a
ফাইল ছবি
আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে নতুন সরকারের স্থায়ীত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মন্তব্য করেছিলেন, তার জবাবে মুখ খুললো তালেবান। তালেবান নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শিগগিরই জানতে পারবে।
আজ বৃহস্পতিবার রেডিও পাকিস্তানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শাহাবুদ্দিন দিলওয়ার হুঁশিয়ারি দিয়ে মোদি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। একই সঙ্গে তিনি বলেন, শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে তালেবান সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।’
এসময় তিনি আফগানিস্তানের ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ায় জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১ সপ্তাহ আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, সন্ত্রাসের ওপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে। তবে তার অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না। গত ২০ আগস্ট নরেন্দ্র মোদি এক টুইটার পোস্টে এসব কথা বলেছিলেন। সূত্র: পার্সটুডে।
ফাইল ছবি
তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাত্রা করেছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ। চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনার মধ্যেই রবিবার (২৮ আগস্ট) এমন ঘটনা ঘটলো। এ নিয়ে চরম আপত্তি জানিয়ে আসছে চীন। পাশাপাশি যুদ্ধজাহাজ গুলোকে পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে চীন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌ বাহিনী।
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ইউএসএস অ্যান্টিটাম’ এবং 'ইউএসএস চ্যান্সেলরসভিল' রুটিন অনুযায়ী তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রণালি দিয়ে জাহাজের ট্রানজিট মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন করেছে মাত্র। আন্তর্জাতিক আইন মেনেই তা পরিচালনা করা হয়েছে।
চীনের হুঁশিয়ারি উপক্ষে করে চলতি মাসে তাইওয়ান সফর করেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ানকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করে চীনা সামরিক বাহিনী। এতে অঞ্চলটিতে যুদ্ধাব্স্থা তৈরি হয়। এদিকে তাইওয়ানের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সম্প্রতি নিয়মিত তাইওয়ান প্রণালিতে প্রবেশ করতে দেখা গেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডার মতো দেশগুলোর যুদ্ধজাহাজ। যদিও এসব এলাকা নিজেদের দাবি করে আসছে বেইজিং। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
কুমিল্লার লাকসামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে তিনগুণ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় লাকসামে ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯ জনের নতুন করে করোনা পজেটিভ আসে। যা আগের দিনের তুলনায় প্রায় তিনগুণের বেশি।
নতুন আক্রান্তদের মধ্যে পৌরসভার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন।
এ ঘটনায় উপজেলা শিক্ষা প্রাশাসনের পক্ষ থেকে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল সোমবার এখানে ১০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫ জনের করোনা শনাক্ত হয়।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই উপজেলায় মঙ্গলবার ২১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী। তাদের মধ্যে পৌর এলাকার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৮ জন করোনায় আক্রান্ত।
আক্রান্ত শিক্ষকরা হলেন, স্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী সাহা, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা রানীর তথ্য মতে, শনিবার আমি ও আমার এক সহকারী জ্বরের কারণে ছুটি কাটিয়েছি। রবিবার প্রতিষ্ঠানে উপস্থিত হই, পরের দিন আরও দুই শিক্ষককে অসুস্থতা অনুভব করতে দেখি। মঙ্গলবার স্কুলে আসার আগেই আমি এবং আমার স্বামী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করতে যাই। পরীক্ষায় আমাদের দুই জনেরই রেজাল্ট পজিটিভ আসে। পরে স্কুলে এসে পুরুষ শিক্ষকদের করোনা পরীক্ষা করতে পাঠাই। তাদেরও রেজাল্ট পজিটিভ আসায় নারী শিক্ষকদের পরীক্ষা করা হয়, তাদেরও রেজাল্ট পজিটিভ আসে। বিষয়টি লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন স্যারকে অবহিত করি। পরবর্তীতে তিনি স্কুল বন্ধের ঘোষণা দেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। তাছাড়া রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ সর্বদা তৎপর রয়েছে বলে জানান তিনি।
লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন আরো জানান, আমরা দুপুর ১২টায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
এছাড়াও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম সাইফুল আলম, পৌরসভার প্রধান নির্বাহী অফিসার (সিইও) নিলুফার ইয়াসমিন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আহমেদও করোনায় আক্রান্ত। তারা সকলেই হোম আইসোলেশনে আছেন। সূত্র: বিডি প্রতিদিন