a আওয়ামী লীগ-যুবলীগ-কৃষক লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থান ও বিক্ষোভ
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আওয়ামী লীগ-যুবলীগ-কৃষক লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থান ও বিক্ষোভ


নিউজ ডেস্ক:
রবিবার, ২৮ মার্চ, ২০২১, ০১:২৬
আওয়ামী লীগ-যুবলীগ-কৃষক লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থান ও বিক্ষোভ

সংগৃহীত ছবি

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা।

রবিবার (২৮ মার্চ) সকাল থেকে তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগানে হরতালের প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ‘এ হরতাল সম্পূর্ণ অবৈধ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের যে ভূমিকা ছিল তা বাংলাদেশ চিরদিন স্মরণে রাখবে এবং রাখছে। বাংলাদেশের স্বাধীনতাকে যারা স্বীকার করে না, স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত হেফাজতের ব্যানারকে ব্যবহার করে তারা হরতালের ইন্ধন জুগিয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সহ-সভাপতি ইব্রাহীম মোল্লা জানান, ‘অবৈধ হরতাল ও অনৈতিক দাবির বিপক্ষে আমরা রাজপথে আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করে যে কোনো প্রকার নাশকতা এবং তাণ্ডবকে প্রতিহত করে এসব অপশক্তিকে বিতাড়িত করব ইনশাল্লাহ। আজ সারাদিন রাজপথে আমাদের অবস্থান থাকবে।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সিন্ডিকেটের থাবা টিসিবি পণ্যেও: মির্জা ফখরুল


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ০৪:১০
সিন্ডিকেটের থাবা টিসিবি পণ্যেও: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রমজানে নিত্যপণ্যের দাম সরকারের প্রতিষ্ঠান টিসিবিই বাড়িয়ে দিয়েছে। বরাবরের মতো এবারও সিন্ডিকেট দাম বাড়িয়েছে। দাম বৃদ্ধি সবসময় থাকলেও তা নিয়ন্ত্রণের চেষ্টা ছিল। কিন্তু এখন তা আর দেখা যাচ্ছে না।

মঙ্গলাব দুপুরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, আগে রমজানের সময় টিসিবি পণ্যের দাম নিয়ন্ত্রণ করত, সাধারণ মানুষের ক্রয় সীমায় রাখার চেষ্টা করত। এবার ওই টিসিবি-ই পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। রমজানকে সামনে রেখে সব পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন যে সবজি, মাছ, মুরগি, গরুর গোশত, খেজুর, সব কিছুর দাম এখন ক্রয় সীমার বাইরে।

তিনি আরও বলেন, সরকার ২০০৮ সালে নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল, ১০ টাকা কেজি চাল খাওয়াবে। আর এখন চালের দাম কত সবাই জানে। এটার একটা উদ্যোগও তারা নিয়েছিল, তবে সাধারণ মানুষ নয় আওয়ামী লীগের লোকজন এর সুবিধা পেয়েছে। 

বিএনপির মহাসচিব বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কল্যাণে তাদের কোনো কার্যক্রম নেই। জনগণের কল্যাণের চিন্তা তারা কখনও করে না।

ফখরুল বলেন, সরকার লকডাউনের নামে অকার্যকর শাটডাউন তৈরি করেছে। কিসের লকডাউন? লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনগুলোতে হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছে। কাজ ও খাদ্য নিরাপত্তার অভাবে এসব মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা লকডাউনের বিরোধিতা করছি না, আমরা বলছি, অকার্যকর একটা শাটডাউন এটা। যে যেভাবে পারছে যাচ্ছে। পোশাককারখানা খোলা রাখছে, অথচ ব্যাংক বন্ধ রাখছে। মূলত সরকারের কাজে কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই। কোনো রোডম্যাপ নেই। এই যে সাত দিন লকডাউন, তার পরে কী হবে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকারের দুর্নীতি চরম পর্যায়ে যাওয়ার কারণে, এক দলীয় শাসনের কারণে এডমিনিস্ট্রেশনসহ কোথাও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ফখরুল বলেন, বিএনপির লোকজন, যারা বড় ব্যবসায়ী ছিলেন তারা গত কয়েক বছরে আওয়ামী লীগের দু্ঃশাসনে সবাই নিঃস্ব হয়ে গেছে। সারা দেশে এ করুণ চিত্র। যারা ঢাকা শহরে মোটর সাইকেলে রাইডিং করে তারা গ্রাম থেকে এসেছে একটু আয়ের আশায়। তাদেরও আজ আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, ২৬ মার্চকে কেন্দ্র করে সরকার যা ঘটিয়েছে সেটাকে পুঁজি করে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই লকডাউনের মাঝেও বিরোধী দল ও বিরোধী মতের লোকদের দমন করে যাচ্ছে। বাক-স্বাধীনতার অধিকার সবার আছে, অথচ সরকার বিরোধী মত দমন করতে একের পর এক আইন করছে।

জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোথাও কোনো সরকার টিকে থাকতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, এমন নজির ইতিহাসে কোথাও নেই। এ সরকারও টিকে থাকতে পারবে না। আমরা আবারও আহ্বান জানাই জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। জনগণের অধিকার হরণ করে কেউ টিকে থাকতে পারেনি।

খালেদা জিয়ার বিষয়ে ফখরুল বলেন, সারা দেশের মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমরা সব সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় আমরা সবসময় বলছি একটা জাতীয় কমিটি করেন সব রাজনৈতিক দল, এনজিও ও সুশীল সমাজের সমন্বয়ে। সেটা সরকার করছে না, করবে না। কারণ এটা করলে তো তাদের যে লুটপাট, দুর্নীতি তা বন্ধ হয়ে যাবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ০৭:২৯
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফাইল ছবি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল বুধবার থেকে মাসব্যাপী পবিত্র রমজান শুরু হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।  

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। তাই আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে প্রথম রোজা। 

এদিকে মঙ্গলবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস। 

উল্লেখ্য, রমজান শেষেই দেখা মিলবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি