এমন শত্রু  রয়েছে যারা দেশটির উন্নয়ন চায় না। তারা প্রকাশ্যে এই শত্রুতার কথা বলে না। কিন্তু জনাব সুদানির সরকারের মতো সরকার তাদের কাছে গ্রহণযোগ্য নয়। জনগণ এবং ঐসব উদ্যমী ও উৎসাহী মানুষের ওপর নির্ভর করে শত্রুদেরকে দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে যারা দায়েশ বা আইএসের মতো অত্যন্ত মারাত্মক মহাবিপদ ঠেকাতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’ সূত্র: পার্সটুডে/বিডি প্রতিদিন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার জেরে খাদ্যশস্য রপ্তানির নিরাপত্তা স্থগিত


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ১০:৩৫
কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার জেরে খাদ্যশস্য রপ্তানির নিরাপত্তা স্থগিত

ফাইল ছবি

 
কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনকে ব্রিটেন সহায়তা করেছে বলে দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ড্রোন হামলার জের ধরে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব স্থগিত করে দিয়েছে রাশিয়া।

ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোল বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার কাজে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর মোতায়েন করা হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী বলেছে, সেভাস্তোপোল উপকূলে ওই নৌবহরের ওপর একটি ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝাইয়েভ বলেছেন, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে কয়েক ঘণ্টা ধরে সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে।

তিনি বলেন, যতগুলো ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, তার সব ভূপাতিত করা হয়েছে এবং কোনো বেসামরিক স্থাপনার ক্ষতি হয়নি। হামলায় কেউ হতাহতও হয়নি বলে রাজভোঝাইয়েভ দাবি করেছেন।

ক্রিমিয়া উপদ্বীপের সবচেয়ে বড় শহরের ওপর ওই ড্রোন হামলার জন্য ব্রিটেন ও ইউক্রেন উভয়কে দায়ী করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের ওচাকিভ শহরের মোতায়েন ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ওই ড্রোন হামলা চালানো হয়েছে।

রাশিয়া আরও বলেছে, ইউক্রেনের বন্দরটি দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ওই রুশ বহর মোতায়েন করা হয়েছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ড্রোন হামলার জের ধরে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব স্থগিত করে দিয়েছে রাশিয়া। তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ব্রিটেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভুয়া ১০ হাজার মুক্তিযোদ্ধার সনদ বাতিল


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৯
ভুয়া ১০ হাজার মুক্তিযোদ্ধার সনদ বাতিল

ফাইল ছবি

মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে ১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। 

শনিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমন তথ্য জানান। 

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয় এবং প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। নুরুন্নবী চৌধুরী তার প্রশ্নে দেশের মুক্তিযোদ্ধার সংখ্যা জানতে চাওয়ার পাশাপাশি কতজন ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হয়েছে তা জানতে চান। 

জবাবে আ ক ম মোজাম্মেল হক জানান, দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন। ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে যাদের নাম বেসামরিক গেজেটে প্রকাশিত হয়েছিল যাচাই-বাছাই করে প্রায় ১০ হাজার বেসামরিক গেজেট বাতিল করা হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধাদের নতুন অন্তর্ভুক্তি এবং অভিযুক্ত ব্যক্তিদের নাম বাতিল সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উল্লেখ করেন।

সরকার দলের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ইস্যুকৃত সাময়িক সনদের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ডিজিটাল সনদ (স্থায়ী সনদ) এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড প্রদান করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

ডিজিটাল সনদ তৈরি সম্পন্ন হলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একযোগে বিতরণ করা হবে বলে জানান তিনি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক