a হেফাজত ইসলাম ১১ বিশিষ্ট নাগরিকের বিবৃতির জবাব দিয়েছে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

হেফাজত ইসলাম ১১ বিশিষ্ট নাগরিকের বিবৃতির জবাব দিয়েছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ০৭:২১
হেফাজত ইসলাম ১১ বিশিষ্ট নাগরিকের বিবৃতির জবাব দিয়েছে

সংগৃহীত ছবি: হেফাজতে ইসলাম বাংলাদেশের দলীয় প্রতীক

সম্প্রতি দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছেন তা ‘অমানবিক ও উস্কানিমূলক’ বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।  

আজ বুধবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 
 
আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ প্রতিবাদী জনতার আন্দোলনের বিরুদ্ধে একদল গণবিচ্ছিন্ন তথাকথিত বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে আমরা অমানবিক, উস্কানিমূলক ও গণবিরোধী বলে আখ্যায়িত করছি। এই বিবৃতি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদের নির্লজ্জ দালালির প্রমাণ বহন করে।

বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলামের আহ্বানে দেশব্যাপী পালিত শান্তিপূর্ণ বিক্ষোভ ও হরতালের কর্মসূচি চলাকালে প্রতিবাদকারী আলেম সমাজ, মাদ্রাসার ছাত্র ও ধর্মপ্রাণ মানুষদের ওপর বিনা উস্কানিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানোর পর তীব্র গণপ্রতিরোধ গড়ে ওঠে। 

পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে তারা একতরফাভাবে প্রতিবাদী জনতার গণপ্রতিরোধকে তথাকথিত ‘তাণ্ডব’ আখ্যা দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, আপনারা এতই অন্ধ যে, আপনাদের বিবৃতিতে পুলিশের গুলিতে শহিদ হওয়া ১৭ জন নাগরিকের প্রতি কোনো ধরনের মানবিক সমবেদনা প্রকাশ করেননি। বরং আপনারা বিবেক-বুদ্ধি জলাঞ্জলি দিয়ে দালালির নজরানা পেশ করেছেন। প্রতিবাদী ধর্মপ্রাণ গণমানুষের ওপর ‘সর্বশক্তি প্রয়োগের' আহ্বান জানিয়ে প্রকারান্তরে ক্ষমতাসীনদের মানুষ হত্যার উৎসাহ দিয়েছেন। 

এজন্য ভবিষ্যতে আপনাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি। 
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না: আব্দুর রহমান


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ২০ আগষ্ট, ২০২২, ০৫:৩৫
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না আব্দুর রহমান

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেছেন, ‌‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের দলের কেউ না। তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।’

আজ শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী ভারত নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। আওয়ামী লীগ জনগণের দল, সুতরাং কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, সেটি করতে ভারতবর্ষ সরকারকে অনুরোধ করছি।’

তার এসব বক্তব্যে দেশে সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা। এতে আওয়ামী লীগও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মৃত্যু গুজবের পর বারাদারের বিবৃতি প্রদান


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫
মৃত্যু গুজবের পর বারাদারের বিবৃতি প্রদান

ফাইল ছবি

তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও বর্তমানে উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারের মৃত্যু গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোমবার এক অডিও বিবৃতিতে তিনি জীবিত আছেন বলে জানিয়েছেন।

তালেবানের পোস্ট করা ওই অডিও বিবৃতিতে বলা হয়, এটা একটা ‘ভুয়া প্রোপাগান্ডা’। গত সপ্তাহেই বারাদার নতুন আফগান সরকারে মোল্লা মোহাম্মদ হাসানের পরই স্থান পেয়েছেন।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়া খবরে বলা হয়, আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসে তালেবানের বিদ্রোহীদের সাথে গুলি বিনিময়ে মারাত্মকভাবে আহত হন।

সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবর এসেছে উল্লেখ করে অডিও বার্তায় বারাদার বলেন, ‘গত কয়েক রাত ধরে আমরা ভ্রমণে রয়েছি। এ মুহূর্তে আমরা যেখানে রয়েছি, সেখানে আমরা ভাই-বন্ধু সবাই ভালো আছি।’

তিনি বলেন, ‘মিডিয়ায় সর্বদাই মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে। যা হোক, এসব মিথ্যা প্রত্যাখ্যান করুন এবং আমি ১০০ শতাংশ নিশ্চিত করতে চাই, এমন কোনো ঘটনাই হয়নি এবং আমরা কোনো সমস্যায় নেই।’

এর আগে তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা নিয়েও এরকম গুজব  ছড়ানো ছড়িয়েছিল। বলা হয়েছিল, তিনি কয়েক বছর আগে মারা গেছেন। সূত্র : এএফপি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি