a ইসরাইল স্পাইওয়্যার কেলেঙ্কারি সামলাতে ‘টাস্ক ফোর্স’ গঠন করেছে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসরাইল স্পাইওয়্যার কেলেঙ্কারি সামলাতে ‘টাস্ক ফোর্স’ গঠন করেছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ০৬:০১
ইসরাইল স্পাইওয়্যার কেলেঙ্কারি সামলাতে ‘টাস্ক ফোর্স’ গঠন করেছে

ফাইল ছবি

ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি করা স্পাইওয়্যার পেগাসাসের কেলেঙ্কারি ঠেকাতে ‘টাস্ক ফোর্স’ গঠন করেছে দেশটি।

বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর তা সামাল দিতে এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। খবর রয়টার্সের।

ইসরাইলের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক গোয়েন্দা বিভাগ ও জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্য দিয়ে পেগাসাস কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এনএসও গ্রুপ থেকে এই স্পাইওয়্যার কিনে নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়ে আসছে ‘কর্তৃত্ববাদী’ সরকারগুলো।

ইসরাইলের সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার রাতে জানায়, এই টাস্ক ফোর্স খাতিয়ে দেখবে স্পর্শকাতর সাইবার সরঞ্জামাদি বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের ‘নীতি পরিবর্তন’ দরকার আছে কিনা।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কর্তৃত্ববাদী’ সরকারগুলোর কাছে পেগাসাস স্পাইওয়্যার বিক্রির খবর ফাঁসের পর ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বেড়েছে।

তাছাড়া এনএসওর গ্রাহকদের সংগ্রহ করা তথ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রবেশাধিকার আছে কি না, সে প্রশ্নও উঠেছে, যদিও ইসরাইল এবং এই নজরদারি প্রতিষ্ঠান উভয়ই এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেন, এনএসওর পেগাসাস প্রকল্পের কথা জানাজানি হওয়ার পর তাদের সরকার বিষয়টি ‘খতিয়ে’ দেখছে।

আমরা সাইবার পণ্য রপ্তানির অনুমোদন দিয়েছি শুধু বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করতে এবং শুধু আইনসম্মতভাবে তা ব্যবহারের জন্য।

পেগাসাস স্পাইওয়্যার কোথাও বিক্রির ক্ষেত্রে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় তথা সরকারের অনুমোদন নিতে হয়।

অপরাধীদের ওপর নজরদারি চালাতে তা শুধু সরকারি কোনো সংস্থার কাছেই বিক্রি করা হয়। আর তার আগে সংশ্লিষ্ট দেশের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখে ইসরাইল সরকার।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

পাকিস্তান আরও একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল 


আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, ২৭ মার্চ, ২০২১, ১১:৪৮
পাকিস্তান আরও একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল 

ফাইল ফটো

পাকিস্তান আরও একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহিন-ওয়ান এ নামের এ ক্ষেপণাস্ত্রের পাল্লা নয়শ কিলোমিটার (৫৫০ মাইল)। 

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন নকশা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়।  

বিবৃতিতে আরও বলা হয়, দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন এ ক্ষেপণাস্ত্রের সহিত সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ওবায়দুল কাদের করোনা নিয়ে কবিতা আবৃত্তি করলেন


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৬:০৮
ওবায়দুল কাদের করোনা নিয়ে কবিতা আবৃত্তি করলেন

ওবায়দুল কাদের

করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে কবিতা আবৃত্তি করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কবিতাটির আবৃত্তি একটি ভিডিও শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন তিনি। 

ওবায়দুল কাদেরের কবিতাটি নিচে তুলে ধরা হলো-
 
সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে
 করোনা এসেছে পৃথিবীজুড়ে
 কোভিডে কাঁপছে আজ সারা পৃথিবী
 কাঁপছে আমেরিকা, কাঁপছে লাতিন আমেরিকা
 কাঁপছে আফ্রিকা, কাঁপছে এশিয়া
 ভারত কাঁপছে, কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ  
 জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই
 জরুরি শয্যার জন্য দুনিয়াজুড়ে হাহাকার
 সম্মুখসারির যোদ্ধারা সামাল দিতে হিমশিম  
 দেশে দেশে সংক্রমণ কেবল বাড়ছেই
 বাড়ছে মৃত্যুর হার
 কত আপন মানুষ এরই মধ্যে
 করোনার কালগ্রাসে চিরদিনের মতো বিদায় নিয়েছে
 এই আলোছায়ার সুন্দর পৃথিবী ছেড়ে
 সন্তান হারানোর কান্না
 স্বামী হারানো বধূর ফরিয়াদে  
 বোন হারা ভাইয়ের আর্তনাদে
 সারা পৃথিবীর আকাশ ভারী
 নতুন নতুন ধরন এসে ভয়ংকর রূপ নিয়েছে করোনা
 এইতো সেদিন আমাদের কাছের মানুষ
 মতিন খসরুর শেষবিদায়ের বিষাদ সংবাদ পেলাম
 এক দিনেই সর্বোচ্চ ৯৬ জন চলে গেল মৃত্যুর মিছিলে

সকালে ঘুম ভাঙলেই নতুন নতুন মৃত্যুর সংবাদ আর সংক্রমণ খবর
জীবনে যারা এত কাছের মানুষ
প্রাণঘাতী প্যান্ডেমিক তাদের কত দূরে সরে নিয়ে যায়
এ রোগীদের কাছে আসতে ভয়
ফুল জোটে না কফিনে
মৃতের সৎকারেও আপন মানুষেরা কাছে ভেড়ে না
দূর থেকে কেবল নিশ্চিত শূন্যতায় হৃদয় ভারাক্রান্ত হয়
করোনা প্রতিরোধে সারা দুনিয়ায় আজ লকডাউন চলছে
চলছে রাত্রিকালীন কারফিউ
পৃথিবীজুড়ে গরিব আরও গরিব হচ্ছে
বাড়ছে নিঃস্ব মানুষ, ভাসমান মানুষ
বাড়ছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল
বাংলাদেশে লকডাউন মানতে চায় না মানুষ
মাস্ক পরতেও নিদারুণ অনাগ্রহ
স্বাস্থ্যবিধির প্রতি সাংঘাতিক অবহেলা
ভ্যাকসিনেও হার মানছে না করোনা
এ ভয়ংকর ভাইরাসকে হারাতেই হবে
স্বাস্থ্যবিধির শাণিত হাতিয়ারই কেবল হারাতে পারে প্রাণঘাতী করোনাকে
করোনা দিনে দিনে হয়ে উঠছে আরও হিংস্র
আরও প্রতিশোধপরায়ণ
তবু মানুষ সর্বত্রই বেপরোয়া
আর হাটেবাজারে ফেরিঘাটে
বেপরোয়া মানুষের ছুটন্ত মিছিল চোখে পড়ে প্রতিদিন
সরকারি বিধিনিষেধ পুরোপুরি মানছে না মানুষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আহ্বানেও উপেক্ষা
নানা ফাঁকফোকরে শহর থেকে গ্রামের দিকে অনিশ্চিত অভিযাত্রা
যেন বিরাম নেই
অপ্রয়োজনীয় ঘোরাঘুরির প্রবণতাও অপ্রতিরোধ্য
আসুন আমরা অদৃশ্য এই শত্রু করোনার বিরুদ্ধে
ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি

সম্মিলিত শক্তি দিয়ে আসুন আমরা প্রতিহত পরাজিত করি
প্রাণঘাতী করোনাকে
সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই
ভুলে গেলে চলবে না
সরকারকে ফাঁকি দিলেও করোনাকে ফাঁকি দেওয়া যায় না
সামান্য উদাসীনতায় এ সংক্রমণে অকালমৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে
করোনা এখন তরুণদেরও ছাড়ছে না
করোনার করাল গ্রাস থেকে ধনী দরিদ্র, বড় ছোট কারও রেহাই নেই
এখন আর কোনো রাজনীতি নয়
এখনকার রাজনীতি হচ্ছে সচেতনতার দুর্গ গড়ে তোলা
করোনাকে প্রতিরোধ করা
আসুন আমরা দলবল শ্রেণি পেশা নির্বিশেষে
আমাদের সকলেই সুরক্ষার স্বার্থে
প্রাণঘাতী করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে অবতীর্ণ হই 
জয় আমাদের হবেই ইনশাআল্লাহ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক