a কাবুল বিমানবন্দরে হামলার জেরে জো বাইডেনের পদত্যাগ চাইছে মার্কিন জনতা
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

কাবুল বিমানবন্দরে হামলার জেরে জো বাইডেনের পদত্যাগ চাইছে মার্কিন জনতা


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৯ আগষ্ট, ২০২১, ০৮:৪৩
কাবুল বিমানবন্দরে হামলার জেরে জো বাইডেনের পদত্যাগ চাইছে মার্কিন জনতা

ফাইল ছবি

কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১০০ জনের ওপর মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত‌্যাগের দাবি জোরাল হল। 

জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিক্কি হ‌্যালি টুইট করে বলেন, "বাইডেন কি এবার পদত‌্যাগ করবেন, নাকি তাকে সরানো হবে? তবে বাইডেন সরে গেলে যদি কমলা হ‌্যারিস প্রেসিডেন্ট হন, তাহলে তা দশগুণ খারাপ হবে। স্রষ্টা আমাদের রক্ষা করুন।"
 
নিক্কির এই টুইটের পরে রিপাবলিকান পার্টির একাধিক কংগ্রেস ম্যান টুইট করে বাইডেনের পদত‌্যাগ দাবি করতে থাকেন। বাইডেনের সঙ্গে সঙ্গে তারা কমলা হ‌্যারিস ও বিদেশ সচিব অ‌্যান্টনি ব্লিঙ্কেনেরও পদত‌্যাগ দাবি করেন। রিপাবলিকান সাংসদরা বলতে থাকেন, যদি একটা ফোনের জন‌্য ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হয়ে থাকে, তাহলে কেন বাইডেনের ইমপিচমেন্ট হবে না।

আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত‌্যাহার করা হয়েছে, তা বাইডেনের চরম গাফিলতি বলে রিপাবলিকান দলের নেতারা জানাতে থাকেন। বস্তুত, আফগানিস্তান ইস্যুতে বাইডেনের ব‌্যর্থতার জন‌্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পদত‌্যাগ চেয়েছিলেন। রিপাবলিকান কংগ্রেস ম‌্যানরা অবিলম্বে মার্কিন কংগ্রেসের অধিবেশন দাবি করলেও স্পিকার ন‌্যান্সি পেলোসি তা উড়িয়ে দিয়েছেন।

আফগানিস্তানে মার্কিন সেনার মৃত্যু শেষবার হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। তার কয়েক সপ্তাহ বাদেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে চুক্তি করেন, যাতে মার্কিন বাহিনীর উপর তারা কোনও হামলা না করে। ফলে গত বৃহস্পতিবার কাবুলের বিস্ফোরণে ১৩ মার্কিন সেনার মৃত্যু বাইডেনকে চরম অস্বস্তিতে ফেলেছে।

তালেবান যেভাবে আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে, তাতে গোটা বিশ্বের সঙ্গে মার্কিন জনতারও একটি বড় অংশ বাইডেনের উপর ক্ষুব্ধ। কাবুলের বিস্ফোরণ সেই ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র- ফক্স নিউজ, দ্যা নিউজ এন্ড অবজারভার।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

‘শত্রুরা স্বপ্নেও এখন ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না’


আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ০৮:১৯
‘শত্রুরা স্বপ্নেও এখন ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না’

ফাইল ছবি: ইরানের আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি

শত্রুরা স্বপ্নেও এখন ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। 

তিনি বলেছেন, ইরানিরা যে শত্রুকে পরাজিত করতে সব দিক থেকে প্রস্তুত তারা তা ভালো করেই জানে। কারণ তারা ইরানি জাতির দৃঢ়তা প্রত্যক্ষ করেছে। মঙ্গলবার ইয়াজদ প্রদেশের শহীদদের স্মরণে আয়োজিত দ্বিতীয় জাতীয় কংগ্রেসে আইআরজিসি প্রধান এসব একথা বলেন। 

সালামি বলেন, শত্রুরা ইরানি জাতি ও ইসলামী বিপ্লব ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে। তারা বিভিন্নভাবে আমাদের সামরিক সংঘাতেও জড়িয়েছে কিন্তু তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। এখন তাদের কল্পনাতেও আর ইরানে হামলার বিষয়টি স্থান পায়না।

আইআরজিসি’র এই কমান্ডার আরও বলেন, সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরানে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে। অপরদিকে শত্রুদের জন্য ইরান কঠিন পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১১ জুন, ২০২৩, ১১:৩৯
জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

ফাইল ছবি: ওবায়দুল কাদের

অগ্নি-সন্ত্রাস করতে জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের আসল মুরুব্বী বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের আসল মুরুব্বী বিএনপি। এর মানে তারা আবারও অগ্নি-সন্ত্রাস ও ভাঙচুরের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

ওবায়দুল কাদের শনিবার (১০ জুন) বিকেলে রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তো তাদের ডাকছি না। সাধিলে আবার খাইব। তত্ত্বাবধায়ক মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে, পার্লামেন্ট বিলুপ্ত করলে কার সাথে বসবে? বাতাসের সঙ্গে সংলাপ করবে সরকার পদত্যাগ করলে? মির্জা ফখরুল ইসলাম অবান্তর কথা বলে যাচ্ছেন।’
 
তিনি বলেন, ‘দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে- বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ ও পার্লামেন্টের বিলুপ্তি- এই তিন ভূত নামাতে হবে।’
  
মার্কিন ভিসানীতিকে আওয়ামী লীগ সরকার ভয় পায় না- জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। অপকর্ম করলে বিএনপিকে এর মূল্য দিতে হবে।’

বিএনপি সমাবেশের নামে পিকনিক পার্টি করে উল্লেখ করে- ওবায়দুল কাদের বলেন, ‘আবার পদযাত্রা করবে। তাদের শরিক হলো ৫২ দল। ভিতরে ভিতরে অনেকেই ভেগে গেছে। এখন কত দলের জগাখিচুড়ি ঐক্য। যে ঐক্যে নেতা নেই, মানুষ নেই- সে আন্দোলন গণ-আন্দোলনে রুপ নিবে না।’
 
আন্দোলনে নেতা লাগে- জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির দুই নেতাই দণ্ডিত। এদের একজন হাসপাতালে, অন্যজন পালিয়ে লন্ডনে। প্রতিদিন সেখান থেকে অনলাইনে ফরমায়েশ দিচ্ছে। আদালতের রায় না মেনে টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ পাঠাচ্ছে।’
 
বিএনপির পলাতক নেতা তারেক রহমানের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণ-আন্দোলন চাইলে, গণ-আন্দোলনের ঢেউ চাইলে, সৎ সাহস থাকলে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে- কে হারে, কে জিতে। আমরা মাঠে থাকব, মোকাবিলা করব।’
 
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ভবিষ্যৎবাণী করছেন যে- আওয়ামী লীগ নাকি ১০ ভাগ ভোটও পাবে না। ২০০৮ এর নির্বাচনে তারা বলেছিল- আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। সে নির্বাচনে তারাই ৩০টি আসন পেয়েছে।’

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এতই যদি বুকে বল নির্বাচনে আসেন, খেলা হবে। আসেন খেলার মাঠে। খেলার মাঠে না এসে ফাউল শুরু করেছেন, লাফালাফি বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ খেলার মতো খেলতে নামলে আপনাদের পালানোর পথ থাকবে না।’ সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক